| | |
এই মুহূর্তে ::
উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায়

Reporter
জ্যোতি বন্দ্যোপাধ্যায় / ৩৭ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সীতাংশু শেখর ঘোষ, গৌরাঙ্গ প্রসাদ ঘোষ দু-জন দিকপাল ব্যাক্তিত্ব, একজন ছিলেন গানের কালেকটর আর একজন ছিলেন যাত্রা পাড়ার বিশেষ ব্যক্তিত্ব। সীতাংশুদার মাধ্যমে এম.এন চ্যাটার্জীর নাতি এবং বিখ্যাত গান ও গ্রামোফোন রেকর্ড সংগ্রাহক সুশান্তদার (সুশান্ত কুমার চ্যাটার্জী) সঙ্গে আলাপ, পরে ঘনিষ্ঠতা। গৌরাঙ্গদা একমাত্র ব্যাক্তি যিনি উত্তমকুমারের জীবনী লিখেছিলেন তাঁর বেঁচেথাকাকালীন অবস্থায়। উত্তমকুমারের নিজের বয়ানে সেই জীবনী। অনুলেখক গৌরাঙ্গ প্রসাদ ঘোষ। গৌরাঙ্গদার সেই বিখ্যাত বই ‘আমার আমি’ আর ‘সোনার দাগ’ বাংলা সিনেমা জগতের ইতিহাস। ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশুন করতে গেলে এই বইদুটা খুব জরুরি। আর সীতাংশুদা ইন্ডিয়ার লাইফ লাইন রেলের ওপর একটা বই লিখেছিলেন আর ‘বিমানে বিমানে আলোকের গানে’ বাংলা গানের জগতের ইতিহাস। একদিন সীতাংশুদা, গৌরাঙ্গদা, সুশান্তদা আমি এম.এন. চ্যাটার্জী হাসপাতালের পেছনে সুশান্তদার বাড়িতে ওনার সংগ্রহ শালায় পুরনো দিনের সেই কলের গান শুনত শুনতে জোড় আড্ডা বসেছে। আমি শ্রোতা। যে লেবেলে আড্ডা চলছে তাতে ফুটকাটারও কোনও চান্স নেই। আমাকে তিনজনের কেউ যদি এই বিষয় নিয়ে কোনও প্রশ্ন করে হাওয়া বেরিয়ে যাবে। সালটা ১৯৮৯/৯০ হবে। গান নিয়ে নানা কথার মধ্যে সীতাংশুদা বললেন, যাই বলো সুশান্ত ‘উত্তমকুমারের আইডল ছিলেন বড়ে গোলাম আলি’ (সুশান্তদার কলের গানে তখন ভেসে আসছে খান সাহেবের ঠুমরি) গৌরাঙ্গ এটা ভালো বলত পারবে। ওতো আবার উত্তমের জীবনীকার।

গৌরাঙ্গদা মুচকি হেসে বললেন, ‘কথাটা সীতাংশু ভুল বলে নি বুঝলে সুশান্ত, আমাকেও গল্পটা উত্তমবাবু বলেছিলেন।’

সুন্দর করে গল্পটা একটু বলে দাও। এই বাচ্চাটার উপকার হবে। আমরাতো আর দু-দিন বইতো নয়। কি বলো সুশান্ত।

সুশান্তদা মুচকি মুচকি হাসছেন।

‘বড়ে গোলাম আলি খান সাহেব ও তাঁর পরিবার পাকাপাকি ভাবে কলকাতায় এলেন ১৯৬৩ সালের প্রথম দিকে। ওঁরা এসে উঠলেন থিয়েটার রোডের ‘হাতোয়া হাউস’-এ। বাড়িটা ছিল হাতোয়ার মহারাজার। তাঁরই অতিথি হিসেবে এই শহরে প্রথম ক’টা দিন কাটালেন খান সাহেব ও তাঁর পরিবার। এ শহরের শাস্ত্রীয়সঙ্গীতপ্রেমী শ্রোতারা খান সাহেবের গান শুনতে পেরে ধন্য হলেন। শহর জুড়ে একের পর এক অনুষ্ঠান তখন খান সাহেবের। খান সাহেব বলেছিলেন, কলকাতার দর্শকদের সঙ্গীতের সঙ্গে সম্পর্কটা মন থেকে আসে। শুধুমাত্র দেখনদারি নয়।’

ওস্তাদ বড়ে গুলাম আলি খান ও মীনা কুমারী

‘সত্যি কথা বলতে কি, বড়ে গোলাম আলি খান সাহেব-এর সঙ্গে প্রথম দিকে উত্তমবাবুর পরিচয় ছিল না। তবে খান সাহেবের ছেলে মুনাব্বর খান-এর সঙ্গে উত্তমবাবুর ঘনিষ্ঠতা ছিল। সেই সূত্র ধরেই খান সাহেবের সঙ্গে ঘনিষ্ঠতা। দু-জনেই পারফর্মার। তখন উত্তমবাবুদের ‘মরসুমি ক্লাব’ নামে একটা ক্লাব ছিল। মনেহয় দুর্গাপুজো উপলক্ষে পরিচিত জনেরা উত্তমবাবুকে চেপে ধরে বললো এবার খান সাহেবের গান তারা শুনতে চান। উত্তমবাবুর সঙ্গে খান সাহেবের পরিচয় আছে। অতএব উত্তমবাবুই এই ব্যবস্থা করুন।’

‘সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে উত্তমবাবু গিয়েছিলেন খান সাহেবের বাড়ি। সকালে যখন খান সাহেবের বাড়িতে গিয়ে পৌঁছলেন উত্তমকুমার, শুনলেন খান সাহেব রেওয়াজে বসেছেন। রেওয়াজের সময় তিনি কারও সঙ্গে দেখা করেন না। তবে উত্তমবাবু গিয়েছেন বিশেষ অতিথি, তাই মুনাব্বর বৈঠকখানায় উত্তমবাবুকে বসিয়ে রেখে বাবাকে খবর দিতে গেছিলেন। মিনিট দুয়েকের মধ্যে মুখটা গম্ভীর করে ফিরে এসে মুনাব্বর বললেন, আপনার জন্য আমাকে বাবার কাছে বকুনি খেতে হলো। উত্তমবাবু বললেন, কেন! মুনাব্বর বললেন, আপনার মতো মসুর কলাকারকে কেন বৈঠকখানার ঘরে বসিয়ে রেখেছি? কেন সঙ্গে করে নিয়ে যাইনি? সেই জন্য। উত্তমবাবু মুচকি হাসলেন।

অথচ গৌরাঙ্গ আমি ব্যক্তিগতভাবে জানি বড়ে গোলাম আলি সাহেব রেওয়াজে বসলে কারও সঙ্গে দেখা করতেন না। সীতাংশুদা বললেন, তালে তাল মেলালেন সুশান্তদা। আপনি ঠিক কথা বলেছেন সীতাংশুদা।

‘মুনাব্বরের সাথে ভেতরে গিয়ে উত্তমকুমার দেখলেন, খান সাহেব রেওয়াজ করছেন। তবে রেওয়াজ করতে করতেই ওঁদের সব কথা শুনলেন এবং যে রাগ অনুশীলন করছিলেন, সেই রাগের সুরেই শব্দ ফেলে ফেলে সব প্রশ্নের উত্তর দিলেন। আসতেও রাজি হলেন ‘মরসুমি ক্লাব’-এর জলসায়।’

বুঝলে সুশান্ত এই হচ্ছে কালাকার। রেওয়াজ না থামিয়েই সব প্রশ্নের উত্তর দিলেন। তাহলে বোঝ কোন মাপের শিল্পী ছিলেন তিনি। আমি জীবনে দু-বার ওনাকে দেখেছি। একবার নিউ এম্পেয়ার থিয়েটারে আর একবার এলগিন রোডে নাটোরের রাজার বাড়িতে। ছোট আসর তা-ও কিভাবে জমাতে হয় উনি জানতেন। শেষটা বলো গৌরাঙ্গ?

‘মরসুমি ক্লাবের জলসায় বড়ে গোলাম আলিকে মহানায়ক দিয়েছিলেন এক হাজার টাকা আর গৌরীদেবী বড় এলাচের মালা শ্রদ্ধার্ঘ্য হিসেবে পরিয়ে দেন ওস্তাদজীকে। গৌরী দেবী কারও মুখে শুনেছিলেন, ওস্তাদজির প্রিয় বড় এলাচ। লম্বা মালাটিতে ছিল এক হাজার আটটা বড় এলাচ।

‘আমার আমি’ বইটা প্রথম প্রকাশ হয় মিত্র ও ঘোষ সংস্থার অমর সাহিত্য প্রকাশন থেকে। ‘আমার আমি’র দে’জ সংস্করণ প্রকাশ পায় ১৯৭৪ সালে। আমি সুধাংশুকে নিয়েও গিয়েছিলাম উত্তমবাবুর কাছে। তখন ও কলেজস্ট্রিট পাড়ার সবচেয়ে কম বয়সি প্রকাশক। ‘স্ত্রী’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭২ সালের ১৮ আগস্ট শ্রী, প্রাচী, ইন্দিরা প্রেক্ষাগৃহে। জমিদার মাধব দত্তের ভূমিকায় অভিনয় করছেন উত্তম কুমার। সীতাপতির চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃন্ময়ী চরিত্রে অভিনয় করতে এলেন নবাগতা আরতি ভট্টাচার্য। উত্তমকুমারের চরিত্রটি হল মাতাল, চরিত্রহীন জমিদারের। তাঁর নিকট সাগরেদরা অর্থাৎ খোসামোদকারীদের মধ্যে অন্যতম হলেন চাটুজ্জে। সেই চাটুজ্জে চরিত্রে ভানু বন্দোপাধ্যায়। নিয়মিত মেয়ে সাপ্লাই দেওয়াই হচ্ছে চাটুজ্জের কাজ।

ওস্তাদ বড়ে গুলাম আলি খান ও মহম্মদ রফি

ছবিতে মাধব দত্তের চরিত্রে একটি ধ্রুপদ গানের দৃশ্য ছিল।

হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে….। সুশান্তদা বলে উঠলেন।

মান্না-হমন্ত ডুয়েট ছিল। সীতাংশুদা বললেন।

হ্যাঁ।

গানটি মূলত ঠুমরী ও মুজরো স্টাইলের ওপর ভিত্তি করে তৈরি। গানের কথাতেই উল্লেখ আছে — “হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারি নীচে বাইজি নাচে ঠুমরী গানের টুকরো ছুঁয়ে”। সুশান্তদা বলে উঠলেন।

একদম ঠিক বলেছ সুশান্ত।

গানটিতে তবলা এবং সারেঙ্গির চমৎকার জুগবন্দি রয়েছে যা একটি বনেদি জমিদার বাড়ির জলসার আবহ তৈরি করেছে।

তোবা তোবা… গৌরাঙ্গ পরের টুকু বলো। সীতাংশুদা বলে উঠলেন।

উত্তমবাবু অভিনয়ের নিখুঁততা নিয়ে কোনো আপস করতেন না। সেই গানের দৃশ্যে নিজের লিপ সিঙ্কিং এবং বসার মুদ্রা যেন একদম আসল ধ্রুপদী গায়কদের মতো হয়। তার জন্য তিনি শুটিংয়ের আগে একবার পার্ক সার্কাসে খান সাহেবের বাড়ি গিয়েছিলেন।

‘বুঝলে গৌরাঙ্গ স্ত্রী ছবিতে ‘“হাজার টাকার ঝাড় বাতিটা…’ গানটা আমাকে বেশ হন্ট করেছিল। গানটা শ্যুট করার আগে আমি সিকোয়েন্স গুলো ভাবতাম। সলিলতো (পরিচালক সলিল দত্ত)’ স্টার্ট-সাউন্ড-ক্যামেরা আর শেষে ‘কাট’ বলেই খাল্লাস। কিন্তু চরিত্রটা আমাকে বার করে আনতে হবে। শ্যুটিং শুরুর আগে চরিত্রটা নিয়ে আমি বেশ চর্চা করলাম। কাকে পাই যার থেকে আমি দেখে নিতে পারি। হঠাৎ খান সাহেবের কথা মনে এল। মুনাব্বরকে ফোন করলাম। বললাম খান সাহেব কখন রেওয়াজে বসেন, ও সময়টা বলে দিল। পরদিন সকালে বুড়োকে (ভাই তরুনকুমার) ঘুম থেকে ডেকে তুললাম। বুড়ো তো বেশ কিছুক্ষণ কাঁই কাঁই করলো। তারপর অবশ্য আমার সঙ্গে খান সাহেবের বাড়িতে গেল। আমরা যখন খান সাহেবের পার্কস্ট্রিটের বাড়িতে পৌঁছলাম, তখন খান সাহেব রেওয়াজে বসেছেন। সঙ্গে কেরামতুল্লাহ আছেন। আছেন মীরা বন্দ্যোপাধ্যায়ও। মুনাব্বর আমাদের দু-জনকে দেখে এগিয়ে এলো। ‘বাবাকে তোমার কথা বলেরখেছি।’ আমি ঠোঁটর ওপর আঙুল তুলে চুপ করতে বললাম। আমার তখন ধ্যানজ্ঞান খান সাহেব। উনি কিভাবে অনুশীলন করছেন। চিকের আড়াল থেকে আমি গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করলাম। মুনাব্বর আবার বললো, বাবাকে জানাই তুমি এসেছো। মুনাব্বরকে বললাম, ‘ওঁর সঙ্গে আমার আলাদা করে দেখা করবার দরকার নেই। আমি এখান থেকেই ওঁর রেওয়াজ একটু দেখব। ওঁকে ডেকে বিরক্ত করার দরকার নেই।’

খান সাহেব রেওয়াজের সময় কীভাবে আচার-আচরণ করেন, সংগীতের তালে তালে তাঁর মাথা, হাত, শরীর কীভাবে নড়াচড়া করে, সেই সমস্ত খুব যত্ন করে দেখলেন উত্তমবাবু। খানিকক্ষণ পরে মুনাব্বরকে বলে তরুণ কুমারকে নিয়ে বেড়িয়ে গেলেন।

আদতে ‘স্ত্রী’ ছবিতে ধ্রুপদাঙ্গ গানে কীভাবে শট দেবেন, সেটা বুঝতেই এসেছিলেন। ভাবা যায় ‘হাজার টাকার ঝাড়বাতিটা’ গানে যে অসাধারণ লিপ দিয়েছিলেন উত্তমকুমার, সেই সব বডি ল্যাঙ্গুয়েজ তিনি ওস্তাদ বড়ে গোলাম আলি খানের থেকেই রপ্ত করেছিলেন।

দুই

৪৭-এর তখন প্রায় শেষ। উস্তাদ বড়ে গোলাম আলি খান তখন পাকিস্তানের নাগরিক। ধর্মসূত্রে নয়, জন্মসূত্রে।

রেডিও পাকিস্তানের জন্য গান গাইলেন ওস্তাদ জী।

রেকর্ডিং শেষে ফিকে হয়ে আসা রাত জুড়ে আবার তিনি একের পর এক সঙ্গীত সম্মেলনে। কখনো পেশোয়ার। কখনো করাচি। একদিন ফিরে এসে টেলিগ্রাম পেলেন, রেডিও পাকিস্তানের প্রোগ্রাম ডিরেক্টরের। খান সাহেব যদি একবার অনুগ্রহ করে আসেন রেডিও স্টেশনে। খান সাহেব গেলেন। সুগন্ধি চা আর একমুখ জর্দাঠাসা পানের পর মুখ খুললেন রেডিও-র কর্ণধার।

একটা ছোট্ট অনুরোধ ওস্তাদজি, গানের মুখড়া যদি একটু বাদ দেন…. খান সাহেব কথাটা ঠিক বুঝলেন না। ভ্রু কুঁচকে এবার কারন জানতে চাইলেন। এবার কারণ ব্যাখ্যা ও রেকর্ডিং থেকে শোনানো হল হৃদয় উদ্বেল করা সেই ঠুংরির প্রথম কলি ‘ইয়াদ পিয়া কি আয়ে, হায় রাম’! এই দুটো শব্দ বাদ দিন ওস্তাদজি, দুটো শব্দ বাদ দিলে তো আপনার অনন্ত মধুভরা গান ফুরোবে না!

আপনারা রামকে বাদ দিন, আমি আপনাদের বাদ দিচ্ছি।

হৃদয় নিংড়ানো প্রেম, অপেক্ষা, আর যন্ত্রণা দিয়ে যে গান রচিত হয়, তাকে রক্ষা করতে আমি ধর্মনিরপেক্ষ ভারতের নাগরিক হতে চাই। ঠিক এক পক্ষ কাল পর উস্তাদ বড়ে গোলাম আলি খান সাহেব চিরদিনের জন্য জন্মভূমি পাকিস্তান থেকে চলে এলেন কলকাতায়।

ওস্তাদ বড়ে গুলাম আলি খান ও সন্ধ্যা মুখার্জী

১৯০২ সালের ২ এপ্রিল ব্রিটিশ শাসিত ভারতের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত কসুরে বড়ে গুলাম আলির জন্ম হয়। পরবর্তীকালে ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পরে এই কসুর জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। তাঁদের পরিবারে তথা বংশে বহু আগে থেকেই সঙ্গীতচর্চার একটা রেওয়াজ ছিল। তাঁর বাবা ওস্তাদ আলি বক্স খান নিজেও একজন খুব বড় মাপের সঙ্গীতশিল্পী ছিলেন। খুব ছোটবেলা থেকেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেন বড়ে গুলাম আলি। তাঁর কাকা ওস্তাদ কালে খান ছিলেন তাঁর প্রথম গুরু এবং মাত্র পাঁচ বছর বয়সেই তাঁর কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন তিনি। তাঁর তিন ভাইয়ের নাম ছিল যথাক্রমে বরকত আলী খান, মুবারক আলী খান এবং আমানত আলী খান। পরবর্তীকালে আলি জিওয়াই-এর সঙ্গে তাঁর বিবাহ হয়। তাঁদের পুত্র ওস্তাদ মুনাব্বর আলি খানও একজন অন্যতম শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ছিলেন।

সদ্য যৌবনে পা রেখে একদিন পিতা আলি বখ্‌শকে গুলাম আমি গান গেয়ে শোনান। আলি বখ্‌শ অবশ্য সে গান শুনে বিনা মন্তব্যে সেখান থেকে উঠে যান। পরে জানতে চাওয়ায় পুত্রকে বলেন, ‘বেটা, যার গলায় সুর নেই তার কিছুই নেই’। এটাই তাঁর জীবনে প্রথম টার্নিং পয়েন্ট। এখান থেকেই গুলাম আলি প্রতিজ্ঞা করেন তাঁকে যে ভাবেই হোক পাক্কা সুরে গাইতে হবে। পিতা আলি বখ্‌শ দ্বিতীয় বিয়ে করায় মা, ভাইকে নিয়ে গুলাম আলি আলাদা হন। নতুন মহল্লায় এসে নতুনভাবে শুরু হল জোরদার রেওয়াজ। পাড়াপড়শি যাতে বিরক্ত না হয় তাই সুরমণ্ডল নিয়ে শ্মশানে যেতেন রেওয়াজ করতে। সারারাত সেখানেই কাটত তাঁর সাধনায়।

বড়ে গোলাম আলি খান এর গান ছিল সম্পূর্ণ আলগা চালের। তাতে ফৈয়জখানি গাম্ভীর্য ছিল না, ছিল নবাবি ফোয়ারার চাঞ্চল্য। কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়, ‘গোলাম আলি খাঁকে গান গাইবার সময় মনে হত, যেন উনি বাথটবে সারা শরীর এলিয়ে দিয়ে গান গাইছেন।’ একবার জ্ঞানপ্রকাশ ঘোষের ডিকসন লেনের বাড়িতে খাঁ সাহেব তাকিয়ায় আধশোয়া হয়ে আছেন। নাপিত এসে ক্ষৌরকর্ম করছেন। এমতাবস্থায় খাঁ সাহেবের সাধ হল মারওয়ায় তান করার। শুরু হল দু’-সপ্তকের সপাট। নাপিত ক্ষুর সরিয়ে নিতে গেলে খাঁ সাহেব তাঁকে ইশারায় বারণ করলেন, গেয়ে চললেন ওই অবস্থায়। প্রত্যক্ষদর্শীরা দেখল গমকদার তান করা সত্ত্বেও খাঁ সাহেবের শরীর তো নড়ছেই না, তাঁর চোয়াল বা জিভও যেন ধ্যানমগ্ন, স্থির।

মানুষ প্রকৃতির প্রাণ। তার ভিতরকার আবহমান ছন্দ, সুর, বোল, সবই প্রকৃতির দান। সংগীত স্রেফ তাকে উসকে দেওয়ার কাজ করে। এই প্রকৃতিই নির্মাণ করেছিল গুলাম আলি খান-এর সুরকে। পাহাড়ের কিনারে বসে তিনি রেওয়াজ করতেন কোনওরকম যন্ত্র ছাড়া। পাহাড়ে পাহাড়ে ধাক্কা লেগে সে সুরের প্রতিধ্বনি ফিরে আসত তাঁর কানে, তা থেকে সুরের ভুলত্রুটি শুধরে নিতেন। গানের মধ্যে দিয়ে প্রকৃতির ভাবকে ধরার চেষ্টা করেছেন বড়ে গোলাম আলি খান।

এই প্রসঙ্গে গোলাম আলি খান অধ্যাপক বি আর দেওধরকে বলেছিলেন, ‘এই পৃথিবীতে সব কিছুই সুন্দর, আর আমি চেষ্টা করি সেই সৌন্দর্যকে আমার সঙ্গীতের মাধ্যমে প্রকাশ করতে৷ আমি যখন নদীর ধারে বসে থাকি বা একটা খোলা মাঠে ঘুরে বেড়াই, তখন দেখতে পাই পাখিরা কেমন স্বাধীন ভাবে আকাশে উড়ছে৷ উপর থেকে নীচে, ডান থেকে বাঁয়ে সব জায়গায় তারা কেমন মসৃণ ভাবে উড়ে বেড়াচ্ছে৷ তার পর ধীরে সুস্থে একটা গাছে এসে আশ্রয় নিচ্ছে৷ আমি তখন পাখিদের ওড়াটাকে আমার গানের মাধ্যমে প্রকাশ করতে চেষ্টা করি৷ আমি করি কি, একটা তান নিই যেটা তার সন্তকের পঞ্চম স্বর ছুঁয়ে ঘুরতে ঘুরতে মধ্য সন্তকের ষড়জে এসে স্থির হয়৷’

এই প্রসঙ্গে দেওধরজী আর একটা গল্প বলেন৷ একদিন দেওধরজী ও খান সাহেব গল্প করছেন মুম্বই-এর মেরিন ড্রাইভে বসে৷ সময়টা বর্ষাকাল, ভরা বাদল, সমুদ্রের জল উথালপাথাল করছে৷ হঠাত্ খান সাহেব বলে উঠলেন, ‘দেওধরজী, সমুদ্রের এই ঢেউ আর বৃষ্টি দেখে আমার রাগ মিয়াঁ কী মল্‌হার গাইতে ইচ্ছে করছে৷’ এই বলে খান সাহেব গান ধরলেন, আর সেই গগনচুম্বী ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু করলেন তান৷ যত ঢেউ বাড়ে, খান সাহেব তত তান করেন৷ কখনও বা ঢেউয়ের বেগের সঙ্গে তাঁর তান পাল্লা দিতে না পারলে খান সাহেব অস্থির হয়ে পড়েন৷ তার পর যেন কিছু খুঁজছেন এমন ভাবে শুরু করেন ঝড়ের মতো তান৷ এমনটা চলল প্রায় ঘণ্টাখানেক৷

তাঁর সঙ্গীত জীবনের ব্যাপ্তি খুব বেশি ছিল না। ১৯৩৮ সালে কলকাতায় এবং ১৯৪৪ সালে বম্বেতে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে প্রথম ভারতীয় সঙ্গীত জগতে নিজের দক্ষতা প্রদর্শন করেছিলেন। যে ঘরানাতেই তিনি চর্চা করেছিলেন, তাতেই তাঁর দক্ষতার জন্য গুরু হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল গুলাম আলিকে। ১৯৪৭ সালে ভারত ভাগের পরে পাকিস্তানের কসুরে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিন পরেই ১৯৫৭ সালে তিনি আবার ভারতে ফিরে আসেন। বম্বের তৎকালীন মুখ্যমন্ত্রী মোরারজী দেশাই-এর সহায়তায় ভারতের নাগরিকত্ব অর্জন করেন তিনি। প্রথমে লাহোর, তারপরে কলকাতা এবং শেষে হায়দ্রাবাদে এসে স্থায়ীভাবে থাকতে শুরু করেন।

ওস্তাদ বড়ে গুলাম আলি খান নাতি রেজা আলি খান ও পুত্র মুনাব্বর আলি খান

ওস্তাদ বড়ে গোলাম আলি খানকে বলা হত সে যুগের তানসেন। তিনি চলচ্চিত্রে প্লে ব্যাক করতে কখনও রাজি ছিলেন না। তাঁর এই অনিচ্ছাকেই আরও পোক্ত করেছিলেন সঙ্গীত পরিচালক রাইচাঁদ বড়াল ও অভিনেতা অসিতবরণ। তাঁরা বড়ে গোলাম আলিকে বোঝান, ‘আপনার নামেই তো রয়েছে বড়। এত বড় মাপের গায়ক হয়ে আপনি কেন ফিল্মে গলা দেবেন।’ তাই চিরকাল মেহফিলে মোটা অঙ্কের পারিশ্রমিকেই তিনি গান গেয়েছেন। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীত পরিচালকদের কাছ থেকে অনুরোধ আসা স্বত্ত্বেও সুদীর্ঘকাল চলচ্চিত্রে গান প্লেব্যাক করা থেকে নিজেকে বিরত রাখেন।

কিন্তু ‘মুঘল-ই-আজম’ ছবিতে তানসেনের গান ছিল। পরিচালক প্রযোজক কে আসিফ ছবির সঙ্গীত পরিচালক নৌশাদকে জিজ্ঞেস করলেন তানসেনের গান কাকে দিয়ে গাওয়াবেন? নৌশাদ বললেন ‘এ গান একজনই গাইতে পারবেন। এ যুগের তানসেন বড়ে গোলাম আলি খান।’ নৌশাদের সঙ্গে বড়ে গোলামের পূর্ব পরিচয় ছিল। নৌশাদ আসিফকে নিয়ে গেলেন ওস্তাদজির বাড়ি। ওস্তাদজি ফিল্মে গান গাওয়ার কথা শুনেই না করে দিলেন। শেষমেষ নৌশাদ ওস্তাদজিকে পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন বোঝাতে।

বড়ে গোলাম আলি বললেন, ‘ওই পরিচালককে ভাগাব কী করে সে কথা বল!’ নৌশাদ বললেন ‘আপনি যা পারিশ্রমিক চান উনি তাই দেবেন, এর পরও কি গাইবেন না!’ বড়ে গোলাম আলি ভাবলেন, বিশাল অঙ্কের টাকা চাইলে প্রযোজক নিজেই বিদায় নেবে। আবার বৈঠকখানায় ফিরে গিয়ে বড়ে গোলাম আলি কে. আসিফকে বললেন, তিনি ২৫ হাজার টাকা চান। যেখানে এই ফিল্মেই প্লে ব্যাকের জন্য লতা মঙ্গেশকর ও মহম্মদ রফি গানপ্রতি ৫০০ টাকার কম পারিশ্রমিক পেতেন। ফল হল উল্টো। কে. আসিফ বড়ে গোলাম আলিকে ২৫ হাজার টাকা দিতেই রাজি হলেন। শুধু তাই নয়, তখনই ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে গেলেন। আর না করার উপায় ওস্তাদজির ছিল না।

তবে এক বাক্যেই তিনি গান গেয়ে দেননি। কে আসিফ গানের দৃশ্য নানাভাবে বোঝালেও বড়ে গোলাম আলি গাইতে সম্মত হন না। তাঁর জন্য ফিল্মের দৃশ্যায়ন দেখানোর ব্যবস্থা করা হয়। আনারকলি মধুবালার বডি ল্যাঙ্গুয়েজ পর্দায় দেখে সেই অনুযায়ী গলায় রাগ মাধুরী খেলান বড়ে গোলাম আলি। আর তার পর তো ‘প্রেম যোগন বনকে’ এই গান, এই ছবি ইতিহাস। আনারকলি দেখা করতে যাচ্ছেন সেলিমের কাছে, গানটি গাইছেন তানসেন। ছবিতে তাঁর গাওয়া দুটি গান ছিল ‘প্রেম জোগান বন কে’ এবং ‘শুভ দিন আয়ো রাজ দুলহারা’। এছাড়াও ‘ইয়াদ পিয়া কে আয়ে’, ‘আয়ে না বালাম’, ‘প্রেম কে ফান্দে মে’ ইত্যাদি তাঁর গাওয়া সব বিখ্যাত ঠুমরি গান। ওস্তাদজির মাদকতাময় গলায় সঙ্গে মাঝেমধ্যে আনারকলির নূপুরের আওয়াজ। কী অপূর্ব সৃষ্টি।

১৯৬২ সালে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর কৃতিত্বের জন্য ভারত সরকার তৃতীয় শ্রেষ্ঠ বেসামরিক সম্মান পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে বড়ে গুলাম আলি খানকে। ওই একই বছরে তিনি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পান। এছাড়া ওস্তাদ ফৈয়াজ খানের স্মৃতিতে তিনি আফতাব-ই-মুসাকি পুরস্কার অর্জন করেন। এছাড়া সঙ্গীতের জগতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সঙ্গীত সম্রাট পুরস্কার পান ওস্তাদ বড়ে গুলাম আলী খান। ১৯৬৮ সালের ২৫ এপ্রিল হায়দ্রাবাদে বশির বাগ প্রাসাদে ওস্তাদ বড়ে গুলাম আলী খানের মৃত্যু হয়।

তিন

“ব্রাহ্মণকন্যা সন্ধ্যা মুখোপাধ্যায় মুসলিম সঙ্গীত সাধক বড়ে গোলাম আলি খান কে ‘বাবা’ বলে ডাকতেন। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গীতগুরু ছিলেন প্রবাদপ্রতিম বড়ে গোলাম আলি খান (Bade Ghulam Ali)। উচ্চাঙ্গ সঙ্গীতের পরিমণ্ডলে সন্ধ্যার মেয়েবেলা কেটেছিল। প্রথমেই বলতে হয় সন্ধ্যার বড়দা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কথা। যিনি সন্ধ্যার গানে আগ্রহ দেখে বোনকে উচ্চাঙ্গ সঙ্গীতের শ্রেষ্ঠ গুরুদের কাছে নিয়ে যান।

সন্ধ্যার প্রথম শিক্ষাগুরু আচার্য যামিনী গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ছ’বছর তাঁর কাছে তালিম নেন সন্ধ্যা। এরপর অল্প কিছুদিন পণ্ডিত চিন্ময় লাহিড়ির ছাত্রী ছিলেন তিনি। একদিন সন্ধ্যা তাঁর বড়দা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে বড়ে গোলাম আলি খান সাহেবের কাছে গান শেখার ইচ্ছা প্রকাশ করেন। রেডিও আর গ্রামাফোনে খান সাহেবের গান শুনে নাবালিকা সন্ধ্যার কানে খেলত শাস্ত্রীয় সঙ্গীতের সুরমাধুরী। সেসময় বড়ে গোলাম আলি খান কলকাতায় এলে পরম সংগীতজ্ঞ জ্ঞানপ্রকাশ ঘোষের ডিকসন লেনের বাড়িতে উঠতেন। সেখানেই বাংলার ছাত্রছাত্রীদের তালিমও দিতেন তিনি। মীরা বন্দ্যোপাধ্যায় (চট্টোপাধ্যায়) তাঁর শিষ্যা হয়েছিলেন। সন্ধ্যা আর মীরা ছিলেন সতীর্থ। তাই সন্ধ্যার বড়দা সোজা চলে গেলেন জ্ঞানপ্রকাশ ঘোষের বাড়িতে। খুব শীঘ্রই জ্ঞানপ্রকাশ বাবু সন্ধ্যার বড়দাকে জানালেন, খান সাহেব সন্ধ্যাকে তাঁর শিষ্যা করতে সম্মত হয়েছেন।

ওস্তাদ বড়ে গুলাম আলি খান ও ওস্তাদ আমির আলি আলি খান ও অন্যান্য

একদম প্রথাগত ভাবেই সন্ধ্যা দীক্ষা নিলেন খান সাহেবের কাছে। ১৯৪৯ সালের এক শীতের সকালের পুণ্য দিনে সমস্ত উপাচার সাজিয়ে সন্ধ্যা হাজির হলেন ডিকসন লেনের বাড়িতে। এই প্রথম গ্রামাফোনে শোনা খান সাহেবকে চাক্ষুষ করলেন সন্ধ্যা। সুরমণ্ডল বাজাচ্ছেন খান সাহেব (Bade Ghulam Ali)। এরপর বিরাট এক গোল ট্রে-তে নানাবিধ উপকরণ থেকে মোটা লালসুতো তুলে নিয়ে খান সাহেব বেঁধে দিলেন সন্ধ্যার হাতে। শিষ্যার মুখে দিলেন একটু ছোলা আর গুড়। গান্ডা বাঁধা হল। গুরু-শিষ্যা বাঁধা পড়লেন এক সাঙ্গীতিক বন্ধনে। পিতৃসম গুরুকে সন্ধ্যা ‘বাবা’ বলে ডাকলেন, আর মাতৃসমা গুরুপত্নীকে ‘মা’।

মুখোপাধ্যায় পরিবারের ব্রাহ্মণ কন্যা এক মুসলিম সঙ্গীত সাধককে ‘বাবা’ ডাকলেন। সেখানে ধর্ম, বর্ণ সবার উপরে সঙ্গীত সাধনাই বড়। অত বড় দেবতাসম সঙ্গীতসাধকের চরণাশ্রয়া হতে পেরেই সন্ধ্যার জীবন সার্থক। আনুষ্ঠানিক ভাবে খান সাহেবের শিষ্যা হলেন সন্ধ্যা।

বাবা খান সাহেব এবার গান গাইতে বললেন সন্ধ্যাকে। অভয় দিলেন জ্ঞানপ্রকাশ ও গুরু স্বয়ং। সন্ধ্যা গাইলেন জৌনপুরী রাগ। কিছুক্ষণ শোনার পর গুরু সেটিই শেখাতে লাগলেন। শুরু হল কঠিনতর সঙ্গীত শিক্ষা। পাতিয়ালা ঘরানার স্বরক্ষেপণ রপ্ত করতে গুরু শিষ্যাকে বলেছিলেন, “এক ভাগ সিখনা তো তিন ভাগ সুননা।” কথাটা কী ভীষণ সত্যি! যা খুব কম লোকই মানেন এ যুগে।

চার

সঙ্গীতের দেবতা ওস্তাদ বড়ে গোলাম আলি খান সাহেব-কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন কবি পূর্ণেন্দু পত্রী।

‘ফুলের গন্ধে ফোটার জন্যে

নারীর স্পর্শ পাবার জন্যে

ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে

আমরা যেদিন যুবক হলাম।

বাইরে তখন বৃক্ষে বৃক্ষে

জলে স্থলে অন্তরীক্ষে

আমাদের সেই কান্না নিয়ে

গান গাইছে বড়ে গোলাম।’

ওস্তাদ বড়ে গুলাম আলি খান ও লতা মঙ্গেশকর।

শেষ করি বি আর দেওধর-এর সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে।

আমার মনে হয় সালটা ছিল ১৯৪৫। খানসাহেব আর আমি চৌপাটির বালিতে বসে গল্প করছিলাম। সূর্য অস্ত যেতেই তার শেষ রশ্মিগুলো ছড়িয়ে পড়ে পশ্চিম আকাশকে লাল রঙে রাঙিয়ে দিয়েছিল। ওপরের সেই মনোরম দৃশ্যটি আরব সাগরের শান্ত জলে প্রতিফলিত হচ্ছিল। সুন্দর সূর্যাস্ত দেখার জন্য প্রতিদিন নিয়মিত চৌপাটিতে যাওয়াটা খানসাহেবের একটা অভ্যাস ছিল। আমাদের সামনের দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকতে থাকতে খানসাহেব আমার দিকে ফিরে বললেন, “দেওধরসাহেব, মারওয়া রাগ গাওয়ার জন্য এটাই একেবারে সঠিক সময়। আমাদের পূর্বপুরুষদের উদ্ভাবনী শক্তিতে আমি বিস্মিত! একবার ভাবুন তো, তাঁরা যেভাবে ঐ বিশেষ ঋষভ (রে, ‘ড’) আর ধৈবত (ধা, ‘অ’) ব্যবহার করতেন, তাতে তাঁদের কী অসাধারণ শৈল্পিকতা! সূর্যাস্তের সময়টা এক অত্যন্ত আকর্ষণীয় মুহূর্ত। বিচ্ছিন্ন প্রেমিক-প্রেমিকারা এই সময়ে ভাবতে শুরু করে যে, এই নিঃসঙ্গতায় তারা রাতটা কীভাবে কাটাবে। যাদের মাথার ওপর ছাদ নেই, তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।” দিনটা তো এমনিতেই কেটে যায় — কিন্তু রাত? তারা রাতের জন্য একটা আশ্রয় খোঁজার চিন্তায় পড়ে যায়। হিন্দুস্তানি সঙ্গীতের সাতটি স্বরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল হলো ষড়জ (সা, ‘সি’)। কিন্তু মারোয়া সঙ্গীতে সেই স্বরটি (সা) প্রায় উধাও হয়ে যায় এবং যখনই আমরা এটিকে ক্ষণিকের জন্য ব্যবহার করি, আমরা এক ধরনের স্বস্তি অনুভব করি। আমার মতে, মারোয়া সঙ্গীতের প্রধান উদ্দেশ্য হলো এই উদ্বেগ বা অনিশ্চয়তাকেই ফুটিয়ে তোলা।

[বড়ে গোলাম দেওধরকে]: “যখন আমি কোনো নদীর তীরে বা কোনো উদ্যানে বসে থাকতাম, তখন দেখতাম পাখিরা এখানে-সেখানে উড়ে বেড়াচ্ছে। আমি দেখতাম তারা কোনো কিছুর পরোয়া না করে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে আর নাচছে; তারা হঠাৎ উড়াল দেয় এবং একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে কোনো গাছে তাদের বিশ্রামস্থলে ঝাঁপিয়ে পড়ে। এই সবকিছু দেখে আমি মুগ্ধ হই। আমি তাদের এই সমস্ত মনোরম গতিবিধিকে সঙ্গীতে রূপ দিতে চাই এবং আমি একটি উপযুক্ত তানার মাধ্যমে তা করার চেষ্টা করি, যেমন — এমন একটি তানা যা খুব দ্রুত ‘স’ (টনিক) থেকে উচ্চ সপ্তকের ‘পঞ্চম’ (পা, ‘গ’)-এ যায় এবং তারপর উড়ন্ত পাখির মতো বৃত্তাকারে নেমে এসে মধ্যবর্তী ‘স’-তে পৌঁছায়…”

ঋণস্বীকার : সুশীলা মিশ্রের ওস্তাদ বড়ে গুলাম আলি খান, বি আর দেওধর রচিত ‘পিলারস অফ হিন্দুস্তানি মিউজিক এবং ইন্টারনেটের বিভিন্ন লেখা থেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev