| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস

Reporter
অসিত দাস / ১৬৩ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কলিকাতা, সুতানুটি (সুতালুটি) ও গোবিন্দপুর, তিন গণ্ডগ্রাম নিয়ে গড়ে উঠল জোব চার্নকের কলিকাতা৷ কলিকাতা বদলাতে বদলাতে এখন হালফ্যাশনের কেতাদুরস্ত কলকাতা৷ ‘কলিকাতা’র আদি নাম খুঁজতে খুঁজতে ‘কালীকোটা’ পাওয়া যাচ্ছে৷

‘কালীকোটা’র আগে কী ছিল? একটু তত্ত্বতালাশ চালালে  ইতিহাসের ম-ম গন্ধ পাওয়া যায়। তিন-চারশো বছর আগে জঙ্গলে পরিপূর্ণ, শ্বাপদসংকুল, দস্যুতস্কর-অধ্যুষিত কলিকাতা ও সুতানুটির ভেতর দিয়ে প্রাণ হাতে করে তীর্থযাত্রীরা কালীঘাটে তীর্থ করতে যেতেন৷ হরিসাধন মুখোপাধ্যায়ের ‘কলিকাতা সেকালের ও একালের’ বইটি থেকে জানতে পারি, দ্বাদশ ভৌমিক বা বারো ভুঁইয়াদের আমল থেকে এ বঙ্গে তন্ত্রচর্চা অতি প্রবল হয়ে ওঠে৷ এই সময়ে বঙ্গে শক্তিপূজার ব্যাপক প্রচলন হয়৷ লুপ্ত তীর্থস্থানগুলি বামাচারী কাপালিকদের হাত থেকে মুক্ত হয়ে সাধুসন্ন্যাসী ও ব্রহ্মচারীদের অধীনে আসে৷ এই সময় থেকে কালীঘাট তীর্থস্থান হিসেবে সাধারণ লোক ও তীর্থযাত্রীদের চোখে বেশি করে পড়তে শুরু করে৷

বল্লাল সেনের সময় থেকে কালীঘাটের খ্যাতি ছড়িয়ে পড়লেও ষোড়শ শতাব্দীতে এর প্রতিপত্তির কথা সবচয়ে বেশি করে শোনা যায়৷ ‘ঘটক-কারিকা’ থেকে জানা যায়, বঙ্গে যাজ্ঞিক পঞ্চমহর্ষির আগমনের সময় কালীঘাটের ব্যাপক পরিচিতি ছিল তীর্থযাত্রী মহলে৷ আদিশূর যে পাঁচজন যাজ্ঞিক মহর্ষিকে কান্যকুব্জ থেকে বঙ্গে নিয়ে আসেন, তাঁরা রাঢ়ে আবাস গ্রহণ করেন৷ হরি মিশ্রের কুলগ্রন্থে এই পাঁচজন মহর্ষিকে কোথায় থাকতে দেওয়া হয়েছিল তার বিস্তৃত বিবরণ আছে৷ কান্যকুব্জ থেকে আসা মহর্ষিদের যে পাঁচটি গ্রামে থাকতে দেওয়া হয়ে সেগুলি হল,- পঞ্চকোটি, কঙ্কগ্রাম, কামকোটি, বটগ্রাম ও হরিকোটি গোপ ব্রহ্মপুরী৷ পঞ্চকোটির অধুনা নাম হয়েছে পঞ্চকোট বা মানভূমি৷ তেমনই কামকোটির বর্তমান নাম হল বীরভূম কামকোটি৷ হরিকোটি গোপ ব্রহ্মপুরী এখন ‘হরিকুঠি গোপ’-এ পরিণত হয়েছে মেদিনীপুরে৷ শাণ্ডিল্য গোত্রের ভট্টনারায়ণ ছিলেন পঞ্চমহর্ষির একজন৷ তিনি চতুষ্পাঠীতে ছাত্র পড়ানোর দায়িত্ব পান কালীঘাটে৷ কালীঘাটে তীর্থ করতে যেতে হয় অরণ্যপরিবেষ্টিত শ্বাপদসংকুল কলিকাতা-সুতানুটি- গোবিন্দপুরের মধ্য দিয়ে৷

কলিকাতা চার-পাঁচশো বছর আগে লোকমুখে ছিল ‘কালীকোটা’৷ ‘কালীকোটা’ যে ‘কালীকোটি’র অপভ্রংশ, তা একটু মাথা খাটালেই বোঝা যায়৷ পঞ্চকোটি, কামকোটি, হরিকোটির মতো ‘কালীকোটি’ নামটিও থাকা খুবই সম্ভবপর ছিল৷ ‘কোটি’-র অর্থ অগ্র বা ধারালো প্রান্ত৷ কালী তখন প্রাক-কলিকাতার আদি গণ্ডগ্রামের কোটি বা অগ্রে বা একপ্রান্তে বিরাজ করতেন বলেই ‘কালীকোটি’ বলা হত স্থানটিকে। ‘কালীকোটি’ থেকে লোকমুখে অপভ্রংশ হতে হতে ‘কালীকোটা’ হয়েছে৷ যেমন পঞ্চকোটি হয়েছে পঞ্চকোট৷ হরিকোটি হয়েছে হরিকুঠি৷ শ্রীহরিকোটার নামও আমরা রকেট বা মিসাইল উৎক্ষেপনকালে শুনি৷ ‘কালীকোটা’ অবধি ইতিহাস আমাদের জানাচ্ছে৷ ‘কালীকোটি’র হদিস কেউ দেননি আজ পর্যন্ত।

পীঠমালা অনুসারে বিভিন্ন কালীর অবস্থানের জন্য বেহালা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিস্তৃত স্থান, যার ওপর বর্তমান কলকাতা দাঁড়িয়ে আছে, তা কালীক্ষেত্র নামে অভিহিত৷ কলকাতা প্রাক্‌-ব্রিটিশ যুগ থেকেই কালীক্ষেত্র৷ কেউ কেউ বলেন, ‘কালীক্ষেত্র’ থেকেই ‘কলিকাতা’ বা ‘কলকাতা’ হয়েছে৷ আবার কেউ কেউ বলেন, কালীঘাট-কালীঘাটা-কালীকোটা- কালীকর্তা-কালিকাত্তা থেকে কলিকাতা বা কলকাতা হয়েছে৷ বৌদ্ধ পরিব্রাজক কবিরামের গ্রন্থ ‘দিগ্বিজয় প্রকাশ’-এ ‘কিলকিলা’ নামক প্রদেশের উল্লেখ আছে৷ কবিরাম ছিলেন যশোরেশ্বর প্রতাপাদিত্যের সমসাময়িক৷ পাটুলিপুত্র থেকে তিনি যাত্রা শুরু করেন৷ মাহেশ, হরিপাল সিঙ্গুর, ত্রিবেনী, চাকদা, ডুমুরদা, সপ্তগ্রাম, জগদ্দল, শিবপুর, বালি, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, বাঁশবেড়িয়া, খলিসানি, গোবিন্দপুর, ভাটপাড়া, শৃগালদহ প্রভৃতি স্থান কিলকিলা প্রদেশের অর্ন্তভুক্ত ছিল৷ সবসুদ্ধ তিন হাজার গ্রাম কিলকিলার অন্তর্গত ছিল৷

অনেকে অনুমান করেন, ‘কিলকিলা’ থেকে ‘কলকাতা’ নামটি এসেছে৷ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী কলিকাতায় আগে ‘কলি’ দেয়ালে লাগানেরা জন্য ‘কাতা’ বা মণ্ড পাওয়া যেত৷ কলকাতায় আগে শামুক বা ঝিনুক পুড়িয়ে কলিচুন তৈরি করা হত৷ তাঁর মতে জায়গাটির নাম নাকি তাই কলিকাতা হয়েছে৷ হাওড়া জেলার ‘কলিকাতা’ নামের গ্রামের প্রসঙ্গ তখন উঠেছিল৷ অবশ্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের আগেই দুই লেখক পৃথকভাবে এই তত্ত্বের কথা জানিয়েছিলেন৷ এখন অনেকেই এই তত্ত্ব মানেন না৷ বাকি কাহিনিগুলোর মধ্যে কয়েকটি বেশ কৌতুককর৷ সেগুলি মোটামুটি অনেকের জানা৷ যথা সাহেবের ‘কব কাটা’ র উত্তরে গোবেচারা পথচারীর বলা ‘কাল কাটা’ থেকেই ক্যালকাটা তথা কলিকাতা!

কলকাতার নামকরণ নিয়ে যতগুলি গল্প চালু আছে সেগুলির জন্ম কৌতুক বা রহস্য থেকে৷ সেগুলির মধ্যে সত্যি খুঁজতে যাওয়া মানেই বিভ্রান্তির ফাঁদে পা দেওয়া৷ রাধাকান্ত দেবের মতে, ‘গলগথা’ থেকেই ‘কলকাতা’ এসেছে৷ ওলন্দাজরা কলকাতায় প্রথম পদার্পণ করে মড়ার খুলির স্তূপ আবিষ্কার করেছিল বলে তারা জায়গাটিকে ‘গলগথা’ বলে ডেকেছিল৷ আর্মেনীয়রা সুতানুটির হাটে কার্পেট, কম্বল, সুজনি ইত্যাদি বিক্রি করত৷ আর্মেনীয়রা কম্বলকে ‘কলি’(Khali) বলত৷ তাই জায়গাটির নাম হল ‘কলি-কাতা’ বা কলিকাতা তথা কলকাতা৷ আবার শুদ্ধ বাংলায় কলি মানে কলহ। কলকাতার চণ্ডীমণ্ডপগুলিতে, পাড়ার স্নানের ঘাটগুলিতে তখন নিত্যদিন ঝগড়া লেগে থাকত। তাই কলি-কাতা নাম হল জায়গাটির, এমন মতও আছে।

‘হুতোম পেঁচার নক্সা’য় আছে ‘ব্যোমকালী কলকেত্তাওয়ালী’! তাই দেখে ‘বঙ্গীয় শব্দকোষ’ প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কালীঘাট ও কলকাতা উভয়ের নাম সৃষ্টি হয়েছে একই শব্দ থেকে৷ যদিও তিনি সেই বীজশব্দটি ধরতে পারেননি৷ হরিচরণ বন্দ্যোপধ্যায়ের ধারণা অত্যন্ত সংগত৷ মূল শব্দটি যে কী, তা ভাবতে ভাবতে মাথার ঘায়ে কুকুর পাগল হওয়ার দশা হবে।  অবশেষে মিলেছে ঈপ্সিত সেই নাম। সেটি হল ‘কালীকোটি’৷

যে পথে কালীকোটি শব্দটি তদ্ভব রূপ ধারণ করেছে, অপভ্রংশ হয়ে লোকের মুখে ঘুরছে, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করা যাক-

১. কালীকোটি > কালীকোটা > কালিকত্তা > কলিকাতা > কলকাতা৷

২. কালীকোটি > কালীকোট > কালীকট > কালীকাট > কালিগাট > কালীঘাট৷ সংস্কৃত বা তৎসম বাংলা ‘কালীকোটি’ এইভাবেই পরিবর্তিত হয়ে দুটি ভিন্ন পন্থায় দুটি আলাদা অঞ্চলের নামের সৃষ্টি করে৷ কালীকোটির ইতিকথা আমাদের দেখিয়ে দেয়, কালীক্ষেত্র নয়, কিলকিলা নয়, কলিচুনের কাতা নয়, কলকাতার সৃষ্টি কালীকোটি থেকে৷ এখান থেকেই সৃষ্টি হয়েছে কালীঘাটেরও৷ অর্থাৎ দেখা যাচ্ছে, কালীঘাটের কুকুর ও কলকাতার কুকুর, দুটোরই মা একই৷ সেই আদি ও অকৃত্রিম সরমা৷ সারমেয়-অধ্যুষিত  কালীঘাটে পুজো দিয়ে গিয়ে কুকুরের আবদার যেমন সহ্য করতে হয়, তেমনি ধাপার মাঠে কলকাতার সারমেয়দেরও ঘুরঘুর করতে দেখা যায়৷ কুকুরের স্বর্গীয় মাতা সরমা-কে নিয়ে ইংরেজিতে বইও লেখা হয়েছে৷ বইটির নাম Sarama and her Children: The Dogs in Indian Myth(Writer- Bibek Debroy)।  কালীকোটি নামটির এখনও পর্যন্ত কোথাও দেখা পাইনি৷ সবটাই জল্পনাকল্পনার স্তরে৷ কালীকোটা পর্যন্ত পাওয়া যায়, আর পাওয়া যায় কালীকট৷ এর একধাপ ওপরেই কি কালীকোটি? তবে বাংলাদেশে কালীকোটি নামে একটি গ্রাম এখনও আছে বলে শুনেছি। ভৌগোলিক পরিসরে স্থাননামের রিপিটেশন একটি স্বাভাবিক প্রক্রিয়া।

আপনার মতামত লিখুন :

One response to “কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস”

  1. Rajesh Ganguly says:

    অত্যন্ত সমৃদ্ধ একটি নিবন্ধ। অনেক অজানা তথ্য জানা গেল। ইতিহাস অনেকসময়ই সঠিক হদিশ দিতে না পারলেও, একটা ধারণার পথ তো তৈরী করে দেয়ই। সবচেয়ে প্রধান যে কাজটা ইতিহাস করে, তা হল তথ্যানুসন্ধিৎসা সংক্রামিত করতে পারে। এই বিষয়ে আরও আরও বইপত্র পড়ার এবং এর উত্তরসূরী নির্মাণের প্রয়াস সুগম হোক। ধন্যবাদ জানবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev