| | |
এই মুহূর্তে ::
মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী

Reporter
বিজয় চৌধুরী / ৫৬ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

…বাড়ির পথে সাইকেল চালিয়ে এগিয়ে চলি। আজকে বেশ খানিকটা দেরিই হয়ে গেল। কিছুক্ষণ আগেই সূর্য ডুব দিয়েছে। এবার ঝপ করে অন্ধকার নেমে চারদিক ঢেকে দেবে।

গ্রামের এই নির্জন আমবাগান ও বাঁশঝাড়ের মধ্যে দিয়ে সংকীর্ণ পথটা পেরোতে না পারলে অসুবিধাই হবে। সদ্য তৈরি হওয়া ঢালাইয়ের রাস্তা একটা বর্ষার পরেই দাঁত বের করে অজস্র গাড্ডায় সজ্জিত হয়েছে। দেখবার কেউই নেই! এদিকে পয়সা হজম।

এমনিতে এই এলাকার প্রতিটি বাঁকই আমি চোখ বন্ধ করেও দেখতে পাই। মাঝেমধ্যে দুয়েকটা অবাধ্য ষাঁড়ের পথ জুড়ে দাঁড়িয়ে থাকা ছাড়া সেই ভাবে অন্য কোন শঙ্কা নেই। তবে বহু আগে এইসব এলাকা অনেক নির্জন ছিল। মাঝেসাঝে বাঁশঝাড়ে ও ডোবাতে ডেডবডি পাওয়া যেত।

…সাইকেলের প্যাডেলটা বেশ জোরেই চাপ দিতে চাইছি। তবে ভেতর থেকে জোরটা কিছুতেই আসছিল না। তার মধ্যেই উল্টোদিক থেকে আসা তীব্র শব্দে চারদিক কাঁপিয়ে ও আলোর ঝটকা মেরে সোনার টুকরো ছেলেরা বাহনে চেপে দ্রুত মিলিয়ে যায়। সংকীর্ণ পথে আমার সাইকেলের হ্যান্ডেল কেঁপে ওঠে। আজকাল প্রায় সর্বত্রই, এইসব গলিপথেও দেখা যায় — এই নব্য লুম্পেন বাহিনীর এক চরম উল্লাস! শহরের ফ্লাইওভার থেকে প্রায়শই এক-দু’পিস করে “টপকে” শহিদ হয়ে যায়, তাও হুঁশ ফেরে না!

আজকে অবশ্য আমার নিজের দোষেই এই দেরিটা হল। কিছু করারও ছিল না। যা দেখতে হল সেটা তো কল্পনারও অতীত ছিল। যদিও কিছুটা হলেও আগেই আভাস পেয়েছিলাম। মা’র অসুস্থতার জন্য বেশ কয়েক মাস এদিকে আসতে পারিনি। তবুও এতো দ্রুততার মধ্যে এই প্রাণবন্ত ইটভাটার এমন দুরবস্থা দেখে খুব খারাপই লাগলো।

ইটের বানানো সেই বিশাল পাকা চুল্লী ভেঙ্গে গুঁড়িয়ে মাটিতে পরে আছে। জেনারেটর রুম, মুন্সীজীর ঘর, একাধিক গোডাউন, বাইরে জমে থাকা ইটের সেই পাহাড় এর কোন চিহ্ন আর নেই। সম্পূর্ণ অন্য এক অচেনা জায়গা মনে হচ্ছে। কল দুটো শুধু অকেজো হয়ে পড়ে আছে।

ইটভাটার জমি ছোট বড় নানা প্লটে ভাগ বাটোয়ারা হয়ে চলেছে। কিছু জায়গায় রাতারাতি মেদযুক্ত কনস্ট্রাকশন ওঠাও শুরু হয়ে গেছে। বালি-পাথরের একাধিক ছোট টিলাও দেখা যাচ্ছে। একটা মাঝারি গুমটির সামনে এলোমেলো ভাবে শুধু ৫-৬ খানা দামী বাইক দাঁড়িয়ে আছে। আপাত শান্ত মনে হলেও পরিবেশটা দেখে মনে একটা কু ডাকছে! এইসব আগে ছিল না।

খানিক বাদেই মুখচেনা একজনের সঙ্গে দেখা হলে বলে, ‘কাকা আমরাই এখন এই ইটভাটা এড়িয়ে চলি। রোজ সব নতুন মুখের আনাগোনা। শহর থেকে দামী দামী গাড়ি চেপে কপালে টিক্কা লাগানো মোটা মোটা সব লোকজনের আনাগোনা বেড়ে গেছে। এরমধ্যেই গুড়ের খোঁজ পেয়ে আবার পার্টির ছেলেপুলেরা বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। বে- পাড়ার কিছু ছেলেপুলে এসে এখানে পেটো টেস্ট করেছে। এদিকে আর বেশি এস না! সেই ইটভাটা আর নেই। মালিক কিছুদিন আগে মারা গেল, ছেলেমেয়েরা সব বেচে দিয়েছে।’

আমার অবস্থাটা অনেকটা সেই প্রিয়জনকে শেষবারের মতো দেখে ফিরে যাওয়ার মত। আর কোনদিনই হয়তো আসা হবে না।

অতি সাধারণ একটি ইটভাটা। অথচ কি প্রশ্রয় না আমি পেয়েছিলাম। কত সব টুকরো স্মৃতি, আবেগ, ভালোলাগা, মন্দলাগা — সব যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। আমৃত্যু সঙ্গেই এরা থেকে যাবে।

এই ফিরে যাওয়ার পথে, অনেকের মধ্যে মুনিয়ার মুখ’টাই যেন বারবার এসে আমাকে ছুঁয়ে যাচ্ছিল…!

সাইকেল যেন আর এগোতে চায় না। সেই নাবালিকা মুনিয়া কি ওর দেশের বাড়িতেই আছে, নাকি অন্য কোন রাজ্যের ইটভাটাতে স্বামী-সন্তান নিয়ে উন্নয়নের একই ঘানি টেনে চলেছে…!

গ্রামটির দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটারের মত হবে। একটা সময় আর পাঁচটা বাংলার গ্রামের মতোই দেখতে ছিল বামুনাড়ি এলাকাটা। যদিও এর অবস্থান রিষড়া পঞ্চায়েত এলাকায়।

গ্রামের জনবসতি থেকে খানিকটা দূরে ছিল এই ইটভাটা। স্থানীয়দের কাছে যা ‘অভয়ের ইটভাটা’ নামে পরিচিত ছিল। এই ধরনের ইটভাটা গ্রাম বাংলার প্রায় সর্বত্রই দেখা যায়। অথচ পরবর্তী সময়ে এই স্থানটি আমার কাছে আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সেই ছোটবেলায় বিক্ষিপ্ত ভাবে হলেও ৮১-৮২ সাল থেকে সুযোগ পেলেই এখানে চলে যেতাম। সেই সম্পর্কটাই এখন বিলীন হতে চলেছে।

এই ইটভাটার খানিকটা দূর দিয়ে চলে গেছে বিখ্যাত দিল্লি রোড। এই নামটা শুনতে পেলেই রোমাঞ্চ হত। ছোট বেলায় লুকিয়ে বন্ধুদের সঙ্গে হেঁটে-দৌড়ে, ধানক্ষেত, বাঁশঝাড় পেরিয়ে সেই দিল্লি রোড দেখতে যেতাম। আগে জীবনে কোনদিন এত মসৃণ রাস্তা দেখিনি! শুয়ে যেন গড়াগড়ি খাওয়া যায়।

সেই রাস্তা দিয়ে বিকট শব্দ ছেড়ে, কালো ত্রিপল ঢাকা পাহাড়গুলো যেন ঝড়ের বেগে উড়ে যেত। দেখে, এক অজানা বিস্ময়ে একে অপরের হাত চেপে ধরে রাখতাম।

পথের ধারে চায়ের গুমটিতে বসে থাকা দাদুরা আমাদের পাকড়াও করে বলতেন, এই পোলারা, তোরা কোথা থেকে এসেছিস রে, জানিস, এই রাস্তাটা সোজা দিল্লি চলে গেছে? একদম সামনে যাবি না, বাড়ি চলে যা! ড্রাইভাররা তোদের তুলে নিয়ে সোজা দিল্লিতে গিয়ে বিক্রি করে দেবে। হাত-পা খোঁড়া করে তোদেরকে দিয়ে ভিক্ষে করাবে! তখন বুঝবি!’’

চোখ বড় বড় করে শুধু শুনতাম, তবে আমার কিন্তু তাজমহলের কথা মনে হত।

ফেরার পথে আমরা এই ইটভাটায় একবার চক্কর মেরে ঘরে ফিরে আসতাম। ধরা পরে গেলে কপালে প্যাঁদানি

জুটত আর পড়তে বসলে হ্যারিকেনে অবশ্যই মাথা ঠুকে যেত!

অভয়ের এই ইটভাটাটি ছিল ৮০ বিঘা এলাকা জুড়ে। ইটের এক দিকে খোদাই করে ইংরাজিতে ‘অভয়’ নামটি লেখা থাকত। মালিকের বাড়ি ছিল উত্তরপাড়ায়। সজ্জন এবং মোহনবাগান ক্লাবের বড় মাপের কর্মকর্তা ছিলেন।

…আমি কোনদিন দেখতে পাইনি। বিশ্বস্ত ম্যানেজারবাবু মুন্সীজী ও তাঁর লোকজন এই ভাটা চালাতেন।

সীমানার ভেতরেই ছিল বিশাল এক পুকুর। আম কাঁঠাল, নারকেল ছাড়াও অনেক তাল গাছ দিয়ে ঘেরা ছিল। এইসব গাছের তাড়িরও খুব নাম ছিল। এগুলো সব লিজে দেওয়া থাকত।

গোঁফদাড়ি দেখা দেওয়ার সঙ্গেসঙ্গেই, চানাচুর সহযোগে সেই তাড়ির গুণগত মান যাচাই করার দায়িত্ব আমরা নিজেদের কাঁধে তুলে নিয়েছিলাম। গাছে হেলান দিয়ে দেশের ভবিষ্যৎ-এর কথা আলোচনা-তর্ক- সমাধান করতে করতে কতদিন এই পুকুর পাড়েই ঘুমিয়ে পড়েছি। এই দেহাতীরা এসে ঘুম থেকে তুলে বাড়ি পাঠিয়ে দিত।

আজকাল সেই ঘুমগুলো যে কোথায় পালিয়ে গেল কে জানে!

আমার কাছে এই ইটভাটাটি ছিল অনেকটা তীর্থস্থানের মত। চেনা পরিচিত কেউ এলেই দেখাতে নিয়ে যেতাম। আর্ট কলেজে থেকে বন্ধুরা এলে তো কথাই নেই! আমাদের এক ব্যাচ জুনিয়র সুতীর্থরা তখন কোন্নগরেই থাকত। ওকেও দু-একবার ওখানে নিয়ে গিয়ে যথাযথ ভাবেই সিনিয়রের দায়িত্ব পালন করেছিলাম।

প্রায় ৩০-৩৫ বছর আগে সদর স্ট্রিটের ঠেকে আলাপ হয়েছিল ইজরায়েল থেকে আসা একটি কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে। একদিন গ্রাম দেখবে বলে সোজা আমাদের বাড়িতে এসে হাজির। এক বন্ধুর সাইকেলটা ওকে দিয়ে, যথারীতি নিয়ে যাই ওই ইটভাটা দেখাতে। ঐ পরিবেশ, গ্রাম্য দেহাতী মহিলাদের কঠোর পরিশ্রম এবং এই আদিম পদ্ধতিতে ইট তৈরি হওয়া দেখে সে একেবারে মোহিত হয়ে যায়। ভাটার প্রান্তিক মহিলা ও বাচ্চারা এই পরদেশি মেয়েটিকে দেখে বেশ মজা পায় এবং আপন করে নেয়। আমি কোনওক্রমে দু’দিকের মধ্যে সংযোগ স্থাপন করে চলি।

এই অবধি ঠিক আছে। — কিন্তু বলে না জীবনে শান্তি নেই! মেয়েটির পরের আবদারে আবার আমি চাপে পড়ে যাই! ওই ইটভাটায় ওদের সঙ্গে রাত্রি কাটাবার জন্য খুব পীড়াপীড়ি করতে শুরু করে দেয়। সেই সময়ে আমাদের এলাকায় বিখ্যাত সব “সমাজসেবী”দের রাজত্ব। — হুব্বা শ্যামল, বাঘা, নেপু ও তার চ্যালাচামুণ্ডাদের প্রবল প্রতিপত্তি। সেই কথা ভেবেই আমার হাত-পা ঠান্ডা হয়ে যায়। — সে যাত্রায় অনেক ভুজুং ভাজুং দিয়ে ম্যানেজ করে সেই মেয়েকে ফিরিয়ে এনেছিলাম।

জানিনা, এই বার্ধক্যে পৌঁছে সেই মেয়ে এখন কেমন আছেন। ইজরায়েল তো আবার যুদ্ধে মেতে উঠেছে।

ছবি তোলার অনুশীলনের সময় ভিনরাজ্য থেকে আসা এই প্রান্তিক লোকগুলোর সঙ্গে আরও গভীরভাবে মেশার সুযোগ পাই। এর মধ্যেই আবার ৯৭-৯৮ সাল নাগাদ ভারত সরকারের সংস্কৃতি বিভাগ থেকে ২ বছরের জন্য একটি ফেলোশিপ কপালে জুটে যায়। আমার কাজের বিষয় দিয়েছিলেম — পশ্চিমবঙ্গের বিভিন্ন ইটভাটার পরিযায়ী মহিলা ও শিশু শ্রমিকদের দুর্দশা নিয়ে আলোকচিত্রের মাধ্যমে ভিস্যুয়াল ডকুমেন্টেশন তৈরি করা।

মনের মত একটা কাজ ও সেই সঙ্গে বেশ কিছুটা অর্থ পেয়েছিলাম। কাজ শেষ হয়ে গেলেও এই জায়গায় সঙ্গে সম্পর্কটা আরো যেন গভীর হয়ে ওঠে। সাইকেলের আসা যাওয়া লেগেই থাকে।

তবে এই ইটভাটায় আমার সর্বপ্রথম দীর্ঘ বিরতি হয়, কোভিড’১৯-এর জন্য। সে’সময় আমাদের অনেক কিছুই তছনছ হয়ে যায়।

বছর দু’য়েক বাদে কোভিড-এর প্রকোপ কিছুটা স্তিমিত হয়ে যাবার পরে ফের সেখানে গেলাম।

সমগ্র এলাকা যেন মৃত্যুপুরী মনে হল। শ্রমিকদের ফেলে যাওয়া নিত্যব্যবহার্য কাজের জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। এদের সবাইকে রাতারাতি প্রায় এক কাপড়ে এই গুমটি, এই এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল। ম্যাটাডোর, ছোট হাতি — যা পেয়েছে, যেভাবে পেরেছে পালিয়েছে।! টালির চালে শুকোতে দেওয়া জামাকাপড়ও অনেকে নিয়ে যেতে পারেনি। পোষ্য বিড়াল, কুকুরগুলো রুগ্ন চেহারায় তখনও আশা নিয়ে ঝিমোচ্ছে। এইসব গুমটির সামনের চাতালে বসে কত গল্প করে কাটিয়েছি, সেখানে এখন আগাছায় ভরে আছে।

সেই আড্ডায় এই পরিযায়ী শ্রমিকদের দেশের আর গ্ৰামের বাড়ির গল্প, ইটভাটার একাধিক জটিল রসায়ন ইত্যাদি সমন্ধেও কিছুটা অবগত হয়েছিলাম। ওদের ঘরে বানানো লেট্টি, আচার সহযোগে ছাতু মাখা ও ভাটির আগুনে পোড়ানো আলু মাখার স্বাদ এখনও যেন মুখে লেগে আছে।

তবে বিশেষ করে হোলির দিনগুলো এড়িয়ে চলতাম। একবার ‘‘পিকচার খিঁচ দেনা হোগা’ এই আবদার রাখতে হোলির দিনেও যেতে হয়েছিল। একেবারে নরক গুলজার! সেদিন খাসির ছাঁট দিয়ে বানানো কষা মাংস, হাঁড়িয়া সহযোগে সবাই মেতে উঠেছিল। ফেরার সময় সঙ্গী সাইকেলটাকে হাঁটিয়েই নিয়ে আসতে হয়েছিল। মুন্সীজী জোর করছিল সঙ্গে লোক নিয়ে যাবার জন্য। রাজি হইনি। — লোকটা নিজেই দাঁড়িয়ে থাকতে পারছে না!

সেদিন বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যায়। আড়াল করে ঘরে ঢোকার মুখেই শুনতে পেলাম মা’র তিরস্কার, ‘আজকে তুই যখন ওই দিকে যাস, তখনই বুঝছি, তুই কি হাল কইর‍্যা আজ ফিরবি! হারামজাদা কোথাকার!

বন্ধুগো সব সময়ে বিয়্যাশাদী হইয়া যাইত্যাছে, আর তুই এখনো এইসব নষ্টামি কইরা বেড়াইতাছস!’

মাস আটেক হতে চললো, মা’র ছবি এখন দেওয়ালে বাবার ছবির পাশেই জায়গা করে নিয়েছে!

মুনিয়ার কথা…

কালো রঙের বড় লোহার গেট দিয়ে এই এলাকায় ঢুকতে হত। যেতাম। খানিক বাদেই আমাকে দেখে প্রথমেই এক-দু জন আমার সাইকেলের পেছনে দৌড়ে আসত, ওদের দেখাদেখি যারা এতক্ষণ কাদা মাটির তাল নিয়ে মেতে ছিল, তারাও ছুটে চলে আসত। সঙ্গে সঙ্গে তারস্বরে শুরু হয়ে যেত সেই বিখ্যাত ডাক, “আরে সব ইধ্যার আ যা.. ফটোওয়ালা আ গিয়্যা…! ফটোওয়ালা আ গিয়্যা..!”

এর মধ্যেই ওই বাচ্চাদের দঙ্গল আমাকে প্রায় ঘিরে ফেলত। দু-একজন আবার লাফ দিয়ে আমার কাঁধের ঝোলায় রাখা ক্যামেরাটা ধরার চেষ্টা করত।

সাইকেল থেকে না নেমে উপায় থাকত না। প্রতিবারই লুপে চলার মত হত। এই ইটভাটার অন্য কিছুর ছবি তুলতে যাবার আগে এই ছোট্ট ছেলে মেয়েদের ছবি আমাকে অবশ্যই তুলে দিতে হত। না হলে নিস্তার নেই। আমার এই অবস্থা দেখে দূর থেকে ওদের কর্মরত বাবা মা’য়েরা কাজ থামিয়ে নিজের মধ্যে চাপা হাসাহাসি করতে থাকত।

প্রায় বছর কুড়ি আগে এমনই এক বাচ্চাদের ঝাঁকে মুনিয়ার দেখা পেয়েছিলাম। তখন ওর ৬-৭ বছর বয়স হবে। মলিন চেহারা হলেও ওর উজ্জ্বল চোখ দুটো বাকিদের থেকে সহজেই ওকে আলাদা করে দিত।

পরে মুনিয়ার বাবার কাছে শুনেছিলাম, রাঁচী শহর থেকে তিন ঘণ্টা বাস জার্নি করে, এরপর হেঁটে এক ঘন্টা যাবার পর, ওদের ডেরা। ওইসব অঞ্চলের মানুষেরা স্থানীয় আড়কাঠি বা দালালদের মাধ্যমে বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে নিযুক্ত হয়।

এইভাবেই মুনিয়ার বাবা পুরো পরিবার নিয়ে এই ইটভাটায় চলে আসে। বছরে একবার বর্ষাকালে মাস তিনেকের জন্য দেশের বাড়ি যেত। দেওয়ালী মিটে গেলে আবার ফিরে আসা হতো। টানা বেশ কয়েক বছর ওদের পরিবার এখানে কাজে নিযুক্ত ছিল। এর মধ্যেই দেখতাম, মুনিয়ার ভাই বোনের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে। মুনিয়ার বাবা মা-এর কাজ নির্দিষ্ট থাকলেও শিশুশ্রমিক হিসেবে মুনিয়ার কোন কাজ নির্দিষ্ট ছিল না। নানা ধরনের কাজ করতে হত। বিশেষ করে ভাটিতে জ্বালানির জন্য মেশিনে ভাঙ্গা কয়লা গুঁড়ো মুনিয়া ঝুড়িতে করে পাশে থাকা ফার্নেসে পৌঁছে দিত।

কখনও বা ওর শীর্ণ মলিন আঙুলগুলো দিয়ে, কাঠের ছাঁচে কাঁচা মাটির তাল ঢুকিয়ে দিয়ে পরমুহূর্তেই সুন্দর ঝকঝকে কাঁচা ইট বের করে নিয়ে পর পর লাইন দিয়ে সাজিয়ে রাখত। কাজে মগ্ন মুনিয়াকে আমি অবাক হয়ে দেখতাম। কখনও চোখাচোখি হয়ে গেলে মৃদু হেসে মাথা নামিয়ে কাজে মন দিত। মায়া মাখানো সেই বিষণ্ণ হাসি দেখে খুবই মন খারাপ হত। কিন্তু কিছু করারও নেই।

এইসব কাজের ফাঁকেই আবার পাশে কাঁচা ইটের ছায়ায় শুয়ে থাকা ভাই কেঁদে উঠলে এই মুনিয়াকেই দেখতাম দৌড়ে গিয়ে অতি যত্নে কোলে তুলে নিয়ে ছোট্ট ভাইটিকে সামাল দিয়ে চলছে, জল দিচ্ছে। এই মুনিয়াকেই শুধু যত্ন করার কেউ নেই।

একদিন যথারীতি এইসব বাচ্চাদের ছবি তুলছিলাম। হটাৎই দেখি, মুনিয়া ওর ছোট্ট ভাইটিকে কোলে করে আমার সামনে এসে হাজির। পর মুহূর্তেই বলতে থাকে, ‘এ ফটোওয়ালা, মেরী ভাইকা ফটৌ খিঁচ না!’ যেন এটা ওর হক! সেই সময়ে আমি অন্য বাচ্চাদের ছবি তুলছিলাম দেখে কিছুটা দেরি হচ্ছিল। মুনিয়াকে দেখলাম ভাইয়ের ছবি তোলার জন্য বেশ অধৈর্য হয়ে উঠলো। যা আগে কখনও দেখিনি। শেষে বেশ রাগত স্বরে আমাকে বলে ওঠে, ‘এ বুড়্যা, মেরী ভাই কা ফটো খিঁচ!’

আমার হাসি পেয়ে যায় ওর কথা শুনে। আর দেরি না করে ওর ভাইয়ের কয়েকটা ছবি তুলে দিই। দেখলাম বেশ খুশি হয়ে মুনিয়া নিজের কাজে চলে গেল। — এইসব বাচ্চাদের মুখে তুই-তোকারি বলাটাও কত আপন বলে মনে হতো।

এরপর যখন গেলাম সেদিনের তোলা বাচ্চাদের কিছু ছবির প্রিন্ট নিয়ে যাই। যথারীতি বাচ্চারা হাজির হলে আমি ছবির প্রিন্ট গুলো নির্দিষ্ট বাচ্চাদের হাতে তুলে দিতে থাকি। ছবি পেয়ে তারা খুশিতে আত্মহারা। ওদের ধুলো মাখা মলিন চোখমুখও উজ্জ্বল হয়ে উঠল। অতি উৎসাহে দু-এক জনের মুখের লালা ছবির প্রিন্টের উপর গড়িয়ে পড়ল। কাজে বিরতি দিয়ে বাচ্চাদের বাবা-মায়েরাও চলে আসল। খানিক বাদে দেখলাম মুনিয়াও চলে এল।

খাম থেকে ভাইয়ের ছবি দুটো দেখিয়ে, খামটা আবার ওর ধুলোমাটি মাখা হাতে তুলে দিলাম। ওর ঘামে ভেজা বিষণ্ণ মুখমন্ডলে হাসির রেখা দেখতে পেলাম। আমার দিকে এক ঝলক তাকিয়েই বুকের কাছে খামটি ধরে নিয়ে দৌড়ে চলে গেল ওদের গুমটির দিকে।

আমি খানিকটা মনক্ষুণ্ণই হলাম! অন্যদিন তো বেশ বকর বকর করে, আর আজকে একটাও কথা না বলে সোজা চলে গেল..! কি আর করা যাবে!

ছবির প্রিন্ট সবাইকে দেওয়া হয়ে গেলে আমি উঠে ইটভাটার অন্যদিকে চলে গেলাম। খানিকটা এদিক ওদিক ঘোরাঘুরি করি। প্রচন্ড গরমের তীব্রতা, সেই সাথে ধুলো বালিও উড়ছে। এই ইটভাটার ধুলো থেকে ক্যামেরা রক্ষা করা খুবই কঠিন কাজ। কাঁধের গামছা দিয়ে ঢেকেও সামাল দিতে পারছিলাম না। খুব একটা ভালোও লাগছিল না। এছাড়া কোন কথা না বলে মুনিয়ার এই ঝট করে চলে যাওয়াটায় ভেতরে এক প্রকার অস্বস্তি হচ্ছিল। সবমিলিয়ে একটা বিরক্তিকর অবস্থা। ভাবলাম ধুর, বাড়ি ফিরে যাই। আবার একদিন আসা যাবে। যন্ত্রটা ব্যাগে ঢুকিয়ে সাইকেলে চেপে বসি…।

ইটভাটার গেট দিয়ে বেরিয়ে যাবার আগেই হটাৎ যেন একটা ক্ষীণ ডাক ভেসে এল। ব্রেকে হালকা চাপ দিয়ে দাঁড়িয়ে পড়ি।

… ‘ই ফটোওয়ালা… রুখ..রুখ না…!’

এতো আমার চেনা গলার স্বর লাগছে!

সাইকেল থেকে নেমে পিছনে তাকিয়ে দেখি, মুনিয়া দূর থেকে আমার দিকে দৌড়ে আসছে। হাঁপাতে হাঁপাতে আমার সামনে এসে দাঁড়ায়। ওর মলিন মুখে মৃদু হাসির ঝলক। ওর শীর্ণ হাতের মুঠোটা আমার সামনে উঁচু করে তুলে ধরে বলে..’ এ বুড়া, ইঁয়ে তু লিয়ে যা!’

তাকিয়ে দেখি, ওর হাতের তালুতে ধরা আছে, ইটের ভাটিতে পোড়ানো দুটি বিবর্ণ আলু। আমার বাড়িয়ে দেওয়া হাতে যত্ন করে সেটি রেখে দিল।

এরপর এক ঝলক তাকিয়ে ও মৃদু হেসে বলে ওঠে, ‘তু খা লে..।’

বলেই দে দৌড়… নিজেদের ঝুপড়ির দিকে!

আমি শুধু তাকিয়ে দেখতে থাকি, ক্রমশ ছোট হতে হতে মুনিয়া দূরের গুমটির দিকে মিলিয়ে গেল…।

(সেই পরিত্যক্ত ইটভাটা ও মুনিয়ার একটি ছবি এখানে শেয়ার করলাম বন্ধুদের জন্য।)

১৬-১১-২০২৪

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev