
[‘বিদ্যাসাগরের নবজন্ম’ নামে আমার একটা বই প্রকাশিত হতে যাচ্ছে। সে বইতে আমি কল্পনা করেছি একুশ শতকে বিদ্যাসাগর নতুন করে জন্মগ্রহণ করেছেন পূর্ব মেদিনীপুরের কালিকাপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। নতুন যুগে দেশকে দেখার ইচ্ছে তাঁর হয়েছিল। কায়মনোবাক্যে তিনি ইচ্ছাঠাকুরনের কাছে নিবেদন করেছিলেন তাঁর প্রার্থনা। ইচ্ছাঠাকুরন বলেছিলেন, ‘বাছা, তোমার ইচ্ছা পূর্ণ করব। তবে কিনা, তুমি জাতিস্মর হয়ে জন্মাবে। গত জন্মের সমূহ কথা মনে থাকবে তোমার। তোমার নতুন পিতা-মাতা জানবেন না যে পূর্বজন্মের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁদের সন্তান হয়ে এসেছেন। দেখো বাছা, পূর্বজন্মের কোন কথা তুমি ভুলেও প্রকাশ করবে না। তাহলে তোমাকে অপদস্থ হতে হবে।’
বিদ্যাসাগরের নবজন্মের পিতার নাম কুমারেশ আচার্য, মাতার নাম নীপময়ী। এ জন্মেও তাঁর নাম বিদ্যাসাগর। তার একটা কারণ আছে। নীপময়ীর নবজাত শিশুর মাথাটি ছিল দেহের তুলনায় বেশ বড়ো। তাই পাশ্ববর্তী খাগড়াবনি গ্রামের বসন্তবাবুর রসিক পুত্র বলাই কুমারেশবাবুকে বলেছিল, ‘কুমারেশকাকা, এ যে দেখি বিদ্যাসাগর, যাঁকে তাঁর সেকালের সহপাঠীরা যশুরে কৈ বলে খেপাত।’ সেই থেকে কুমারেশের পুত্রের নাম হয়ে গেল বিদ্যাসাগর। লেখাপড়ার জন্য কুমারেশ তাঁর শিশুপুত্রকে কলকাতায় এনেছিলেন। বড়বাজারের গণেশকাটরার কাছে এক মহাজনের আশ্রয়লাভ করেন তাঁরা। এক কালীপুজোর রাতে কি হয়েছিল, পাঁচ নম্বর অধ্যায়ে তার বর্ণনা আছে।] …
দেখতে দেখতে এসে গেল কালীপুজো। রাস্তায় রাস্তায় বাঁধা হতে লাগল প্যাণ্ডেল। এমন রমরমা দুর্গাপুজোতে দেখা যায় নি। বিদ্যাসাগরের মনে হল এখন কালীপুজোর বাড়-বাড়ন্ত হয়েছে। স্মৃতি হাতড়ে বিদ্যাসাগর কালীপুজোর ইতিহাস সন্ধান করতে লাগলেন।
ষোড়শ শতকে নবদ্বীপের প্রসিদ্ধ স্মার্ত পণ্ডিত তথা নব্যস্মৃতির স্রষ্টা রঘুনন্দন দ্বীপান্বিতা অমাবস্যায় লক্ষ্মীপুজোর বিধান দিলেও কালীপুজোর কোন উল্লেখ করেন নি। অনেক পরে ১৭৮৬ সালে কাশীনাথের ‘কালী সপর্যাসবিধি’ গ্রন্থে দীপান্বিতা অমাবস্যায় কালীপুজোর বিধান পাওয়া যায়। সপ্তদশ শতকের নবদ্বীপের বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ বাংলায় কালীমূর্তি ও কালীপুজোর প্রবর্তন করেন বলে অনেকে মনে করেন। পরবর্তীকালে রামপ্রসাদ সেন আগমবাগীশ প্রবর্তিত পদ্ধতিতে কালীপুজো করতেন।
কালীপুজোর রমরমা হল অষ্টাদশ শতকে। নদিয়ার রাজা জনপ্রিয় করে তুললেন কালীপুজোকে। প্রজারাও মেতে উঠলেন সে পুজোয়। রামপ্রসাদ আর কমলাকান্ত রচনা করতে লাগলেন শাক্ত পদাবলি। জনমানসে তার গভীর প্রভাব পড়ল। উনিশ শতকে কৃষ্ণচন্দ্রের পৌত্র এগিয়ে গেলেন আরও একধাপ। তাঁর সঙ্গে যোগ দিলেন দেশীয় জমিদাররা। কালীপুজো জনপ্রিয় হয়ে উঠল। তাতে নতুন মাত্রা যোগ করলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ আর নিবেদিতা।
একটা কথা মনে পড়ায় হাসি পেল বিদ্যাসাগরের। কথাটা তান্ত্রিকদের সঙ্গে ডাকাতদের মিলের কথা। তান্ত্রিকদের মতো ডাকতদেরও আরাধ্যা দেবী হলেন কালী। ডাকাতরা কালীর বিভিন্ন নাম দিত। যেমন : রঘু ডাকাতের সিদ্ধেশ্বরী কালী, মনোহর বাগদীর কঙ্কালমালিনী, গঙ্গারাম বাগদীর শ্মশানকালী, শনি ভাঙড়ের শ্বেতকালী, হারান বাগদীর মহিষমর্দিনী ।
ডাকাতি করার আগে কালীপুজো করত ডাকতেরা। তারপর কপালে কাটত রক্ততিলক। ডাকাতি করতে যাবার আগে বাড়ির মালিককে চিঠি দিয়ে জানিয়ে দিত। চিঠির তলায় লিখত ‘ মা কালীর সেবক’ বা ‘মা তারার দাসানুদাস’।
নগর কলকাতায় গড়ে উঠেছিল অনেকগুলি কালী মন্দির : কালীঘাটের কালী মন্দির, ঠনঠনিয়ার কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি। কলকাতাকে লোকে বলত : ‘কালী কলকাত্তাওয়ালি’। বিদ্যাসাগর শুনেছেন এখন কলকাতায় কালীপুজোর বহর অনেক বেড়েছে। তাহলে কি কলকাতায় তান্ত্রিক বা ডাকাতদের খুবই প্রাদুর্ভাব ঘটেছে? তারাই কি টালা থেকে টালিগঞ্জ মেতে উঠেছে কালীপুজোয়? বলিদান প্রথা উঠে গেছে বলে বিকল্প হিসেবে ফাটাচ্ছে বাজি-পটকা?
যত বিকেল গড়াতে লাগল ততই বাজি-পটকার শব্দে কেঁপে উঠতে লাগল কলকাতা। এইসব যখন ভাবছিলেন বিদ্যাসাগর, সেই সময়ে ঘরে ঢুকলেন তাঁর বাবা কুমারেশ আর অবনীকাকা। অবনীকাকা তাঁদের পাশের গ্রাম রঘুরামপুরের মানুষ। দরদী আর রসিক। চা খেতে খেতে অবনীকাকা বললেন, ‘ঠাকুর দেখতে যাবে না কি হে কুমারেশ?
কুমারেশ বলেন, ‘আরে যাব বলেই তো তোমাকে ডেকে আনলাম। নতুন এসেছি কলকাতায়। রাস্তাঘাট ভালো চিনি না। তাই তোমার সাহায্য দরকার। শোন, একটু রাত করে বেরোব। প্রথমে যাব ফাটা কেষ্টর কালীর কাছে।’
বিদ্যাসাগর জানতে চাইলেন ফাটা কেষ্ট কোন ডাকাত কি না? উত্তরে অবনীকাকা হাসতে হাসতে বললেন, ‘ডাকাত নয়, মস্তান।’
মস্তান? শব্দটা আগে শোনেন নি বিদ্যাসাগর। শব্দটার অর্থ জানতে চান তিনি। অবনীকাকা বলেন, ‘বাহুবলী বা গুণ্ডাকে মস্তান বলে।’
বিদ্যাসাগর ভাবলেন সেকালের ডাকাতদের মতো একালের মস্তানরাও কালীপুজো করে। কিন্তু সেকালের ডাকাতদের মতো কালীভক্তি কি একালের মস্তানদের আছে? এ কালের মস্তানরা কি সেকালের ডাকাতদের মতো নারী ও শিশুকে আঘাত করে না? এ সব প্রশ্ন বাবা বা অবনীকাকাকে করা যায় না। তাই বিদ্যাসাগর চুপ করে থাকেন।
অবনীকাকা বিদ্যাসাগরকে জামা-কাপড় পরতে বললেন। বিদ্যাসাগর বললেন, ‘আমি যাব না।’
অবাক হয়ে অবনীকাকা, ‘যাবে না?’
বিদ্যাসাগর বলতে যাচ্ছিলেন ‘আমার এসব ভালো লাগে না’; ইচ্ছাঠাকুরনের কথা মনে পড়ায় তিনি সতর্ক হয়ে বলেন, ‘আমার বড় ঘুম পেয়েছে। আমি ঘুমোব। তোমরা বাহির থেকে তালা লাগিয়ে চলে যাও।’
অবনীকাকা খুব অবাক হয়েছেন দেখে কুমারেশ তাঁকে বললেন, ‘আমার ছেলেটা কেমন খাপছাড়া গোছের বুঝলে অবনী! ব্রাহ্মণের ঘরের ছেলে কিন্তু ঠাকুর দেবতা, পুজো আচ্চায়,মন নেই। মাঝে মাঝে এমন উদ্ভট কথা বলে!’
অবনীকাকা হো হো করে হেসে উঠে বলেন, ‘তোমার ছেলে বোধহয় জন্ম নাস্তিক।’
বাবা আর অবনীকাকা বেরিয়ে যাবার পরে বিদ্যাসাগর বিছানায় শুয়ে ভাবতে লাগলেন গত জন্মের কথা। গত জন্মেও লোকে তাঁকে নাস্তিক বলত। পুজো আচ্চা বা ঠাকুর দেবতা সম্পর্কে তাঁর আগ্রহ ছিল না। ব্রাহ্মণের ছেলে হয়েও গায়ত্রী মন্ত্র ভুলে গিয়েছিলেন তিনি। শাস্ত্রকে বেদবাক্য মনে করেন নি। মানব-অতীত ও মানব-ব্যতীত কোন কিছুতে তাঁর আস্থা ছিল না। নাস্তিককে নিয়ে ঠাকুরবাড়ির রবি সুন্দর একটা কবিতা লিখেছিলেন। কবিতাটির কথা মনে পড়ল বিদ্যাসাগরের :
নাস্তিক সে-ও পায় বিধাতার বর
ধার্মিকতার করে না আড়ম্বর
শ্রদ্ধা করিয়া জ্বালে বুদ্ধির আলো
শাস্ত্র মানে না মানে মানুষের ভালো
হঠাৎ বিদ্যাসাগরের মনের চোখে ভেসে উঠল রামকৃষ্ণের ছবি। তাঁদের সময়কার কালীসাধক। না, তিনি তান্ত্রিক নন, মস্তান নন। শিশুর মতো সরল, নিষ্পাপ, স্নিগ্ধ ও সুন্দর। বিদ্যাসাগর দেবতা না মানতে পারেন, কিন্তু রামকৃষ্ণের সরলতায় তিনি মুগ্ধ। কলকাতার বাদুড়বাগানের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন রামকৃষ্ণ। ১৮৮২ সালে। তিনি বলেছিলেন যে বিদ্যাসাগর অন্য পণ্ডিতদের মতো নন, ‘অন্য পণ্ডিতগুলো দরকচাপড়া। না এদিক না ওদিক। শকুনির মতো। শকুনি খুব উঁচুতে ওঠে। কিন্তু নজর ভাগাড়ের দিকে। বেশির ভাগ পণ্ডিত সংসারাসক্ত, কামিনী –কাঞ্চনে মোহগ্রস্ত। তুমি তো সেরকম নও। দয়া-ভক্তি-বৈরাগ্য আছে তোমার। তুমি অবিদ্যার সাগর নও, তুমি যে ক্ষীরসমুদ্র।’
এই সাক্ষাৎকারের পর রামকৃষ্ণের সঙ্গে আর দেখা হয় নি বিদ্যাসাগরের। ১৮৮৬ সালে দুরারোগ্য কর্কট রোগে মৃত্যু হয় রামকৃষ্ণের। জন্মান্তরিত বিদ্যাসাগর কল্পনা করলেন রামকৃষ্ণের সঙ্গে তাঁর দ্বিতীয় সাক্ষাতের।
অসুস্থ রামকৃষ্ণের সঙ্গে তিনি দেখা করতে এসেছেন। তাঁকে দেখে রামকৃষ্ণ খুব খুশি। বললেন, ‘কি গো বিদ্যাসাগর, তুমি এসেছ?’
বিদ্যাসাগর বলেন, ‘আপনার সঙ্গে ঝগড়া করতে এসেছি।’
রামকৃষ্ণ শিশুর মতো হেসে বলেন, ‘কেন গো? আমি আবার কি করলাম? আমার সঙ্গে ঝগড়া কিসের? দ্যাখো বাপু, আমি মুখ্যুসুখ্যু মানুষ। তুমি মস্ত পণ্ডিত, শাস্ত্র নিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে গেলে আমি হেরে ভূত হয়ে যাব তোমার কাছে।’
বিদ্যাসাগর হেসে ফেলেন সে কথা শুনে। বলেন, ‘এই যে আপনি সারাক্ষণ মা মা করেন, সেই মা তো আপনার কষ্ট দূর করতে পারছেন না?’
রামকৃষ্ণ বলেন, ‘কই, আমার তো কষ্ট নেই।’
— ‘বললে হবে! কর্কট রোগের যে বড় কষ্ট।’
এই কষ্টের কথায় রামকৃষ্ণও বিদ্যাসাগরের কষ্টের কথা তুলেছিলেন। বলেছিলেন, ‘যে মানুষের জন্য তুমি কত কিছু করলে, সেই মানুষ কত দাগা দিল তোমাকে। তোমার কষ্ট হয় না বিদ্যাসাগর!’
কতদিন বাদে সেসব কষ্টের কথা মনে পড়ল জন্মান্তরিত বিদ্যাসাগরের। মনে পড়ল বিধবা বিবাহ আন্দোলনের কথা। যেসব বন্ধু তাঁকে সাহায্য করবেন বলেছিলেন, তাঁরা সমাজের ভয়ে কেটে পড়েন। মনে পড়ল বঙ্কিমচন্দ্র, রাজেন্দ্রলাল, নবগোপাল, ভূদেব, জয়কৃষ্ণদের প্রতিবাদের কথা। মনে পড়ল নিজের পরিবারের কথা। নিজের ভাই ঈশানচন্দ্র আর শম্ভুচন্দ্রের কথা। পুত্র নারায়ণচন্দ্রের কথা। এঁরা কেউ তাঁকে বুঝতে পারেন নি। তাঁকে বুঝতে পারেন নি তাঁর স্ত্রী, তাঁর মা ও বাবা। বড় নিঃসঙ্গ ছিলেন তিনি, তবু কখনও আপোষ করেন নি অন্যায়ের সঙ্গে।
এসব ভাবতে ভাবতে জন্মান্তরিত বিদ্যাসাগরের দু-চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল।