| | |
এই মুহূর্তে ::
দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ

Reporter
জমিল সৈয়দ / ৪৮ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নদীর নাম স্বর্ণরেখা, ময়ূরাক্ষি, কোপাই, শিলাবতী। নদীর নাম তিস্তা, তোর্সা, জয়ন্তী, করতোয়া, আঙরাভাসা। নদীর নাম বিদ্যাধরী, মাতলা, সপ্তমুখী। আর যদি নদী পুরুষ হয়, তবে তার নাম হয় অজয়, দামোদর, রঙ্গিত, রূপনারায়ণ!

কে রেখেছিলো এদের নাম?

অবাক হয়ে ভাবি, এত সুন্দর নাম, যেন উচ্ছল তরুণ তরুণীর নাম, কে রেখেছিলো কে জানে, ইতিহাসে এসব লেখা থাকে না। সত্যি তো, ময়ূরাক্ষি নামের মেয়েদেরকে আমরা চিনি। অজয় নামের চিরতরুণেরা আছেন সর্বত্র ছড়িয়ে। তিস্তা ব্যানার্জি বা তোর্সা রাউত — এই সব সোনালি হৃদয় কন্যাদেরকে আমরাও তো চিনি।

তবে বিদ্যাধরী, মাতলা, সপ্তমুখী নামে কোনও মানুষ আছে কিনা জানি না।

দামোদর নদের নাম কেন দামোদর?

দামোদর শব্দের অর্থ — উদরে যার দাম (দড়ি) — অর্থাৎ বালক শ্রীকৃষ্ণ। সংস্কৃতায়ণের ঝোঁকে এটাই এখন দামোদর শব্দের অর্থ হিসেবে ধরা হচ্ছে।

কিন্তু জনজাতি অধ্যুষিত ঝাড়খণ্ডের আদি অধিবাসীরা কেন তাদের নদীর নাম সংস্কৃত ভাষায় রাখবে?

মুণ্ডারি ভাষায় এই নদের নাম দামুদা। ‘দা’ শব্দের অর্থ জল। দামুদা শব্দের অর্থ পবিত্র জল।

সেই দামুদা শব্দই আমাদের কাছে দামোদরে রূপান্তরিত হয়ে গেছে।

গবেষক সায়ন্তনী দত্তের ‘Damuda Sacred Water’ বইয়ে ‘দামুদা’ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। বইটি প্রকাশ করেছে সিমলা-র Indian Institute Of Advanced Study.

২২ বছর আগে আমরা একদল বন্ধু রাঁচি গেছিলাম, সেবারে রাজারাপ্পা মন্দিরের পাশে দেখা হয়েছিল দামোদরের সঙ্গে। দামোদর নদ এবং ভেরা বা ভৈরবী নদীর মিলনস্থলে পোঁছুতে গিয়ে দেখি, কোটি কোটি মনুষ্যবিষ্ঠা ও পিকনিক-পার্টির ফেলে যাওয়া মুরগির পালক জায়গাটিকে নরককুণ্ড বানিয়ে রেখেছে। আমরা মাত্র দু’তিনজন সেই অতি সন্তর্পণে সেই স্থানে পৌঁছুতে পেরেছিলাম।

এরপর কোথায় দেখেছি দামোদরকে?

বর্ধমান শহর থেকে যতোবারই রায়না জামালপুর খণ্ডঘোষ গেছি, কৃষক সেতু পার হয়ে দামোদরের বালি ও ক্ষীণ স্রোতের সঙ্গে মোকাবিলা করেছি। সে এমন চাকরি-বদ্ধ জীবন, দামোদরের জল ছোঁয়ার সময় পাইনি। খণ্ডঘোষের রাস্তায় শত শত ট্রাক দামোদরের বালি নিয়ে উঠে আসছে, এমন দৃশ্য খুব সাধারণ।

এরপরে আমার প্রায় নিয়মিত বেড়ানোর জায়গা হয়ে দাঁড়িয়েছিল — বোম্বে রোড ধরে চলতে চলতে দামোদর নদের ধারে থমকে দাঁড়ানো।

সামনের ক্ষেতে ফুলচাষ। গৃহবধূ ও বাচ্চারা ফুল তুলতে ব্যস্ত। রাত্রি দুটোর লোকাল ট্রেন ধরে বাড়ির পুরুষ সদস্যেরা ওই ফুল নিয়ে রওনা দেবে কলকাতার মল্লিকঘাটের উদ্দেশে।

হাইওয়ে থেকে নেমে পদব্রজে এগিয়ে চলা। ব্রিজের দুপাশ ধরেই নেমে যাওয়ার রাস্তা আছে। নদীর দুই পাড় ধরে দুটি রাস্তা।

বাম দিকের গ্রামের নাম মহিষরেখা। ডানদিকের গ্রামের নাম চন্দ্রপুর। মধ্যে বয়ে যাচ্ছে শান্ত সুষুপ্ত দামোদর!

কিন্তু দামোদরকে তো আমরা ‘বাংলার দুঃখ’ নামেই জানি। কিন্তু এ যে প্রশান্ত অপরাহ্নে বড়োই অচঞ্চল! নিতান্তই অলসভঙ্গিতে শুয়ে আছে, কোনও স্রোত নেই, জলকল্লোল নেই।

নদীর উৎপত্তি কোথায় হয়?

আচার্য জগদীশচন্দ্র লিখেছেন, জিজ্ঞাসা করিলাম, “কোথা হইতে আসিয়াছ, নদি?” নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, “মহাদেবের জটা হইতে।”

কিন্তু ছোটনাগপুর মালভূমির হতভাগ্য নদীগুলির সেই সৌভাগ্য হয়নি। এদেরকে কেউ শঙ্খ বাজিয়ে পথ দেখিয়ে নিয়ে যায়নি। একমাত্র সুবর্ণরেখা বাদে আর কেউ সরাসরি সমুদ্রেও পৌঁছুতে পারেনি।

***

ম্যাকক্লুস্কিগঞ্জ থেকে বেরিয়েছি ২৪ অক্টোবর সকালে, যাবো দামোদর নদের উৎস সন্ধানে।

ম্যাকক্লুস্কিগঞ্জ-ডালটনগঞ্জ রোড ধরে ২৫ কিলোমিটার আসার পরে একটি ছোট গঞ্জ চান্দওয়া, সেখান থেকে ৯০ ডিগ্রি ঘুরে বামদিকে চলতে শুরু করলাম। এই রাস্তায় লোহারদাগা পৌঁছুনো যাবে।

আমাদের সারথি উমেশকুমারের বাড়ি ম্যাকক্লুস্কিগঞ্জ, কিন্তু সে কখনও দামদরের ‘উদ্গমস্থল’ যায়নি, তাই তারও উৎসাহে খামতি নেই।

আরও ১৩ কিলোমিটার যাওয়ার পরে — জায়গাটির নাম বারকিচাঁপি — সেখানে একটু থমকে দাঁড়ালাম। উমেশকুমার ডানদিকের সরু রাস্তায় গাড়ি ঘুরিয়ে থেমে গেল, জানলায় মুখ বের করে একটি লোককে ডেকে বললো, চুলহাপানি যাবো, এই রাস্তায়?

হ্যাঁ, আমরা যাবো চুলহাপানি! আরও ১৩ কিলোমিটার। আঁকাবাঁকা এবড়ো-খেবড়ো সরু রাস্তায় প্রবল ঝাঁকুনি খেতে খেতে চলেছি তো চলেছিই! চোখের সামনে একটা সবুজ পাহাড় আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। একটা জায়গায় পথ ভুল হয়েছিল, পথের লোক বলে দিলো, আপনারা তো উলটোপথে এসেছেন, পিছন ফিরে পাহাড়ে উঠে পড়ুন।

ধীরে ধীরে পাহাড়ে উঠছে গাড়ি, শুধু পাথর আর পাথর, দু’পাশে ঘন শালবন। ইঞ্জিনের গোঁ গোঁ শব্দ ছাড়া একটা পাখির ডাকও শুনতে পাচ্ছি না, সম্ভবত দুপুরের কড়া রোদ্দুরে পাখিরা কোথাও ছায়ায় লুকিয়ে গেছে। নির্জন রাস্তায় উঠতে উঠতে দেখি জঙ্গলের মধ্যে অকস্মাৎ কয়েকটি ঝুপড়ি ঘর। সামনে একটি বড় কুয়ো। এক গৃহবধূ দাঁড়িয়ে আছে।

কুয়োর সামনে গিয়ে গাড়ি আটকে গেল। জায়গাটা খানিকটা সমতল, ঘরবাড়ি গড়ে ওঠার কারণে এখানে জঙ্গল খানিকটা পাতলা। কিন্তু কুয়োটা এতটাই চওড়া যে রাস্তাটা সরু হয়ে গেছে, গাড়ি আর এগোবে না।

গাড়িটা পিছু হটে একটা গাছের নিচে রাখা হলো। আমার সহযাত্রিণী সেই মহিলাকে জিজ্ঞেস করলো, চুলহাপানি কতদূর?

সে হাত উঁচিয়ে বললো, ওই সামনে!

— তাও কতদূর হবে?

— এক কিলোমিটার। না দু’তিন কিলোমিটার।

শুনেই আমাদের মাথায় হাত! পুরোটা চড়াই, আমাদের তো ট্রেকিংয়ের অভ্যাস নেই, উঁচু পাহাড়ি রাস্তায় হাঁটব কী করে? তাহলে কি এতদূর এসে ফিরে যাবো?

মনখারাপ করে হাঁটতে লাগলাম। যতোটা ধীরে হাঁটা যায়, ততোটা ধীরে হাঁটছি। শুরুতেই একটা সাপের দীর্ঘ খোলস পড়ে থাকতে দেখলাম। উমেশকুমারকে মনে মনে ধন্যবাদ দিলাম, সে আমাদের সঙ্গী হয়েছে ব’লে। সে যদি গাড়ির মধ্যে বসে থাকতো, তাহলে নিশ্চয়ই ভয় পেতাম।

পাহাড়ের উচ্চতা ৩০০০ থেকে ৩৫০০ ফুট। আমাদের কাছে স্বর্গারোহণের মতো কঠিন কাজ বলেই মনে হচ্ছে। ওই যে, যাকে বলে “অন্তবিহীন পথ” — আমরাও সেই দীর্ঘতম পথ পার হয়ে চলেছি। যদি আরও আগে এই পথে আসতাম, যখন বয়স ছিলো টগবগে ঘোড়ার মতো, যখন পথের প্রতিটি পাথরে লাথি মারতে মারতে এগিয়ে যেতাম, সেই বয়সে ট্রেকিংয়ের সময় মেলেনি।

রাস্তায় মাঝেমধ্যে জলের শব্দ, ভাবছি এসেই গেলাম। কিন্তু কোথায় কী! দুটো জায়গায় রাস্তার উপরে জল গড়াচ্ছে। লম্বা লাফ দিয়ে পার হলাম। এমনসময় জঙ্গল ভেদ করে এক মোটরসাইকেল আরোহীর আবির্ভাব, তাকে জিজ্ঞেস করতে বললো, আরও এক কিলোমিটার হাঁটতে হবে।

যখন আমাদের জিভ প্রায় ঝুলে পড়েছে, মনে হচ্ছে হাঁটু ভেঙে এখনই গড়িয়ে পড়বো খাদে — তখনই দেখি একটি লোক কয়েকটি গরুকে চরাতে এনেছে। তাহলে পাহাড়ের টঙে মানুষের দু’একটি ঘরবাড়ি কোথাও আছে! সেই লোকটি বললাম, আমাদের সঙ্গে একটু যাবে ভাই, চুলহাপানি যাবো।

লোকটি গরুদেরকে রেখে আমাদের গাইড হয়ে চললো। এবারে রাস্তাটা উঁচু থেকে নিচে নামতে লাগল। ঢালু রাস্তায় প্রায় গড়াতে গড়াতে চলেছি তো চলেছিই।

অবশেষে লোকটি হাত উঁচিয়ে বললো, ওইখানে!

একটা গাছের শিকড়ের নিচে চুলহা অর্থাৎ উনুনের মতো গর্ত থেকে খুব সরু ধারায় নিঃশব্দে চুঁয়ে পড়ছে জল। এতোটাই অনুল্লেখ্য সেই ধারা, মনে হলো,

এটাই দামোদর?

সত্যিই বিশ্বাস হচ্ছিলো না আমার!

আমার ধারণা ছিলো, কোনও অশ্বত্থগাছের গোড়া থেকে জল আসছে, কিন্তু রাখাল লোকটি বললো, এটা জামের গাছ। এখানে নিয়মিত পূজাপাঠ হয়, বিশেষ বিশেষ দিনে মেলা বসে, দূর দূরান্ত থেকে গ্রামের লোকজন আসে।

জলধারার মুখটা সিমেন্ট দিয়ে বাঁধানো। জল বেরিয়ে এসে পাহাড়ের গা বেয়ে নিচে নেমে যাচ্ছে, কিন্তু কীভাবে সে একটি নদীতে পরিণত হচ্ছে, সেই রহস্য থেকেই গেল।

একটা বোর্ডে হিন্দিতে লেখা আছে — দামোদর নদী উদগম স্থল/গ্রাম পঞ্চায়েত সল্‌গী, তহশিল কুড়ু, জেলা লোহারদাগা

আধঘন্টা বসে রইলাম চুপচাপ। জলের উপরে একটা প্লাস্টিকের প্যাকেট ভাসছিলো, আমার সহযাত্রিণী সেটা জল থেকে তুলে বাইরে ফেলে দিলো। চারদিকে মানুষ আবর্জনা ছড়িয়ে রেখেছে।

এবার ফেরার সময় একটি ছেলে আমাদেরকে দাঁড় করিয়ে একটা খাতা বের করলো, তাতে নিজেদের নামধাম-সহ কিছু লিখে দিতে হবে। উমেশ কুমার সানন্দে আমাদের সবার নাম হিন্দিতে লিখে কিছু মন্তব্য লিপিবদ্ধ করলো।

ফেরার সময় আমাদের কষ্ট দ্বিগুণ হয়ে দেখা দিলো। কিন্তু সারা রাস্তায় অসংখ্য প্রজাপতি ও বিভিন্ন রঙের পুটুস ফুল আমাদের কষ্ট লাঘব করার চেষ্টা করে গেল।

কভার ছবি : চুল্‌হাপানি, দামোদর নদের উদ্‌গম স্থল

ছবি : লেখক

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev