
সারা বিশ্বেই স্বীকৃত যে আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। চারাগাছ থেকে যেমন সহসাই ফল-ফুল মেলে না, সুমিষ্ট ফল পেতে এবং সুবাসিত ফুলের জন্য যেমন চারাগাছকে অতি যত্নে লালন-পালন করে বড় করে তুলতে হয়, তেমনি শিশুদেরও প্রয়োজন সঠিক যত্ন ও পরিচর্যা। শিশুর প্রতি এই যত্ন ও দায়িত্ববোধের গুরুত্ব থেকেই শিশু দিবসের ধারণার জন্ম। শিশু দিবস পালনের প্রয়োজনীয়তা প্রথম উপলব্ধি করেছিলেন ড. চার্লস লিওনার্ড। ১৮৫৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের চেলসি শহরের ইউনিভার্সালিস্ট চার্চের যাজক ছিলেন। জুন মাসের দ্বিতীয় রবিবার শিশুদের কল্যাণ ও যত্নের জন্য বিশেষভাবে নির্ধারণ করেছিলেন তিনি। লিওনার্ড দিনটির নাম দিয়েছিলেন ‘রোজ ডে’ বা গোলাপের দিন। পরে দিনটি ‘ফ্লাওয়ার সানডে’ বা ফুলেল রবিবার নামে পরিচিত হয়। তারও পরে দিনটিকে ‘চিলড্রেনস ডে’ বা শিশু দিবস হিসেবে অভিহিত করা হয়।
আনুষ্ঠানিকভাবে শিশু দিবস পালনের ক্ষেত্রে তুরস্কের বিশেষ ভূমিকা রয়েছে। ১৯২০ সাল থেকে তুরস্কে ২৩ এপ্রিল দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। যদিও তখন তা কোনো রাষ্ট্রীয় ঘোষণার ভিত্তিতে পালিত হতো না। পরবর্তীকালে তুরস্কের জাতির জনক কামাল আতাতুর্ক ১৯২৯ সালে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শিশু দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। আন্তর্জাতিকভাবে শিশু দিবস পালনের বিষয়টি সামনে আসে ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে। এরপর ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। ভারত ও উরুগুয়ের উদ্যোগে গৃহীত এই প্রস্তাবে বিশ্বের সব দেশকে শিশু দিবস পালনে উৎসাহিত করা হয়। এই দিবস পালনের মূল উদ্দেশ্য ছিল প্রথমত, শিশুদের মধ্যে পারস্পরিক আদান-প্রদান ও বোঝাপড়ার মনোভাব গড়ে তোলা এবং দ্বিতীয়ত, রাষ্ট্রসংঘের সনদের আদর্শ অনুসরণ করে বিশ্বের শিশুদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

১৯৫৯ সালের ২০ নভেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে শিশু অধিকার ঘোষণা গৃহীত হয়। পরবর্তীকালে ২০ নভেম্বরকে বিশ্ব শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন তারিখে শিশু দিবস পালন করে আসছে। ভারতে প্রতি বছর ১৪ নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালন করা হয়। তবে নেহরুর মৃত্যুর আগে পর্যন্ত ভারতে রাষ্ট্রসংঘের ঘোষিত ২০ নভেম্বর তারিখেই শিশু দিবস পালিত হতো। ১৯৬৪ সালে নেহরুর মৃত্যুর পর তাঁকে যথাযথ সম্মান জানানোর উদ্দেশ্যে তাঁর জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকেই ১৪ নভেম্বর ভারতে ‘শিশু দিবস’ বা ‘বাল দিবস’ পালিত হয়ে আসছে।
পণ্ডিত জওহরলাল নেহরু শিশুদের খুব ভালোবাসতেন। অবসর সময় পেলেই তিনি শিশুদের সঙ্গে সময় কাটাতেন। শিশুরাও তাঁকে আদর করে ‘চাচা নেহরু’ বলে ডাকত। তাঁর শিশুপ্রেমের স্বীকৃতিস্বরূপ তাঁর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। জওহরলাল নেহরু বিশ্বাস করতেন, একটি জাতি গঠনে শিশুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পণ্ডিত নেহরু একবার বলেছিলেন, “আজকের শিশুরাই আগামীর ভারত তৈরি করবে। আমরা যেভাবে তাদের লালন-পালন করব, তা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।”
মানবজাতির মধ্যে সবচেয়ে অসহায় হলো শিশুরা। বড় হয়ে ওঠার জন্য তাদের বড়দের ওপর নির্ভর করতেই হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর যেকোনো দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরাই। সেই দুর্যোগ প্রাকৃতিক হোক কিংবা মানবসৃষ্ট — যে ধরনেরই হোক না কেন। তার ওপর রয়েছে অনেক ক্ষেত্রে শিশুদের প্রতি বড়দের দায়িত্বশীলতার অভাব, যথাযথ মনোযোগের ঘাটতি এবং সঠিক পরিচর্যার অভাব। তৃতীয় বিশ্বের তথা আফ্রিকার অনুন্নত দেশগুলোর অনেক জায়গায় শিশুদের প্রতি অবহেলার মাত্রা আরও বেশি। সেখানে শিশুরা নানা রোগ ও অপুষ্টির শিকার। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে কিংবা যুদ্ধকালীন পরিস্থিতিতে শিশুদের যে অপূরণীয় ক্ষতি হয় এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ যে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়, তা বলার অপেক্ষা রাখে না।
আজও আমাদের দেশের কোথাও কোথাও শিশুরা অবহেলিত থেকে যাচ্ছে। তাদের শিশুশ্রমে নিয়োজিত করা হচ্ছে। দুষ্টচক্রের হাতে পড়ে শিশুরা পাচারের শিকার হচ্ছে। কোথাও কোথাও শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। বই-খাতার পরিবর্তে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে নানা কাজের সরঞ্জাম। যে বয়সে তাদের বিদ্যালয়ে যাওয়ার কথা, খেলাধুলা করার কথা এবং আনন্দের মধ্য দিয়ে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই অনেক শিশুকে জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।
এটা পরম সত্য যে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক। তারাই একদিন সুনাগরিক হয়ে দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুরা অবহেলিত থাকলে ভবিষ্যৎ প্রজন্মের বিকাশ বাধাগ্রস্ত হবে এবং জাতির অগ্রগতি ব্যাহত হবে। শিশুদের বর্তমান অবস্থার উত্তরণ ঘটাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

শিশুদের প্রতি দায়িত্ববোধ তৈরির প্রয়োজনীয়তার কথা অনেকেই বলছেন। বিশ্বের প্রতিটি দেশই শিশুসমাজকে নিয়ে চিন্তাভাবনা ও চর্চা শুরু করেছে — কীভাবে তাদের সুন্দরভাবে গড়ে তোলা যায়, কীভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়। একটি সুন্দর মানবসমাজ গড়ে তোলার উদ্দেশ্যে শিশুদের সেভাবেই গড়ে তুলতে হবে। যেহেতু শিশুর মধ্যেই জাতির উন্নতি ও সমৃদ্ধির বীজ লুকিয়ে থাকে, তাই শিশুর সযত্ন প্রতিপালন, সুশিক্ষা ও চরিত্র গঠনের দায়িত্ব প্রত্যেক অভিভাবককে নিতে হবে। পাশাপাশি এ ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়েও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
পৃথিবীর প্রতিটি শিশু যেন ন্যূনতম জীবনধারণের সুযোগ ও প্রয়োজনীয় অধিকার পায়, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। এ জন্য শিশুদের জীবনের নানা ক্ষেত্রে সুযোগ দিতে হবে। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডেও তাদের মতামত ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে শিশুরা যেমন নিজেদের যোগ্যতা ও সামর্থ্য সম্পর্কে সচেতন হতে পারবে, তেমনি সমাজের প্রতি তাদের দায়িত্ববোধও গড়ে উঠবে। এর ফলে শিশুরা নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে পারবে এবং নিজেদের পাশাপাশি অন্য শিশুদের অধিকার ও কল্যাণের বিষয়েও সচেতন হয়ে উঠবে। আজকের প্রেক্ষাপটে শিশু দিবসে এটাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার।
অবশেষে কবি সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই —
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”