| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বাংলা শ্যামাসঙ্গীত সম্প্রীতি ও সমন্বয়ের অনন্য নিদর্শন : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ১০৭৫ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

বাংলায় শ্যামা সঙ্গীতের জনপ্রিয়তা কেবলমাত্র কালী সাধকদের কাছে কিম্বা কালী আরাধনা উপলক্ষে নয়। শ্যামা সঙ্গীতের ভাবাবেগ অধিকাংশ সঙ্গীতপ্রেমীর মন ছুয়ে যায়। বাংলায় কোনও দিনই তাই শ্যামাসঙ্গীতের ধারা থেমে থাকেনি। অন্যদিকে ধর্মবিশ্বাস বা জাতপাতের দ্বন্দ্ব কখনও শ্যামাসঙ্গীত রচনা বা পরিবেশনায় বাধা হয়ে ওঠেনি। বরং সম্প্রীতি ও সমন্বয়ের বাংলায় রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্যের পাশাপাশি বিভিন্ন মুসলমান কবিও শ্যামা মা ও শ্যামা সঙ্গীতের ভাবাবেগে মজেছেন, তাঁদের কথা ও সুরে ধরা দিয়েছেন কালী কিম্বা কালী মা। কেবল নজরুলই ‘কালো মেয়ের পায়ের তলায় আলোর নাচন’ দেখেননি, তাঁর আগেও বহু মুসলমান ধর্মে আস্থাবান কবি ‘শ্যামা মায়ের কোলে চড়ে’ শ্যামের নাম জপেছেন।

একটা সময়ে বেশ কয়েকজন মুসলমান ধর্মের সঙ্গীতশিল্পী হিন্দু নাম নিয়ে ভক্তিগীতি ও শ্যামাসঙ্গীত রেকর্ড করেছিলেন। এই প্রসঙ্গে বিখ্যাত সঙ্গীতশিল্পী মহম্মদ কাশেমের কথা আসে সবথেকে আগে যিনি ভক্তিগীতি গাইবার সময় ‘কে মল্লিক’ নাম নিতেন। এর উলটো ঘটনাও রয়েছে— অনেক সঙ্গীতশিল্পী ইসলামি গান গাইবার সময় মুসলমান নাম নিয়েছিলেন। যেমন ধীরেন্দ্রনাথ দাস, চিত্ত রায় প্রমুখ শিল্পী ইসলামি গান রেকর্ড করার সময় গণি মিঞা, দিলওয়ার হোসেন নাম ব্যবহার করেছিলেন। সেই সময়ে যে এঁরা উদার মানসিকতা দেখিয়েছিলেন, তার তুলনা হয়না তবে গানের চরিত্র অনুধাবন করে শিল্পীদের নাম বদলে দিয়েছিল তখনকার রেকর্ড কোম্পানি, সেটা পুরোপুরি বাণিজ্যিক স্বার্থের কারনেই।

অন্যদিকে রামপ্রসাদ সেন যেসব গান রচনা ও সুর করেছেন তার মধ্যে একাধিক ভক্তিমূলক গানের সুরে নানা সময়ের ভারতের নানা প্রান্তের সাধক, কবীর, নানক, মীরাবাঈ, সুরদাস প্রমুখের সঙ্গীতের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন, রামপ্রসাদের বিখ্যাত গান ‘মন রে কৃষিকাজ জান না…’ এই গানটির দার্শনিক ভাবনার সঙ্গে নানকের ‘ইহু তনু ধরতি’ গানটির পরোক্ষ প্রভাব লক্ষণীয়।

প্রসঙ্গত, আল্লাহর প্রেমে মগ্ন হয়েও মরমিসাধক হাছন রাজা বলেন— আমার হৃদয়েতে শ্রীহরি,/আমি কি তোর যমকে ভয় করি।/শত যমকে তে দিব, সহায় শিবশঙ্করী। এরই পাশাপাশি হাছনের ব্যাকুল আকাক্ষ্মা গেয়ে ওঠে— ‘আমি মরিয়া যদি পাই শ্যামেররাঙ্গা চরণ’। বেশ কয়েক পুরুষ হিন্দু ঐতিহ্যের ধারা প্রবহমান ছিল হাছন রাজার রক্তে কিন্তু তাঁর মরমিলোকে সাম্প্রদায়িক বিভেদের ঠাঁই ছিল না। তাই আল্লহে ভরসা রেখেও কালীর লীলারসে বিভোর হয়ে তিনি গেয়ে ওঠেন- ‘ওমা কালী! কালী গো! এতনি ভঙ্গিমা জান।/ কত রঙ্গ ঢঙ্গ কর যা ইচ্ছা হয় মন।।/ মাগো স্বামীর বুকে পা দেও মা ক্রোধ হইলে রণ…’।

মরমিসাধনার মূল কথাই হল জাতধর্ম বিভেদের ওপরে ওঠা। মরমি সাধক সব ধর্মের নির্যাস, সব সম্প্রদায়ের ঐতিহ্যকে আধ্যাত্মপোলব্ধির ভেতর আপন করে নেন বলেই তাঁর অনুভবে ধর্মের এক অভিন্ন রূপ ধরা পড়ে। তিনি সম্প্রদায় ধর্মের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করে। হাসন রাজার সংগীত, সাধনা ও দর্শন এই চেতনারই প্রতিফলন। যদিও কালী ভক্ত হাছন রাজা বলেন— ‘কে বুঝিতে পারে মায়ের অনন্ত ব্যাপার’।

বাংলায় মুসলিম কবিদের মধ্যে একেবারে গোড়ার শ্যামাসঙ্গীত রচয়িতাদের মধ্যে প্রথমেই বলতে হয় কবি সা বিরিদ খাঁ-এর কথা। তিনি চট্টগ্রামের শিক্ষিত বাঙালি মুসলমান সমাজের মানুষ। তাঁর মননের সঙ্গী ছিল সুফি সাধনার ঐতিহ্য। সা বিরিদ খাঁ বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা। তবে কোনোটিরই সম্পূর্ণ অংশ পাওয়া যায়নি। বিদ্যাসুন্দর, রসুলবিজয় এবং হানিফা ও কয়রাপরী নামে তাঁর তিনটি কাব্যের খন্ডিত পুথি পাওয়া গিয়েছে।

বিদ্যাসুন্দর ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে রচিত একটি রোমান্টিক প্রণয়কাব্য। বিদ্যাসুন্দর কাব্যের কাহিনী কালিকামঙ্গলের অন্তর্গত এবং রায়গুণাকর ভারতচন্দ্র-সহ অনেক কবি একই কাহিনী ভিত্তিক কাব্যের রূপ দিয়েছেন। সা বিরিদ খাঁ-র কাব্যের কাহিনী মূলত মানবরসের লৌকিক কাব্য হলেও, দেবী কালীর মাহাত্ম্য প্রকাশই এই কাব্যের অন্যতম উপজীব্য। কাব্যরস সৃষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্য কবির ছিল না। তবে এই আখ্যানের নামধাম ও কাহিনিতে কবি সা বিরিদ খাঁ কিছু নতুনত্বের সঞ্চার ঘটাতে চেয়েছিলেন। হিন্দুর পুরাণ এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থ সম্পর্কে কবি ওয়াকিবহাল ছিলেন তার কিছু ইঙ্গিত মেলে এই কাব্যের পাতায় পাতায়।

কালী মাহাত্মে আবিষ্ট হয়ে তাঁর রহস্যাবৃত রূপে ভক্তি ও ভালবাসায় মগ্ন হয়েছিলেন বাংলার আরও অনেক মুসলমান কবি। নওয়াজিস খান, আলি রজা, আকবর আলি, মির্জা হুসেন আলি, মুনসি বেলায়েত হোসেন, সৈয়দ জাফর খাঁ প্রমুখ লিখেছিলেন শ্যামাসঙ্গীত। হিন্দু কবিদের তুলনায় সংখ্যায় কম হলেও, এঁদের লেখা শ্যামাসঙ্গীত এক সময়ে বেশ জনপ্রিয় হয়েছিল। উল্লেখের দাবি রাখে কবি সৈয়দ জাফরের লেখা- ‘কেন গো ধরেছ নাম দয়াময়ী তায়/…সৈয়দ জাফর তরে/ কী ধন রেখেছ ধরে/ সম্পদ দুখানি পদ হরের হৃদয়’। পাশাপাশি বলতে হয় মুনসি বেলায়েত হোসেনের গান- ‘কালী কালী বলে কালী, সহায় হইলে কালী/ নাথেরে পাইবে কালী/ ঘুচিবে এ বিরহানল’। বাংলার এই সব কবিরা ধর্মে নিষ্ঠাবান মুসলমান হয়েও কালী ভক্তি বা রসে আপ্লুত হয়ে শ্যামাসঙ্গীত রচনায় যেভাবে ব্রতী হয়েছিলেন তা এক দুর্লভ সম্প্রিতী ও সমন্বয়ের নিদর্শন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev