| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দেবাশিস শেঠ-এর ছোটদের ছোটগল্প ‘মিছিমিছির ঘর’

Reporter
দেবাশিস শেঠ / ৪০৩ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ৫ অক্টোবর, ২০২২

বর্ষার মুখ ভার করা কালো ঢাকনাটা সরে যেতেই যেন খিলখিল করে হেসে উঠেছে সারা আকাশ। সাদা মেঘের পাল তোলা নৌকোগুলো মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে ইচ্ছে মতো। কারা যেন মুঠো মুঠো সাদা আবির ছড়িয়ে দিয়েছে কাশ আর শিউলির বনে বনে। আর তার খুশিতেই নেচে উঠেছে মাঠ ঘাট। হবে না! শরৎ এসেছে যে। উৎসবের খবর নিয়ে এসেছে বাতাসের সুগন্ধ, খবর পৌঁছে দিচ্ছে রামধনু রং আকাশ।

খবর যে এসেছে তা শুধু জানতে পারছে বেনে-পুকুরের রংবাহারি শাপলা শালুক। আর জানতে পারছে টুম্পা নামের সেই মেয়েটি। সে এখন পুকুর ঘাটে। রাজ্যের কাজ ফেলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ যে তার বন্ধু হয়, কত গল্প বলে। কখনো বাঘ সিংহের, কখনো বা শিংওয়ালা দৈত্যের রূপকথার। আকাশের গায়ে গায়ে আঁকা হয়ে যায় তাদের ছবি। বাপটু, বাবাই, মিষ্টু, মোম তারা অবশ্য এত শত খবর জানে না। কি করে জানবে? ওদের যে পরীক্ষা চলছে, বই থেকে মুখ তোলবার জো-টি নেই। সকালে টিউটোরিয়াল, দুপুরে ইস্কুল তারপর আবার প্রাইভেট। সময় কোথায় আকাশের দিকে তাকাবার, বাতাসের গন্ধ নেবার? টুম্পারও অবশ্য খুব সময় নেই। পড়াশোনা না থাকলে কি হবে, কর্তাদের বাড়িতে বাসন মাজা, ঘর মোছা আরো কত কি কাজ করতে হয় তাকে। ইচ্ছে থাকলেও ইস্কুল যাওয়া হয়ে ওঠেনি তার। আর সবার মত তার বাবা নেই কিনা! থাকলে হয়তো বই খাতা কিনে দিতেন, স্কুলে ভর্তি করে দিতেন।

দেখতে দেখতে পুজো এসে গেল। স্কুলের ছুটি পড়তেই বাট্টু, বাবাইরা মেতে উঠল পুজোর আনন্দে। মন্ডপে মন্ডপে ঝলমলে সব ঠাকুর এসে গেছে। বাড়িতে এসেছে কত নতুন নতুন জামা কাপড়। ওরা সব কর্তা-বাড়ির ছেলে যে। ওদের তো কোন কিছুরই অভাব নেই। পুজোর কদিন ওরা খুব হইচই করে কাটাবে। টুম্পাকেও অবশ্য ওবাড়ি থেকে একটা নতুন জামা দেবার কথা ছিল। সেটা তার পাওনা। কিন্তু টুম্পা নেয়নি। আসলে তার বদলে সে টাকা চেয়েছে। তাকে অনেক টাকা জমাতে হবে কিনা! সে সেই টাকা দিয়ে নিজেদের একটা ঘর বানাবে। মাটির দেয়াল, খড়ের চাল, ছোট্ট একটা উঠোন। তাদের নিজেদের ঘর।

তার বাবা নেই বলে মাকে সবাই খুব অপমান করে, কেউ বাড়ির আশেপাশেও থাকতে দেয় না তাদের। কখনো রাস্তায়, কখনো শিবতলার ছোট্ট চালাটায় রাত কাটাতে হয়। বর্ষায় বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দেয় সবকিছু। শীতে শুধুমাত্র একটা ছেঁড়া কাঁথা জড়িয়ে শুয়ে থাকতে হয়। মায়ের যে আবার তাও নেই। নিজের কাঁথাটাই একটুখানি মায়ের গায়ে চাপিয়ে দিয়ে মাকে জড়িয়ে শুয়ে থাকে টুম্পা। কথায় কথায় লোকে তাদের ‘রাস্তার লোক’ বলে খোঁটা দেয়। মা দিনভর খেটেও টাকা জমাতে পারে না। তাই টুম্পা-ই জমাবে। তার পেট ভরে খাওয়ার দরকার নেই, নতুন জামা কাপড়েরও দরকার নেই। শুনে অবশ্য হোঃ হোঃ করে হেসে উঠেছিল কেষ্ট কাকা। ‘ঘর বানানো কি এত সহজ? সে অনেক টাকার ধাক্কা!’ সেই থেকে আর কারো কাছে সে বলে না কথাটা। কিন্তু সামান্য পয়সা পেলেও জমিয়ে রাখে।

কর্তাদের বাড়ি থেকে ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই। গ্রাম ছেড়ে শহরের দিকেও যাবে। টুকটাক ফাই-ফরমাস খাটার জন্য টুম্পাকেও সঙ্গে নিয়েছে ওরা। এমনিতে ঠাকুর দেখতে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না তার। সবার সঙ্গে সঙ্গে দুগ্গা মাকে হাত তুলে প্রণাম করলেও তাকে কখনো তার ‘মা’ বলে মনে হয় না। তার মায়ের সঙ্গে যে কোন মিলই নেই দুগ্গা মায়ের। তার মা তো ওরকম ঝলমলে শাড়ি পড়ে না। তার গরিব মায়ের গায়ে যে একটাও গয়না থাকে না কোনদিন। ওতো বাপটু, বাবাইদের মা, ও তো মিষ্টু-মোমদের মা। বড়লোক বাড়ির ওই মা কি করে তার মা হবে? তবে তার মায়ের মুখটা আরো মিষ্টি। তার আদর মাখানো হাসির কাছে হার মেনে যাবে আর সব্বাই। এসব কথা অবশ্য মনে মনেই ভাবে টুম্পা, বলে না কাউকে।

গ্রামের সীমা ছাড়িয়ে তাদের গাড়ি যেই শহরে ঢুকলো বিস্ময়ে অবাক হয়ে গেল টুম্পা। এত আলোর রোশনাই! এত বড়ো বড়ো রাজবাড়ীর মতো মণ্ডপ, এত ঝলমলে সাজ পোশাক! সে খানিকটা হাঁপিয়েও উঠেছিল মনে মনে। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা মণ্ডপের সামনে এসে থমকে দাঁড়ালো সে। এটা যেন সবার থেকে অন্যরকম। একেবারে সাদামাটা একটা খড়ের চার চালার মধ্যে আটপৌরে পোশাক পরে দুগ্গা মা। মন ভরে গেল তার। পাশাপাশি কয়েকটা মাটির বাড়ি। ঠিক যেমনটি সে ভেবেছিল। মাটির দেয়াল, খড়ের চাল, ঝকঝকে তকতকে একটুখানি উঠোন। এসব দেখেই হাঁ হয়ে গেল সে। বলল, ‘এগুলো কাদের ঘর?’

ওরা বলল, ‘দূর বোকা, তাও জানিস না? এ তো মিছিমিছির ঘর। কেউ থাকে না এখানে। এ শুধু পুজোর কদিনের জন্য তৈরি করা।’

সে কি! তারপর কি হবে?

তারপর ভেঙে দেবে।

শুনেই মনটা ভারী হয়ে যায় টুম্পার। ভাবে, এমন একটা মিছিমিছির ঘর যদি কেউ দিয়ে দিত ওদের! আহারে! তাহলে বেশ হতো। কিন্তু কে বুঝবে ওদের কষ্ট? শুধু কর্তা বাবুরাই কেন, দুগ্গা মাও তো ‘মা’ নয় টুম্পাদের। তাদের কেউই না।

আপনার মতামত লিখুন :

5 responses to “দেবাশিস শেঠ-এর ছোটদের ছোটগল্প ‘মিছিমিছির ঘর’”

  1. ইমরান হোসেন says:

    দারুন

  2. বেবী কারফরমা says:

    মনে দাগ কাটলো

  3. বেবী কারফরমা says:

    মনে দাগ কাটলো

  4. দেবাশিস শেঠ says:

    সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev