
আমরা যাকে সুবর্ণরেখা নদী নামে চিনি, তাকেই ‘স্বর্ণরেখা’ নামে ডাকে রাঁচি জেলার মানুষেরা।
সুবর্ণরেখাকে প্রথম দেখি ঘাটশিলা-গালুডিতে। সেখানে পাথরের পর পাথর ফেলে নদীকে আটকে ফেলার চেষ্টা করেছিল কেউ!!! সেইসব পাথরের ফাঁক গলে বেরিয়ে আসছে ক্ষীণ স্রোত, সেখানে নৌকায় ওপার থেকে এপারে ঘাটশিলা আসছে স্থানীয় মানুষ। কান পেতে শুনি তারা বাংলা ভাষায় কথা বলছে। আমরাও উদ্বুদ্ধ হয়ে নৌকায় ছোট্ট সরু জলরেখা পার হয়ে ওপার থেকে ঘুরে এলাম।
হাতিবাড়ি-কোদোপাল-ভসরাঘাট ছুঁয়ে সুবর্ণরেখা ঢুকেছে ওড়িশায়, তারপর তালসারিতে তার সমুদ্রদর্শন।
ভসরাঘাটে নতুন ব্রিজ হওয়ার পরে, দেখতে গেলাম সুবর্ণরেখাকে! দেড় কিলোমিটার লম্বা ব্রিজ, তার তলায় নেমে দেখি, শুধু বালি আর বালি! “বেলা দ্বিপ্রহর, ধূ ধূ বালুচর”! মধ্যে সুতোর মতো বইছে নদী। যেন নদীকে বালিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল কেউ! যখন ব্রিজ হয়নি, নয়াগ্রামের মানুষেরা বালির উপরে হাঁটতে হাঁটতে সরু জলরেখার কাছে আসত, তারপর নৌকা চেপে নদী পার হয়ে আবার বালির উপরে হাঁটা !

একসময় ঝাড়খণ্ডে সুবর্ণরেখার বালি ছেঁকে সোনা পাওয়ার আশায় মানুষ সারাদিন হাঁটুজলে দাঁড়িয়ে পরিশ্রম করে যেত। হয়তো কেউ কখনও বালির ফাঁকে দু’এক কণা সোনা পেয়েও থাকতে পারে। অবশ্যই পেয়েছিল তারা, কারণ ঝাড়খণ্ডের নদীকিনারে হিরের টুকরো পর্যন্ত পাওয়া গেছে, ‘জাহাঙ্গীরনামা’য় উল্লেখ আছে, ফরাসি পর্যটক ট্রেভার্নিয়ের তাঁর ভ্রমণ কাহিনীতে হীরক নদীর কথা লিখে গেছেন। রাঁচি, গুমলা, সিমডেগা লোহারদাগা, লাতেহার এলাকায় কোয়েল ও শঙ্খ নদীর খাতে হিরের উপস্থিতি আবিষ্কৃত হয়েছে।
আমার ভূগোলবিদ্যার দৌড় ওই স্কুলের নিচের ক্লাশ অব্দি, কারণ উঁচু ক্লাশে উঠেই চলে গেছি ফিজিক্স-কেমিস্ট্রি পড়তে। কিন্তু যেটুকু পড়েছিলাম, তাতে জানতাম, ময়ূরাক্ষী, বরাকর, দ্বারকা, দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, সুবর্ণরেখা নদীগুলির উৎপত্তিস্থল ‘ছোটনাগপুর মালভূমি’। সেই মালভূমি তো ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া জেলা পর্যন্ত বিস্তৃত। কিন্তু ঠিক কোন্ কোন্ জায়গা থেকে নদীগুলির জন্ম হচ্ছে জানা ছিলো না।
হঠাৎ চোখে পড়ল একটি লেখা — स्वर्णरेखा नदी का उद्गम स्थल झारखंड के रांची जिले के नगड़ी गाँव में स्थित ‘रानी चुआं’ (एक छोटा कुआँ या चुआ) है — মানে, স্বর্ণরেখা নদীর উদ্গম-স্থল নগড়ী গ্রামের রানীচুঁয়া — ‘চুঁয়া’ হলো কুয়ো ! ব্যস, এবার একটু অনুসন্ধান করাই যাক। — রাঁচি পৌঁছুতেই আমার মোবাইলে কেবল হিন্দি লেখা ফুটে উঠতে লাগল !!!!
কোথায় ‘নগ্ড়ী’ গ্রাম? ম্যাপ দেখে বের করা গেল। পিস্কা নামে একটি রেলস্টেশন আছে, সেখান থেকে একটা রাস্তা গেছে নগড়ী গ্রামের দিকে! আমার তো উত্তেজনার পারদ চড়ছে।
গ্রাম শেষ হয়ে গেল, তারপর ধু ধু ধানক্ষেত। কোথায় সেই কুয়ো, যেখান থেকে বেরিয়ে আসছে স্বর্ণরেখা নদী?
উমেশ কুমার বললো, চাষীরা ধান লাগিয়েছে মাঠে, তাই জায়গাটা আড়ালে চলে গেছে, আসুন একটু খুঁজে দেখি।
কোমর অব্দি সবুজ ধানের গুচ্ছ মাঠময় দোল খাচ্ছে। মধ্যে সরু আলপথ। সেই আলপথ ধরে চলেছি। হঠাৎ কিছু জায়গায় আলপথ বলে কিছু নেই, ভেঙে সমতল হয়ে গেছে, সেখানে জল গড়াচ্ছে।
কিছুক্ষণ দাঁড়িয়ে মাথা চুলকে, এদিক-ওদিক তাকিয়ে, দিলাম লাফ, আর জুতো শুদ্ধু পা ডুবে গেল কাদায়!
আমার সহযাত্রিণী নিরাশ হয়ে বললেন, না, না, আমি পারবো না!
আমি তাঁকে ধানক্ষেতের মধ্যে দাঁড় করিয়ে রেখে, চললাম নদীর উৎস সন্ধানে, ভাঙা আলপথে দুটি জায়গায় কাদায় পা ডুবিয়ে লাফ দিয়ে চললাম এগিয়ে। আমার প্রবল সর্পভীতি, যদি ধানক্ষেত থেকে বেরিয়ে আসে কোনও আলকেউটে — সেই ভয়ে আত্মারাম খাঁচায় রীতিমতো ছটফট শুরু করেছিলো।
এবং হ্যাঁ, সেই কুয়োর সন্ধান পেলাম। কুয়োটা সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। একটা অস্পষ্ট বোর্ডে লেখা আছে, স্বর্ণরেখা নদীর উদ্গম স্থল (स्वर्णरेखा नदी का उद्गम स्थल) !

কুয়োর একপাশে একটা ছোট্ট নিকাশি ছিদ্র করা আছে, কুয়োর জল সেই দিকে বেরোতে পারে। কিন্তু আমি দেখলাম, জলতল স্থির।
কিন্তু আমি ভেবেছিলাম, এখানে কোনও খাদ থাকবে, কিংবা নদীর জল বেরিয়ে তার গতিপথে মাটি সরিয়ে দৃশ্যমান নালা তৈরি করবে — সেসবের কিছুই নেই।
কুয়োর চারপাশে ধানক্ষেত, সেই ধানের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়ে যাচ্ছে — ছড়িয়ে যাচ্ছে মাঠময়।
কীভাবে নদীতে পরিণত হচ্ছে এই জলরেখা? আমার চর্মচক্ষে সেটা ধরা পড়লো না। হয়তো ড্রোন ক্যামেরায় আকাশ থেকে ছবি তুললে সেটা ধরা পড়তো। জানি না।
একটা কুয়ো থেকে যার উৎপত্তি, সেই নদী কী করে এত জলসঞ্চয় করে ফেললো যে ১০/১২ কিলোমিটারের পরেই তার জলেই তৈরি হলো ধুরবা জলাধার এবং আরও ৫০ কিলোমিটার পথ পেরুলেই গেতালসুদ জলাধার!
তারপরেই হুনড্রু (हुंडरू)-তে ৩২০ ফুট উঁচু থেকে লাফ মারছে নিচে! কী বিস্ময়কর এই পরিবর্তন, এই শক্তিসঞ্চয় !