
১৯৩১ সালের ৯ মে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি খবর দিয়ে লেখাটা শুরু করি, ‘যতদিন পর্যন্ত হিন্দু কিংবা মুসলমানের মধ্যে কোন একটি সম্প্রদায় অথবা উভয় সম্প্রদায়ের দীর্ঘ ভ্রাতৃবিরোধী সংগ্রামে সম্পূর্ণরূপে ক্লান্ত হইয়া পড়িবে, কিংবা শিক্ষার ফলে তাহাদের মধ্যযুগীয় মনোবৃত্তি সম্পন্ন পরিবর্তন সাধিত না হইবে, ততদিন পর্যন্ত আমি ঐ (সাম্প্রদায়িক) সমস্যার স্থায়ী সমাধানের কোন লক্ষণ দেখি না।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথা থেকে যথার্থই বোঝা যায় তিনি মনে করতেন হিন্দু-মুসলমানের বিরোধ দূর হতে পারে মেলামেশা চেনাজানার মধ্যে দিয়ে। সেটাই একমাত্র পথ। এই প্রসংগটা টানছি এই কারণে বেদ থেকে দেশভাগ পরবর্তী বর্তমানে যত এগিয়ে যাবো এই কথাটাই যেন সত্য মনে হবে। মজার বিষয় হচ্ছে উত্তর প্রদেশে স্কুল কলেজের সিলেবাস থেকে বাঙালি চিন্তক রবীন্দ্রনাথের লেখা এক এক করে বাদ দিয়ে সেখানে যোগীর নিজের লেখা আর বাবা রামদেবের লেখা ঢোকানো হচ্ছে।
আজকাল বাঙালি জাতিসত্ত্বার ওপর বিজেপি বা আরএসএস পরিচালিত ব্রাহ্মণ্যবাদী ফ্যাসিবাদের ছায়া বেড়ে উঠছে। বাঙালির খাদ্যাভাসের ওপর আক্রমণ সমান তালে চলছে। উত্তর ভারতীয় ব্রাহ্মণ্যবাদের অন্যতম বৈশিষ্ট্য হল নিরামিষ ভোজন, যা এখন বাঙালিদের ওপর চাপানোর চেষ্টা চলছে। এই প্রচেষ্টা শুধু বাঙালিদের ক্ষেত্রেই নয়, দক্ষিণ ভারতীয়দের ক্ষেত্রেও চলছে। ব্রাহ্ম সমাজের হাত ধরে বাংলায় যে নবজাগরণ হয় তার মর্মবস্তুর সাথেও বিজেপি বা আরএসএসের হিন্দুত্বের তীব্র বিরোধ আছে। প্রকৃতপক্ষে ব্রাহ্মরা বাংলায় যাকে মূলত তীব্র আঘাতে ধরাশায়ী করেছিলেন তা হল ঐ উত্তর ভারতীয় হিন্দুত্বের বাংলা সংস্করণটিকেই। গোঁড়া হিন্দু আচারের ফলেই এখানে তৈরি হয়েছিল বাল্যবিবাহ এবং সতীদাহের মত ঘৃণ্য প্রথা। মেয়েদের পর্দানশীন করে ঘরে আটকে রাখা, তাঁদের শিক্ষা থেকে বঞ্চিত করার কয়েক দশকের প্রথা ও ধারণাগুলি রামমোহন, দেবেন্দ্রনাথ, বিদ্যাসাগর, অক্ষয় দত্তদের তীব্র আন্দোলনে ধ্বসে পড়ে। ফলত, সম্প্রতি রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে পাদপ্রদীপের আলোয় নিজেকে নিয়ে এসেছেন এক মধ্যপ্রদেশীয় বিজেপি মন্ত্রী। নেতাজী সুভাষ চন্দ্র বসুও আক্রান্ত হচ্ছেন। বিজেপির পিতৃসংগঠন আরএসএসের মত হিন্দুত্ববাদী সংগঠনগুলি কখনই ব্রিটিশ-বিরোধী সংগ্রামে অংশ নেয় নি। এখন তাদের হাবভাব হল তারা স্বাধীনতা সংগ্রামী এবং তা নিয়ে চিন্তিত! আবার, ‘বন্দে মাতরম’ নিয়ে বিজেপি যে আদেখলাপনা শুরু করেছে তার অংশ হিসাবে তারা বলতে শুরু করেছে যে, জাতীয় স্তোত্র হিসাবে ‘বন্দে মাতরম’ থেকে দুর্গাবন্দনার অংশটি বাদ দিয়ে কংগ্রেস যে অন্যায় করেছিল তারা তার প্রায়শ্চিত্ত হিসাবে উক্ত অংশটিকে ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ!
বেদে ব-দ্বীপ অঞ্চলের ভাষাকে অর্থাৎ বাংলা ভাষাকে ‘পাখির কিচিরমিচির শব্দ’’ (বায়াংসি) বলে ব্যঙ্গ করা হয়েছে। এক সময় উত্তর ভারতের ব্রাহ্মণদের পূর্ব ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। কেউ কোনো কারণে এসে পড়লে তাকে ফিরে গিয়ে প্রায়শ্চিত্ত করতে হত। পরবর্তীকালে যখন সেনদের হাত ধরে ব্রাহ্মণ্যতন্ত্রের সূচনা হয় তখন বাংলায় বর্ণজাতি প্রথা গড়ে ওঠে। বৌদ্ধরা ভূমিগত (আন্ডারগ্রাউন্ড) হতে বাধ্য হন। মধ্যযুগে লালন এবং চৈতন্যের নেতৃত্বে ব্রাহ্মণ্যবাদ বিরোধী এবং বর্ণজাতি বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। এখানে আরও একটা বিষয়ও মনে রাখতে হবে। বাংলার মাতৃকেন্দ্রিক আমিষভোজী তান্ত্রিক সংস্কৃতির সঙ্গে পুরুষবাদী বৈদিক সংস্কৃতির দীর্ঘ এবং বিতৃষ্ণামূলক সংঘাতের সম্পর্ক আছে। এই দ্বন্দ্বগুলিকে বাঙালি কখনই গুরুত্ব দিয়ে দেখেনি। ভারতের সমস্ত শাসক শ্রেণি বাঙালি বিদ্বেষে জর্জরিত কারণ নিহিত আছে ঐতিহাসিকভাবেই বাঙালির প্রতিষ্ঠান-বিরোধীতার মধ্যেই। বাঙালিদের মধ্যে থেকেই এক সময়ে নির্বাচনের মধ্যে দিয়ে জনতার মধ্যে থেকে রাজার উত্থান হয়েছিল যা ভূভারতে অভূতপূর্ব ছিল। এভাবেই যে পাল বংশের শাসনের সূচনা হয়েছিল তা প্রতিবাদী আদর্শ বৌদ্ধ আন্দোলনকেই তার মতাদর্শগত ভিত্তি হিসাবে গ্রহণ করে। বাংলায় মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়ে এক নতুন যুগের সূচনা হয়েছিল পালদের হাত ধরে। স্বাভাবিকভাবেই উত্তর ভারতের ব্রাহ্মণ্যবাদী শাসকরা কখনই পূর্ব ভারতের এই বৌদ্ধ রাজবংশের শাসনকে ভালো চোখে দেখে নি। ফলত, পাল বংশের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তির লাগাতার যুদ্ধবিগ্রহ চলতে থাকে। শেষ পর্যন্ত যখন পালদের পরাজিত করে সেন বংশ ক্ষমতায় আসে তখন ব্রাহ্মণ্যবাদ পূর্ব ভারতে জাঁকিয়ে বসে। প্রকৃতপক্ষে এর পর থেকেই বাংলায় এক দীর্ঘস্থায়ী লড়াইয়ের সূচনা হয়ে যায়। মনে রাখা জরুরী বৈদিকরা প্রথম থেকেই বাংলার মানুষ ও সংস্কৃতিকে ঘৃণা করত।
পশ্চিমবঙ্গ বিধানসভা ২০২৬ ফলাফল প্রকাশের পরেই একটা কথা খুব শোনা যাচ্ছে প্রায় সবখানে বাংলার অসাম্প্রদায়িক চেতনা কবে সাম্প্রদায়িক হয়ে গেলো? তিনদশক শাসন করা কংগ্রেস পশ্চিমবঙ্গে বহুযুগ ধরে নামেই টিকে আছে, চৌত্রিশ বছরের সাম্রাজ্য পতনের পরে বামফ্রন্টের অবস্থাও একই বলতে গেলে। তৃণমূল ও বাম ঘরানার লোকজন পশ্চিমবঙ্গে ধর্ম ও সাম্প্রদায়িক দল হিসেবে বিজেপিকে প্রতিহত করতে চেয়েছে বারবার। বাংলায় বিজেপির এই ভূমিধ্বস বিজয় আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় বাংলার রাজনীতিতে এই বিজয় “প্যারাডাইম শিফট” বা কাঠামোগত পরিবর্তন। এটি কেবল একটি দলের পরিবর্তন নয়, বরং স্বাধীনতার পর থেকে বাংলার রাজনীতিতে যে বাম-উদারপন্থী বা সেক্যুলার ঘরানার একচ্ছত্র প্রভাব ছিল, তার ওপর এক বড় সামাজিক ও সাংস্কৃতিক আঘাত। এই বিশাল বিজয়ে একটা ব্যাপার নিশ্চিত কাজ করেছে বলেই আমার বিশ্বাস, বিজেপির দ্বারা তৈরি একটি ‘কাউন্টার-হেজিমনি’ বা পাল্টা-আধিপত্যের সফল রূপায়ণ। তৃণমূলের বিরুদ্ধে তোষণ রাজনীতির যে অভিযোগ দীর্ঘ বছর ধরে বিজেপি তুলেছিল, তা বাংলার হিন্দু মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মনে এই ধারণা তৈরি করতে সফল হয়েছে যে—প্রচলিত ‘সেক্যুলারিজম’ আসলে সংখ্যাগুরুদের অধিকারকে খর্ব করছে। ফলে, মানুষ ঐতিহ্যগত সেক্যুলার কাঠামো ভেঙে বিজেপির ‘সাংস্কৃতিক জাতীয়তাবাদ’ বা ‘হিন্দুত্ব’-এর ন্যারেটিভকে গ্রহণ করেছে। আপনারও কি তাই মনে হয় না? যদিও নির্বাচন কমিশনের একটা বির্তক সামনে এসেছে তবুও ধরাই যায়!
স্বাধীনতা পরবর্তী পশ্চিমবঙ্গের পালাবদলের দিকে যদি একপলক ফিরে তাকাই দেখবো তিন দশক কংগ্রেস শাসন (১৯৪৭-১৯৭৭)। মাঝে কিছু সময়ের জন্য বিভিন্ন ছোট দলের জোট সরকারও ক্ষমতায় আসে। দেশভাগের যন্ত্রণার মধ্যে দিয়ে জন্ম নেয় আজকের পশ্চিমবঙ্গ। স্বাধীন ও খণ্ডিত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন জাতীয় কংগ্রেসের প্রফুল্লচন্দ্র ঘোষ। তবে সদ্য স্বাধীন রাজ্যে তাঁর মেয়াদ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র কয়েক মাসের। আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার এরপর ১৯৪৮ সালে বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন কিংবদন্তি চিকিৎসক ও রাজনীতিক ড. বিধানচন্দ্র রায়। তাঁকে বলা হয় আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার। দুর্গাপুর, কল্যাণী, সল্টলেকের মতো উপনগরী এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মতো শিল্প পরিকাঠামো তাঁর আমলেই গড়ে ওঠে। টানা ১৪ বছর তিনি অত্যন্ত দক্ষ হাতে এই রাজ্যের শাসনভার সামলেছেন। ১৯৬২ সালে তাঁর প্রয়াণের পর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন কংগ্রেসের প্রফুল্লচন্দ্র সেন। খাদ্য সংকট ও নানা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে শাসন পরিচালনা করেন। ১৯৬৭ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। বাংলার রাজনীতিতে অস্থির সময়কালে ষাটের দশকের শেষভাগ থেকে বাংলার রাজনীতিতে এক অস্থির সময়ের সূচনা হয়। ১৯৬৭ সালের নির্বাচনে কংগ্রেসের একচেটিয়া আধিপত্য ভেঙে প্রথমবারের জন্য ক্ষমতায় আসে অকংগ্রেসী সরকার — যুক্তফ্রন্ট। বাংলা কংগ্রেসের অজয়কুমার মুখোপাধ্যায় এই ডামাডোলের সময়ে তিনবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। মাঝে অত্যন্ত অল্প সময়ের জন্য ফের প্রফুল্লচন্দ্র ঘোষ দায়িত্ব সামলেছিলেন। রাজনৈতিক অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছায় যে রাজ্যে একাধিকবার রাষ্ট্রপতি শাসনও জারি করতে হয়। এরপর ১৯৭২ সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের কংগ্রেস ক্ষমতায় ফেরে এবং মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থশঙ্কর রায়। তাঁর শাসনকাল ছিল চরম রাজনৈতিক উত্তেজনায় ভরপুর। একদিকে নকশাল আন্দোলনের আগুন, অন্যদিকে জরুরি অবস্থার সেই উত্তাল রাজনৈতিক আবহে তিনি পাঁচ বছর রাজ্য শাসন করেন। ১৯৭৭ সাল বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক বাঁকবদল। ওই বছর বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী হন সিপিআই(এম)-এর প্রবীণ নেতা জ্যোতি বসু। এরপর যা ঘটে, তা ভারতের সংসদীয় গণতান্ত্রিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। টানা ২৩ বছর বাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তাঁর আমলে অপারেশন বর্গা এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রামীণ বাংলায় বামেদের ভিত শক্ত করেছিল। ২০০০ সালে বার্ধক্যজনিত কারণে তিনি স্বেচ্ছায় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে, তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যে নতুন করে শিল্পায়নের স্লোগান তুলে তিনি এক নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। তথ্যপ্রযুক্তি খাতে জোয়ার আনলেও, তাঁর আমলের শেষ দিকে সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি অধিগ্রহণ কেন্দ্রিক কৃষক আন্দোলন রাজ্য রাজনীতিতে এক প্রবল আলোড়ন সৃষ্টি করে। এই গণআন্দোলনের জেরেই ২০১১ সালে বামফ্রন্টের চৌত্রিশ বছরের একটানা শাসনের অবসান ঘটে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক ‘পরিবর্তন’ ঘটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মা-মাটি-মানুষ’-এর স্লোগান তুলে তিনি বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেন। দীর্ঘ পনের বছর ধরে, ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি টানা তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ শাসনামলে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প দেশে-বিদেশে চর্চিত হলেও, সময়ের সঙ্গে সঙ্গে নানা রাজনৈতিক বিতর্ক এবং প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তীব্র হতে থাকে। আর সেই তীব্র রাজনৈতিক ঝড়ের পরিণতিতেই আজ ২০২৬ সালে এসে বাংলার রাজনীতিতে ফের এক নতুন সূর্যোদয়। সংক্ষেপে স্বাধীনতার পর থেকে ২০২৬ সালের ৪ঠা মে পর্যন্ত বাংলা মসনদের ইতিহাস এটাই। শিরোনাম দেখে মনে হতেই পারে বাম ছাড়া বাকি রাজনৈতিক দল বা সরকারের কথা কেন বলছি না, আসলে চৌত্রিশ বছর মানে প্রায় সারে-তিনযুগ। প্রজন্ম গড়তে এরচেয়ে বেশি সময় কেউ পায়নি তাই বাম আমলকেই প্রামাণ্য ধরে বাংলার জন্মকুন্ডলি মেলেছি কিন্তু যারা বলছেন বাংলার অসাম্প্রদায়িক চেতনা সাম্প্রদায়িক চেতনায় বদলে গেছে সেটা কেন বলে? সত্যিই বদলে গেলে কিভাবে বদলে গেল তা একটু খুটিয়ে দেখলে কেমন হয়?
বাংলার জনগণ শ্যামাপ্রসাদ মুখার্জীর স্বপ্ন থেকে গড়া বিজেপিকে বাংলার মসনদে বসানোর যে সিদ্ধান্ত নিলো তার সুফল কুফল জানতে আমাদের অপেক্ষা করতে হবে কয়েক বছর। কিন্তু ইতিহাসের পাতা উল্টে পাই পশ্চিমবঙ্গের রয়েছে সাম্প্রদায়িক মেরুকরণের ইতিহাস। ছেচল্লিশের দাঙ্গা। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। দেশভাগের সময় ও পরে দাঙ্গার ক্ষত। সুপ্ত সেই সাম্প্রদায়িক অনুভূতিকেই উসকে দিয়েছে মমতার রাজনীতি। (বিশেষ করে শেষ দিককার)। প্রতিযোগিতার সাম্প্রদায়িকতা। আর এই সাম্প্রদায়িক মেরুকরণের আবহে পুরো ফায়দা তুলছে বিজেপি। সাতচল্লিশে স্বাধীনতা। দেশভাগ। বাংলা ভাগ। কোটি মানুষের জীবন–জীবিকায় কাঁটাতার। ভিটে হারানোর যন্ত্রণা। স্বদেশ, স্বজন হারানোর হাহাকার। ছিন্নমূল উদ্বাস্তু। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিকাঠামো আদতে এই ভিত্তিগুলোর উপরই গড়ে উঠেছে! অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভিত্তির সাথে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের অন্যসব রাজ্যের রাজনৈতিক ভিত্তির সাদৃশ্য ও পার্থক্য নিয়ে অন্য একদিন কথা বলাই যায়। যাক যা বলছিলাম তাতেই ফিরে যাই, একটি কথা যা বুঝতে শেখার কাল থেকেই শুনছি, বাঙালি সবসময় বড়াই করে বাঙালি খুব বুদ্ধিমান ও সংস্কৃতিবান। কিন্তু সারা ভারত যা করে বাঙালি ঠিক তার উল্টোটা করে। তার মানে, হয় বাঙালি বুদ্ধিমান আর সারা ভারত বুদ্ধিহীন। তাই বুদ্ধিমান বাঙ্গালী বাবুরা ছেলেমেয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে চেয়ে থাকেন ব্যাঙ্গালোর, পুনে বা হায়দরাবাদ এর দিকে। চিকিৎসা করতে গেলে প্রাধান্য দেন ব্যাঙ্গালোর, মনিপাল, হায়দ্রাবাদ, মুম্বাই আর ভেলোরকে। ৪২ লক্ষ বাঙালি শ্রমিক পেটের দায়ে অন্য রাজ্যে কাজ করেন। এখানে কত পলিটেকনিক কলেজ আছে আর কর্নাটকে কত আছে এর তথ্য গুগলে সার্চ করলেই জানা যাবে। লজ্জা হয় না আমাদের, কোন বাঙালিকে ভাবতে দেখিনা একবারও এত পিছিয়ে পড়লাম কেন? তার আত্মসমালোচনা করতেও দেখিনা বরং দেখি কেবল মিথ্যা বড়াই আর ফাঁকা আওয়াজ। প্রতিটি বাঙালি মনে করে (আমিও বাদ যাইনা) তারচেয়ে বড় রাজনীতি কেউ বোঝে না। বাংলাকে সবচেয়ে বেশি সময় শাসন করেছে বামফ্রন্ট তাই কমিউনিস্ট ভাবধারার বাঙালির দেখা বেশি মেলে এই বাংলায়। কিন্তু কমিউনিস্টরা কি এই বাংলা এবং সর্বোপরি স্বাধীন ভারতবর্ষ চেয়েছিল? কি বলে ইতিহাস।
ভারতের কমিউনিস্ট আন্দোলনের পিছিয়ে পড়ার মূল কারণ আদতে বিদেশি মত ও পথের উপর অতিরিক্ত নির্ভরতা এবং দেশীয় ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে উদাসীনতা। বামপন্থী ঐতিহাসিক ও বুদ্ধিজীবীরা ভারতের শাসকশ্রেণীকে “৫,০০০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস” রচনা করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো: ভারত স্বাধীন হওয়ার ২০০ বছর আগে কি কাশ্মীর থেকে কন্যাকুমারী বা বেলুচিস্তান থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত উপমহাদেশের মানুষ নিজেদের “ভারতীয়” বলে পরিচয় দিতেন? এই কৃত্রিম “ভারতীয় সভ্যতা” তত্ত্বকে রক্ষা করতে গিয়ে বামেরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) হিন্দু সভ্যতার ভিত্তিতে জাতীয় পরিচয় গঠনের প্রকল্পকে তাত্ত্বিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। কারণ তারা নিজেরাই সেই একই “সভ্যতা” তত্ত্বের বাহক। বাঙালি চিরকাল আত্মঘাতী, মনে পড়ছে নীরদ সি চৌধুরীর কথা, যিনি আপাদমস্তক ব্রিটিশ ভক্ত। ভারতীয়ত্ব সম্পর্কে একটা নাকউঁচু মনোভাব। আর বাঙালি! বাঙালি সম্পর্কে তিনি লিখেছিলেন ‘বাঙালী থাকিব নাকি মানুষ হইব’। শশাঙ্কের আমল থেকে শুরু করে ইংরেজ আমলে এসে দেখবো দেড়শো বছরের ব্রিটিশ রাজধানী কলকাতায় নিজেদের করণিকের যোগানের স্বার্থে ব্রিটিশেরা কোম্পানির আমল থেকেই কলকাতা শহরে পশ্চিমা শিক্ষা ব্যবস্থার প্রসারে উদ্যোগী হয়। যার ফলে, ব্রিটিশদের অধীনে চাকরি করে স্থায়ী উপার্জন করতে ও ক্ষমতার কেন্দ্রে থাকার তাগিদ থেকে উচ্চবর্ণের হিন্দু সমাজের প্রতিনিধিরা কলকাতা কেন্দ্রিক হয়ে ওঠে আবার ঔপনিবেশিক অর্থনীতির স্বার্থে, ব্রিটিশ শাসনের স্বার্থেই হিন্দু সমাজের রক্ষণশীলতা ভাঙার প্রয়োজনীয়তা দেখা দেয়। এর ফলে বঙ্গীয় রেনেসাঁ জন্ম নেয়, যা মূলত কলকাতার সাবর্ণ হিন্দু উচ্চবিত্ত ও মধ্যবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই সাবর্ণ সমাজই উনিশ শতকে হিন্দু জাতীয়তাবাদের জন্ম দেয়। এরাই ‘ভারত’ দর্শনের প্রবক্তা হয়। এরাই চরম ইসলাম বিদ্বেষ থেকে চালিত হয়ে ব্রিটিশ শাসকদের কাছাকাছি থেকে সমস্ত রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতার ভাগিদারী চাইলো। প্রথমে নতজানু হয়ে, তারপর কংগ্রেসের মতন প্ল্যাটফর্ম বানিয়ে আর শেষ পর্যন্ত হাতে অস্ত্র তুলে নিয়ে। এই সম্প্রদায়ই কিন্তু উত্তর আর পশ্চিম ভারতে হিন্দুত্বের জিগির ওঠার অনেক আগেই “আনন্দমঠ” লিখে হিন্দু ধর্মের ভিত্তিতে এক আদিম সভ্যতার জয়গান শুরু করে। এই সম্প্রদায়ই কিন্তু ১৯০৫ সালের বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সামনের সারিতে ছিল। বঙ্গ ভঙ্গ করার ব্রিটিশ অভিপ্রায় নিয়ে এরাই প্রশ্ন তোলে, জানতে চায় হিন্দু পশ্চিমের সাথে মুসলিম পূর্বের বিচ্ছেদ ঘটানোই কি এই বিভাজনের আসল কারণ? ব্রিটিশ শাসকের বিরুদ্ধে শুধু প্রতিবাদে কাজ না হওয়ায়, বঙ্গ ভঙ্গ আটকাতে তারা অস্ত্র হাতে তুলে নেয়। কিন্তু সেটা কি সত্যিই স্বাধীনতার জন্যে? কোন দেশের স্বাধীনতার জন্যে? বঙ্গের না পঞ্জাবের? ১৯০৫ সালের আন্দোলনে সাবর্ণ ভদ্রলোকদের যোগদানের মূলে ছিল পূর্ববঙ্গে তাদের জমিদারি হাতছাড়া হওয়ার ভয়। এই জমিদারিগুলো পূর্ব বাংলায় হলেও, জমিদারেরা অধিকাংশই কিন্তু পশ্চিমবঙ্গে থাকতেন। আর এই জমিদারি রক্ষার তাগিদ থেকে যে ভদ্রলোকেরা একদিন বঙ্গ ভঙ্গের বিরুদ্ধে হাতিয়ার তুলে ধরলেন, ৪২ বছর পরেই তারা কিন্তু বঙ্গ ভঙ্গ নিয়ে টু শব্দটিও করেনি। বর্তমান বিজেপির প্রাণ প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জী যখন বাংলা ভাগের পক্ষে, হিন্দু বাঙালি হোমল্যান্ড বানানোর দাবি নিয়ে হৈ-চৈ শুরু করেন, হিন্দু মহাসভার খুবই স্বল্প সাংগঠনিক শক্তি নিয়ে, কমিউনিস্ট পার্টির ভদ্রলোক নেতৃত্ব কিন্তু তাঁর বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলে না। তাঁরা সেই সময়ে, যখন বাংলার অধিকাংশ দলিত, আদিবাসী, শূদ্র-নমঃশুদ্র মানুষ এবং মুসলিমের লেখা পড়া জানতেন না, নিজেদের সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতিকে আবদ্ধ রাখেন দিস্তা দিস্তা কাগজ ছাপানো ও মধ্যবিত্ত কেন্দ্রিক সাংস্কৃতিক কর্মকান্ডে, যা সাধারণ হিন্দু-মুসলিমের মধ্যে অবিশ্বাস কে ভাঙার কাজ করতে ব্যর্থ হয়। কংগ্রেস, লীগ আর মহাসভা যখন বিভেদের রাজনীতি করছে, হিন্দু সাবর্ণ জমিদারদের একটা অংশ আর মাড়োয়ারি পুঁজিপতিরা যখন মুখার্জীকে চাঁদা দিচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গ কে ইন্ডিয়ার অধীনে রাখার, তখন কমিউনিস্ট পার্টির কাছে ছিল এক সুবর্ণ সুযোগ। তাঁরা লেনিনীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নে স্বাধীন, ঐক্যবদ্ধ বাংলার সমর্থনে দাঁড়াতে পারতেন, কিন্তু সেটা তাঁরা করেননি। ১৯৪৬ সালে অবিভক্ত বঙ্গদেশে প্রাদেশিক নির্বাচনে মুসলমানরা ঢেলে ভোট দিল মুসলিম লীগকে আর বুদ্ধিমান হিন্দু বাঙ্গালী ভোট দিল ধর্ম নিরপেক্ষ কংগ্রেসকে। হিন্দুমহাসভা ভোটে হেরে গেল। সবাই খুশি কিন্তু সেই আনন্দ বছর ঘুরতে না ঘুরতেই দুঃখে রূপ নিল পুঁটুলি হাতে বউ বাচ্চা নিয়ে কোটি কোটি বাঙালি হিন্দু ভিটেমাটি ছেড়ে পালিয়ে এলো এ বঙ্গে ধনী ও উচ্চ মধ্যবিত্তরা আঁকড়ে ধরল কংগ্রেস আর মধ্যবিত্ত ও শ্রমজীবিরা বামপন্থাকে। তাও লজ্জা নেই। গর্ব করে তারা বলে আমা-গো এত বিঘা জমি ছিল, এত বিঘা পুকুর ছিল, এত বড় বাড়ী — সব মনে আছে। মনে নেই কেবল কারা লাথি মেরে তাড়িয়ে ছিল। কারা আপনার বাড়ির মেয়েদের ধর্ষন করেছিল! প্রশান্ত সুর, প্রমোদ দাশগুপ্ত, অশোক মিত্র তাড়া খেয়ে এখানে এসে কমিউনিস্ট পার্টি করেছেন। প্রফুল্ল সেন বরিশাল ছেড়ে গান্ধীবাদ প্রচার করেছেন।
১৯৪৬ সালের ১৬ আগস্ট, যেদিন নিখিল ভারত মুসলিম লীগ পাকিস্তানের দাবিকে প্রতিষ্ঠিত করতে “ডাইরেক্ট অ্যাকশন ডে” ঘোষণা করেছিল, সেদিন থেকেই কলকাতা ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের সাক্ষী হয়। শহরে প্রায় ষাট লক্ষ মানুষের ভিড়ে মাত্র বারোশো পুলিশ, যার মধ্যে মুসলমান পুলিশ অফিসারদের প্রভাব প্রবল। বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সুরাবর্দির প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং মুসলিম লীগ কর্মীদের প্রত্যক্ষ মদতে রক্তের হোলি শুরু হয়। সেদিন সকালে হিন্দুরা বুঝতেই পারেনি কী ঘটতে যাচ্ছে। অনেকে বিকেলে গিয়েছিলেন ময়দানে মুসলিম লীগ ও ভারতের কমিউনিস্ট পার্টির যৌথ জনসভা শুনতে, যেখানে সুরাবর্দির পাশে দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন জ্যোতি বসুও। মুসলিম লীগ সেদিন স্পষ্ট করে দিয়েছিল, পাকিস্তান গঠনের দাবিতে তারা আর কোনো আপস করবে না। জ্যোতি বসুর রাজনৈতিক উত্থানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আসামে রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নির্বাচন। সেখানে তিনি জয়লাভ করেছিলেন মুসলিম লীগের প্রত্যক্ষ সহযোগিতায়। এই ঘটনাই স্পষ্ট করে দেয়, সেই সময় কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া কেবল মুসলিম লীগের পাশে দাঁড়িয়েছিল তাই নয়, বরং নিজেদের মানুষও সরাসরি লীগে দিয়েছিল। সেই সময় কমিউনিস্ট পার্টির নেতাদের মধ্যে সাজ্জাদ জহির, আবদুল্লাহ মালিক এবং দানিয়াল লতিফি সক্রিয়ভাবে মুসলিম লীগের কাজে যুক্ত হয়েছিলেন। বিশেষ করে দানিয়াল লতিফি ছিলেন জিন্নাহর নিজস্ব ছাত্র; তিনি আইনশাস্ত্রে জিন্নাহর কাছ থেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে তিনিই ১৯৪৫-৪৬ সালের নির্বাচনে পাঞ্জাব মুসলিম লীগের ইশতেহার রচনা করেন। এই ইশতেহারকে ইতিহাসবিদরা আঞ্চলিক রাজনীতির অন্যতম অগ্রগামী ইশতেহার হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ, ১৯৪০-এর দশকের মাঝামাঝি সময়ে ভারতের রাজনীতিতে মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টির মধ্যে কৌশলগত এক ধরনের বোঝাপড়া গড়ে উঠেছিল। মুসলিম লীগের সাম্প্রদায়িক এজেন্ডাকে তারা প্রগতিশীল মোড়কে উপস্থাপন করতে চেয়েছিল, আর এর ফলে বাংলার মতো জায়গায় হিন্দু সমাজ আরও বিপন্ন অবস্থায় পড়ে গিয়েছিল। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্পষ্টভাবে বাংলাভাগের দাবি তোলেন, কারণ তাঁর মতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ শাসনের অধীনে হিন্দুদের নিরাপত্তা কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব নয়। মুসলিম লীগ ১৯৩৫ সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলার ক্ষমতায় আসছিল এবং সেই শক্তি নিয়েই তারা পাকিস্তান গঠনের জন্য সরাসরি আন্দোলনে নামে। অন্যদিকে কংগ্রেসে তখন মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন অন্যতম প্রধান নেতা। তাঁর জন্ম হয়েছিল মক্কায়, আসল নাম ছিল ফিরোজ বকত্। পরবর্তী সময়ে গুলাম মহিউদ্দিন ওয়াহাবের প্রচারক হয়ে ভারতে আসেন। বিশেষ শিক্ষালাভ না করলেও ধর্মীয় প্রচার আর রাজনীতির মাধ্যমে তিনি উঠে আসেন। আবুল কালাম, লীগ এবং কমিউনিস্ট পার্টি উভয়ের সাথেই সুসম্পর্ক বজায় রাখতেন, মুসলিম অনুঘটক হিসেবে কাজ করতেন। কলকাতার রাস্তায় তখন শুরু হয় হিন্দুদের উপর অপ্রস্তুত হত্যাযজ্ঞ। উত্তর কলকাতার হিন্দু ব্যবসায়ীদের দোকান জোর করে বন্ধ করানো হয়, হিন্দু মালিকানাধীন কারখানায় হামলা চলে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সরকারি হিসেব বলছে চার হাজারের মতো হিন্দু নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন এক লক্ষেরও বেশি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, আসল সংখ্যা অনেক বেশি, চার দিনে প্রায় দশ হাজার মানুষ প্রাণ হারান। প্রশাসন প্রথম দিকে কোনো পদক্ষেপ নেয়নি; সেনা আনা হয় মূলত ইউরোপীয়দের নিরাপত্তার জন্য, হিন্দুদের রক্ষায় নয়। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে ১৬ তারিখ মধ্যরাত থেকে ১৭ তারিখ সকাল সাতটার মধ্যে। উত্তর কলকাতার রাস্তাগুলো তখন ইটপাটকেল ও রক্তে ঢেকে গিয়েছিল, সংকীর্ণ গলিঘুঁজিতে ঘটে হত্যা, কুপিয়ে খুন, এবং নৃশংস রক্তপাত। ১৯৪৬ সালের ১৬ অগাস্টের “ডাইরেক্ট অ্যাকশন ডে”-তে যখন কলকাতা জ্বলছিল, প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল আর হাজার হাজার হিন্দু অসহায় অবস্থায় পড়েছিল, তখনই সামনে এসে দাঁড়ান গোপালচন্দ্র মুখোপাধ্যায়। তিনি ছিলেন বাঙালি ভাষাভাষী এক ব্রাহ্মণ, যাঁর পরিবার বৌবাজারে মাংসের দোকান চালাত। সেই ভয়ংকর সময়ে তিনি শুধু সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেননি, হিন্দুদের সংগঠিত করার এক অভিনব কৌশলও নিয়েছিলেন — হিন্দু পুরুষদের দাড়ি কামিয়ে তাদের আলাদা করে চিহ্নিত করা। এতে বাঙালি হিন্দুরা সহজে নিজেদের মধ্যে ভেদরেখা টানতে পেরেছিলেন উর্দুভাষী মুসলমানদের বিরুদ্ধে, যাদের বড় অংশ এসেছিল বর্তমান বিহার অঞ্চল থেকে। ফলে বাংলাভাষী হিন্দু সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় থেকেই হিন্দু-মুসলিম বিভেদের রাজনীতি শুরু হয়। ঢাকাতেই ১৯০৬ সালে জন্ম নেয় অল ইন্ডিয়া মুসলিম লীগ, যার ঘোষিত লক্ষ্য ছিল উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত করা। ১৯০৬ সালে মুসলিম লীগের জন্ম, ১৯৩০ সালে মুহাম্মদ ইকবালের প্রস্তাব, আর ১৯৩৩ সালে চৌধুরী রহমান আলির “পাকিস্তান” নামকরণ — এসবই পাকিস্তান সৃষ্টির বীজ বপন করেছিল। বাংলায় তখন মুসলিম ছিল ৫৫ শতাংশ, হিন্দু ৪৫ শতাংশ। জিন্নাহর স্বপ্ন ছিল অবিভক্ত বাংলা পাকিস্তানের অংশ হোক। সেই প্রেক্ষাপটেই কলকাতা হত্যাযজ্ঞের আয়োজন, যাতে হিন্দুরা নিশ্চিহ্ন হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সুভাষ চন্দ্র বসুর অনুজ শরৎ চন্দ্র বসু, হুসেইন সোহরাওয়ার্দী ও কিরণ শঙ্কর রায় সেই বিভেদের দিনে, ১৯৪৬ সালের হানাহানির পরেও, এক সাথে বসে তৈরি করলেন স্বাধীন বাংলার রূপরেখা। যে বাংলার নাম তাঁরা দিলেন ঐক্যবদ্ধ, সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক বাংলা। যে বাংলায় কৃষকের-শ্রমিকের অধিকারের কথা তাঁরা বললেন, সেই বাংলার প্রস্তাব কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহও মেনে নিয়েছিলেন। যখন তিনি বুঝেছিলেন যে পাকিস্তান বানানো মানে একই দেশে দুই ব্যবস্থা চালানো কোনো মতেই সম্ভব না আর পূর্ব পাকিস্তান গড়লে তাতে শিল্পোন্নত কলকাতা ও তার পার্শবর্তী অঞ্চলকে কংগ্রেস বা মাড়োয়ারি পুঁজি কোনো ভাবেই হাত ছাড়া করবে না, তখন জিন্নাহ বলেছিলেন যে ঐক্যবদ্ধ স্বাধীন বাংলা হলে তিনি খুশি হবেন এবং সেই বাংলা পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ থাকবে বলেও তিনি জানান। কিন্তু এই প্রস্তাবে কংগ্রেসের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়। সেই আলোড়ন সৃষ্টি হয় কারণ মাড়োয়ারি আর হিন্দু জমিদারদের প্রতিনিধি মুখার্জীর মহাসভা এই বিষয়ে তীব্র প্রতিবাদ করে। মুখার্জী বড়লাট কে লেখেন যে ভারত ভাগ হোক বা না হোক, বাংলা ভাগ চাই। এই সময়ে দাঁড়িয়ে, বাংলার শ্রমিক কৃষকের ঐক্যের স্বার্থে, মাড়োয়ারি আর হিন্দি পুঁজির থেকে বাংলার শিল্প ও বাণিজ্যের মুক্তির প্রশ্নে কমিউনিস্টদের কাছে সুবর্ণ সুযোগ ছিল ঐক্যবদ্ধ বাংলার স্বার্থে লড়াই গড়ে তোলার, লীগকে নিষ্ক্রিয় করে দেওয়ার ও কংগ্রেসের দেশপ্রেমী অংশ কে নিজের দিকে টেনে নেওয়ার। কিন্তু সেই কাজ না করে কমিউনিস্টরা পাকিস্তান তৈরির পিছনে তত্ত্বের জাল বোনা শুরু করেন। একটু পিছনে তাকালেই দেখতে পাই ব্রিটিশ শাসনের অন্তিম মুহূর্তে সোহরাওয়ার্দী বড় স্বপ্ন ছিল “বৃহৎ বাংলা” গঠন করা। এই রাষ্ট্রের আওতায় পড়ত পুরো বাংলা, আসাম, বিহারের মানভূম ও সিংভূম অঞ্চল, এমনকি সম্ভাব্যভাবে পূর্ণিয়া জেলা পর্যন্ত। তাঁর আশা ছিল, পূর্বভারতে এই বৃহৎ বাংলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি শক্তিশালী রাজনৈতিক সত্তা হয়ে উঠবে। ১৯৪৬ সালে প্রকাশিত কমিউনিস্ট পার্টির নির্বাচনী ইশতেহারে তারা প্রকাশ্যে ঘোষণা করেছিল যে, তাদের অবস্থান হলো একটি “ঐক্যবদ্ধ ও স্বাধীন বাংলা” গঠনের পক্ষে। তাদের বক্তব্য ছিল, একটি স্বাধীন ভারতের ভেতরে বাংলার মুসলমান ও হিন্দু উভয়ের জন্য সমান স্বদেশ হবে বাংলা, আর সেই বাংলা নিজস্ব অধিকার প্রয়োগ করবে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে গঠিত একটি সার্বভৌম গণপরিষদের মাধ্যমে। সেই গণপরিষদই সিদ্ধান্ত নেবে ভারতের বাকি অংশের সঙ্গে বাংলার সম্পর্ক কেমন হবে। অর্থাৎ, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া তখন কার্যত মুসলিম লীগের “বৃহৎ বাংলা” পরিকল্পনার সঙ্গেই সুর মিলিয়েছিল। একদিকে মুসলিম লীগ চাইছিল অবিভক্ত বাংলাকে পাকিস্তানের অংশ করতে, আর অন্যদিকে কমিউনিস্ট পার্টি দাবি করছিল “স্বাধীন বাংলা” — যা ভারত থেকে আলাদা থেকেও এক ধরনের সার্বভৌম রাষ্ট্র হয়ে উঠতে পারত। ফলত, হিন্দু সমাজে এই ধারণা প্রবল হয় যে, কংগ্রেসের “অহিংসা”, মুসলিম লীগের “পাকিস্তান” এবং কমিউনিস্টদের “স্বাধীন বাংলা” — এই তিনটি রাজনৈতিক ধারা মিলে তাদের অস্তিত্বই সংকটে ফেলতে চলেছে। কিন্তু কমিউনিস্ট পার্টি আর সোহরাওয়ার্দীর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি, কারণ কলকাতার দাঙ্গা এবং হিন্দু প্রতিরোধ সেই পরিকল্পনার ভিতকেই নড়বড়ে করে দিয়েছিল।
কমিউনিস্ট পার্টির সাবর্ণ ভদ্রলোক নেতৃত্বের কাছে সেদিন অসুবিধার ব্যাপার ছিল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে তাঁদের পক্ষে থাকা ও রাজনীতি করা সম্ভব হবে না। তাঁরা সেই “ভারতীয় দর্শনের” তাড়নায় সেদিনও বাংলার জায়গায় ভারতকে রাখলেন। ১৯৪৭ সালের ২০ জুন বাংলার আইনসভায় বাংলাদেশকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বললেন, ‘‘১৯৪৭ সালের ২০ জুন হিন্দুদের মুক্তির দিন।’’ এন সি চট্টোপাধ্যায় (প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা) হিন্দু মহাসভার আর এক বড় নেতা, বললেন, ‘‘আলোকসজ্জার ব্যবস্থা করুন।’’ আর গণঅভ্যুত্থানের অভাব দেখে কমিউনিস্ট পার্টির মুখপত্র স্বাধীনতার পাতায় দুঃখের সঙ্গে লেখা হল, ‘‘সারা কলিকাতা শহর আইনসভার দুয়ারে ভাঙ্গিয়া পড়ে নাই কেন? — বিপ্লবী অভ্যুত্থানে আইনসভার প্রাসাদভবন কাঁপিয়া উঠে নাই কেন?’’ ১৯৪৭ সালের বঙ্গভঙ্গের সময় তথাকথিত ভদ্রলোক-চালিত বামপন্থী শক্তি এক লহমায় তেভাগা আন্দোলনকে শিকেয় তুলে হিন্দুত্বের, হিন্দি আধিপত্যের পতাকা তুলে ধরে। আদতে রাজনীতির ত্রিমুখী জটিলতার কারণে স্বাধীনতার কারণে স্বাধীনতার নামে শাসনক্ষমতা লাভের প্রক্রিয়ায় দেশভাগ যে প্রচন্ড সম্প্রদায়গত বৈরিতা বিদ্বেষ ও রক্তস্রোতের মধ্য দিয়ে হয়েছিল তা যে কেবলই যুক্তিতে সম্প্রাদায়িক এবং হানাহানি, হত্যা ও রক্তপাত বন্ধ করার জন্যই যদি দেশভাগ হবে তাহলে সম্প্রদায়গত ভিত্তিতে দেশভাগ ও যার যার স্বশাসন প্রতিষ্ঠিত হবার পর আর হানাহানি, রক্তপাত হবার কথা নয় কিন্তু তা ঘটেছে এবং এখনো ঘটছে! তাহলে কি বলা যায় যে হিংসা-দ্বেষ-বৈরিতার মধ্য দিয়ে দেশভাগ সেই ঐতিহ্য থেকে কোন পক্ষই বের হতে পারেনি?
দেশভাগের পরে পশ্চিমবাংলায় উদ্বাস্তু বাঙালির কাছে কংগ্রেস ও কমিউনিষ্ট পার্টি আশ্রয়ের নাম হয় উঠে, কমিউনিস্ট শাসন ব্যবস্থার মূল মন্ত্র ছিল বৈষম্য দূর করে সমাজের সর্বস্তরে সাম্য প্রতিষ্ঠা করা, যা দারিদ্র-পীড়িত স্বাধীনতা-উত্তর ভারতের বহু মানুষকে আকৃষ্ট করে। দেশহারা, ভূমিহীন মানুষগুলো প্রায় সবাই বামপন্থাকে আর কলকাতায় থাকা এবং দেশ ছাড়া অধিকাংশ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত জমিদার বেছে নিলেন কংগ্রেস। একান্নতে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জনসংঘ। জওহরলাল নেহরু বললেন, ‘আরএসএসের জারজ সন্তান’। বাহান্নতে নির্বাচন। হাজারে হাজারে মানুষ আসছে ওপার থেকে। এপার থেকেও যাচ্ছে অনেকে। সেই নির্বাচনে আজকের বিজেপির পূর্বসূরি জনসংঘ লোকসভায় এ রাজ্য থেকে পেয়েছিল সাকুল্যে দুটি আসন। কলকাতা দক্ষিণ–পূর্ব কেন্দ্র থেকে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। মেদিনীপুর থেকে দুর্গাচরণ ব্যানার্জি। সমর্থনের হার ৫ দশমিক ৯৪ শতাংশ। রাজ্য বিধানসভায় পায় ৯টি আসন। সমর্থনের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। অন্যদিকে, জ্যোতি বসুর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি পায় ২৮টি আসন। সমর্থনের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। পাঁচ বছর পর সাতান্নর নির্বাচন। লোকসভায় এ রাজ্য থেকে জনসংঘ জিততে পারেনি একটি আসনেও। সমর্থনের হার নেমে আসে দেড় শতাংশে। বিধানসভাতেও শূন্য, সমর্থনের হার কমে ১ শতাংশের নিচে, শূন্য দশমিক ৯৮ শতাংশ। বিপরীতে কমিউনিস্ট পার্টির আসনসংখ্যা বেড়ে ৪৬। সমর্থনের হার বেড়ে ১৭ দশমিক ৮১ শতাংশ। সেদিন এহেন সহায়ক পরিস্থিতি পেয়েও দাঁত ফোটাতে পারেনি সাম্প্রদায়িক শক্তি। কিন্তু ভারত আর পাকিস্তান সৃষ্টি করার পরে দুই দেশের শাসকের কাছেই জরুরী হয়ে ওঠে ভাষার প্রশ্নটি। হিন্দুস্তানী ভাষার থেকে সৃষ্ট উর্দু আর হিন্দিকে তারা আরও বেশি করে ধর্মীয় ভাবে ঘষে মেজে নিতে থাকে। এরই ফল স্বরূপ ভাষা আন্দোলন তীব্র হয় পূর্ব পাকিস্তানে। অন্যদিকে ভারতে হিন্দি কে রাষ্ট্র ভাষা করার চক্রান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরে দ্রাবিড় জনগণ, বিশেষ করে তামিলনাড়ুর জনগণ। অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আটকানো হয় কংগ্রেসের হিন্দি চাপানোর ষড়যন্ত্র। এই লড়াইয়েও বাংলার কমিউনিস্ট নেতৃত্ব কে দেখতে পাওয়া যায়নি। যদিও ভারত সরকার হিন্দি চাপানোর সিদ্ধান্তকে গত শতকের ছয়ের দশকে স্থগিত করে, সংবিধানের হিসাবে ভারতের কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে ইংরাজি কে অবলুপ্ত করে হিন্দি কে চাপাতে বাধ্য, যদি না সংবিধান সংশোধন হয়। হিন্দি বা উর্দুর মতন কৃত্রিম ভাষাগুলো যে শুধুই ভাষাগত হামলা করে তাই নয় বরং সাংস্কৃতিক হামলাও চালায়, ক্ষুদ্র ভাষা গোষ্ঠীগুলোকে, জাতিগুলোকে সাংস্কৃতিক ভাবে উপনিবেশে পরিণত করে, সেই ব্যাপারেও কমিউনিস্ট পার্টি কোথাও জোরদার আন্দোলন গড়ে তোলেনি। ভদ্রলোক শ্রেণীও আসামের বরাক উপত্যকায় অহমীয় চাপানোর বিরোধিতা করে গুলি খায় কিন্তু কোথাও, পূর্ব বাংলার বাঙালি মুসলিমেরা যে ভাবে উর্দুর বিরুদ্ধে লড়ে গুলি খেয়ে প্রাণ দিলেন, সেভাবে হিন্দির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে থাকেননি। বরং হিন্দি সাম্রাজ্যের তিনটি থাবাকে — সেনা বাহিনী, বলিউড ও ক্রিকেট দলের প্রতি সে আনুগত্য দেখিয়েছে এবং এদের মধ্যে ঢোকার আপ্রাণ চেষ্টা করে এসেছে। কিন্তু এই ভদ্রলোক বামেদের মুখে ঝামা ঘষে দেয় তাদেরই স্বজাতির এক কমিউনিস্ট নেতা। ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু হিন্দু পরিবার কিংবা রাজ্যের হিন্দুদের মধ্যে তৈরি করতে পারেনি সমর্থনের এতটুকু ভিত। কারণ, বামপন্থী প্রগতিশীল শক্তি সেদিন গ্রাম-শহরে চ্যাম্পিয়ন করতে পেরেছিল শ্রেণির ইস্যু। দেশভাগের পরেই শহরে খাদ্যের দাবিতে আন্দোলন, ট্রামের দ্বিতীয় শ্রেণিতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন, ছিন্নমূল উদ্বাস্তুদের জমির অধিকার, পুনর্বাসনের আন্দোলন, শিক্ষকদের বেতন বৃদ্ধির আন্দোলন। আর গ্রামে জমিদার-জোতদারদের বিরুদ্ধে আন্দোলন, গরিবদের খাদ্যনিরাপত্তার আন্দোলন। এই আন্দোলনগুলোর যোগফলেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থীদের পথচলা শুরু। বামপন্থীদের উত্থান। কংগ্রেসের বিরুদ্ধে বিকল্প নীতির লড়াই। যার কেন্দ্রে ছিল শ্রেণির ইস্যু। যা পেছনে ঠেলে দেয় পরিচিতি সত্তার রাজনীতিকে, যা পরাধীন ভারতে অবিভক্ত বাংলার রাজনীতিতে দীর্ঘদিন দাপট চালিয়ে এসেছিল। শ্রেণির ইস্যুতে এই শ্রেণি ঐক্যেই ২০১১ পর্যন্ত ঘটেনি কোনো সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা। ‘পঞ্চাশের দশকে প্রায় প্রতিবছরই কোনো না কোনো গণ-আন্দোলনের ডাক আমরা দিয়েছি এবং প্রতিটি আন্দোলনেই হাজার হাজার মানুষ কারাবরণ করেছে, লাখ লাখ মানুষ মিছিল ও সভায় অংশ নিয়েছে এবং বিভিন্ন দলমতের মানুষের সমর্থন আমরা পেয়েছি’, বলেছেন জ্যোতি বসু। প্রথম বামফ্রন্ট সরকারের মাঝামাঝি সময়। ১৯৮১–এর সেপ্টেম্বরে। ‘গত তিন দশকের আন্দোলনের অভিজ্ঞতা’ নিবন্ধে। ‘১৯৫২ সালের গণ–আন্দোলন ছিল দুর্ভিক্ষের অবস্থার বিরুদ্ধে। ১৯৫৩ সালের আন্দোলনের বিষয়বস্তু ছিল ব্রিটিশচালিত ট্রাম কোম্পানির ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে। ১৯৫৪ সালে শিক্ষকেরা প্রথম রাজভবনের সামনে রাস্তায় এসে বসলেন দাবি আদায়ের জন্য এবং অন্যান্য কর্মচারী মানুষের অকুণ্ঠ সমর্থন পেলেন। ১৯৫৬ সালের আন্দোলন ছিল বঙ্গ-বিহার সংযুক্তির সরকারি প্রস্তাবের বিরুদ্ধে। ১৯৫৮ সালে আবার খাদ্য আন্দোলন। ১৯৫৯ সালে খাদ্য আন্দোলনে ৮০ জন শহীদের কথা এখনো অনেকে ভোলেননি। ১৯৬০ সালে হলো সরকারি কর্মচারীদের ধর্মঘট। ১৯৬০-৬৫, চীন-ভারত সীমান্ত সংঘর্ষ এবং পার্টির অভ্যন্তরে দ্বন্দ্বের জন্য তেমন বড় কোনো আন্দোলন সংগঠিত করা না গেলেও ১৯৬৬-তে খাদ্য ও বন্দীমুক্তি আন্দোলনের মধ্য দিয়ে আবার রাজনৈতিক পটপরিবর্তন। এই ব্যাপক গণ-আন্দোলনগুলোর মধ্যে হয়েছে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অসংখ্য আংশিক সংগ্রাম। কারখানায়, অফিসে, গ্রামে, স্কুল-কলেজে।’ আমার ব্যক্তিগত উপলব্ধিতে আমার বিশ্বাস জন্মেছে ভারতবর্ষের কমিউনিষ্টদের অধিকংশই মার্কসবাদ বলতে অর্থনীতি বোঝেন। শ্রেণি বলতে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে বিপরীত অবস্থানে থাকা দুই দল মানুষকে বোঝেন। শ্রেণিস্বার্থ বলতে শুধুমাত্র খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি সম্পর্কিত স্বার্থকেই বোঝেন। শ্রেণিসংগ্রাম বলতে পেটের জন্য সংগ্রামকেই শুধু বোঝেন। মার্কসবাদকে এভাবে খন্ডিতভাবে বোঝা আসলে প্রকৃতি ও সমাজের জটিলতা ও ব্যাপকতাকে বোঝার ক্ষেত্রে তাঁদের মস্তিষ্কের অপারগতাকেই যে নির্দেশ করে সে সম্পর্কেও তাঁরা সচেতন নন। ফলে, লিঙ্গ প্রশ্ন, জাতিবর্ণ প্রশ্ন, জাতিসত্ত্বার প্রশ্ন — এসবই তাঁদের গভীর চর্চার বাইরে থেকে গেছে। তার ওপর আছে ফর্মুলার প্রাদুর্ভাব। একবার একটি শর্টকাট ফর্মুলা পকেটস্থ করে নিয়ে তাই দিয়েই তাঁরা তাঁদের সমস্ত রণনীতি এবং রণকৌশল নির্ধারণ করে নিতে চান। এসবের ফলে বাঙালি কমিউনিষ্টরা কখনই বাঙালি জাতিসত্ত্বার প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে বিচার করেন নি বা সেই সংক্রান্ত লড়াই গড়ে তোলার চেষ্টাও করেন নি। কমিউনিস্টদের মধ্যে এখন পর্যন্ত এমন একটা ধারণা আছে যে, জাতীয় মুক্তি এবং জাতীয়তাবাদ দু’টো ভিন্ন এবং পরস্পর বিরোধী ধারণা। এও কমিউনিস্টদের আশ্চর্য রকম বিভ্রান্তির প্রকাশ। অত্যাচারী শ্রেণী ও অত্যাচারিত শ্রেণীর মধ্যকার পার্থক্যটা তাঁরা সুন্দরভাবে বুঝলেও অত্যাচারী জাতি ও অত্যাচারিত জাতির মধ্যকার পার্থক্যটা কি তাঁরা আদৌ বুঝতে চান? এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, মার্কসবাদীরা যখন শ্রেণী তত্ত্ব এবং শ্রেণী সংগ্রামের কথা বলেন তখন কি তারা মালিক শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠা এবং সর্বহারার বিরুদ্ধে পুঁজিপতির শ্রেণী সংগ্রামকে জোরদার করার প্রয়োজনের কথা বোঝান? তাহলে জাতীয়তাবাদ শব্দটাতে তাদের আপত্তি কেন? তাহলে কি নিপীড়িত জাতির জাতীয়তাবাদ আর নিপীড়ক জাতির জাতীয়তাবাদ এক জিনিস এটাই আমাদের ধরে নিতে হবে? বস্তুত নিপীড়িত জাতির ভিতর যদি জাতীয়তাবাদ তথা তার জাতি হিসাবে আত্মপ্রতিষ্ঠার প্রবল তাড়না না থাকে তবে কীভাবে তা সাম্রাজ্যবাদ- আধিপত্যবাদ অথবা শক্তিশালী ও আগ্রাসী জাতির আধিপত্য থেকে মুক্তি পেতে পারে?
বাংলা ও বাঙালি জাতিসত্ত্বার রয়েছে দীর্ঘ এক ইতিহাস, যা নির্মিতি দিয়েছে সমন্বয়বাদী এক সংস্কৃতির। যাতে যোগ রয়েছে আত্তীকরণ ও সাঙ্গীকরণের দুর্লভ গুণ। যাপিত জীবন এবং চৌদিকের প্রাণ ও প্রকৃতির সমন্বয়ে উদ্ভূত এই সংস্কৃতি কয়েক হাজার বছরের প্রবহমানতায় ঋদ্ধ। আপন ও অপরের যূথবদ্ধ পরিশীলন তাকে করেছে সমগ্র জাতির বেঁচে থাকার জন্য প্রাণ বায়ু বিশেষ। ১৯২০ দশকে যদিও কংগ্রেস ভারতবর্ষে অবিসংবাদিত রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছিল এবং তার অস্তিত্ব জাহির করার মতো সামাজিক-রাজনৈতিক অবস্থানও খানিকটা অর্জন করেছিল; কিন্তু অদ্ভুতভাবে ব্রিটিশ নীতির প্রকৃত স্বরূপ বোঝার পরেও, মুসলমান সম্প্রদায়কে কখনই তারা দলের এক আবশ্যিক অঙ্গ করার জন্য, বিশেষ গুরুত্ব দিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে কারণে ব্রিটিশ সরকার সবসময় ভাবার সুযোগ পেয়েছিল যে, কংগ্রেস আসলে, ‘representative of only a microscopic minority’। এর ফলস্বরূপ স্বভাবত সামাজিক দিক থেকে দুই সম্প্রদায়ের মধ্যে মনের দূরত্ব বাড়ছিল। ঐতিহাসিক মুশিরুল মন্তব্য করেছেন, ‘The definition of ‘Muslim identity’ was integrally related with relevant issues like economic discontent, escalating violence, projection of the political area, new social groups with higher levels of consciousness and greater stakes in power structures, which led to ‘community based strategies’। আবার ঐতিহাসিক অসীম রায়ের মতে, ‘The entire process of identity formation’ of the Bengal Muslims ‘on one hand underlines the seminal role of the elite, spurred into action by the changed historical circumstances of their position, their inner divergences and conflicts underlying their differential response, their manipulation of symbols of group identification for the optimal participation and mobilization of the masses’। মুসলিম লীগ সে সময়ে স্পষ্ট ঘোষণা করেছিল যে, মুসলমান সম্প্রদায় অবশ্যই যৌথ সমস্যার এক সমাধানসূত্র খুঁজতে চায়; কিন্তু তা অবশ্যই সেই সময়ে তারা যে বিশেষ সুযোগ সুবিধাগুলো শাসকজাতির কাছ থেকে পাচ্ছিল, সেগুলোকে বর্জন করে নয়। সেসময় অনেক মুসলমান দ্বারা পরিচালিত পত্রিকায় এ বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ‘কোহিনূর’ পত্রিকায় লেখা হয়, ‘The Hindu authors were sowing the seeds of distrust and hatred. If the Hindus were not aware of its consequences, the cordial relationships between the two communities would never be possible’। আবার শেখ ওসমান আলী মন্তব্য করেছিলেন, ‘Hindus might be advanced and cultured, but not all of them were. Similarly, though many Muslims might be backward and illiterate, not all of them were. Therefore there is no reason to regard Muslims as contemptible inferiors; I hope every Hindu brother, instead of regarding us with contempt or dislike, will embrace us with genuine brotherly love’। তাই, ১৯২০-এর দশকের পারস্পরিক বিশ্বাসহীনতা এবং সম্প্রদায়গত সহনশীলতা ক্রমে ক্ষীণ হয়ে আসার এক ধারা যে পরবর্তী দশকের সম্প্রদায়গত ঘটনাক্রমকে বেশ জোরালোভাবে প্রভাবিত করেছিল, তা বলাবাহুল্য। সেই বঙ্গভঙ্গ ও দেশভাগের দগদগে দাগের সাথে অবজ্ঞা ও অবহেলার সাথে ক্ষত হয়ে জেগে থাকলো ভাষা আন্দোলন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে নতুন দেশের স্বপ্ন দেখছে ওপার বাংলা আর এপার বাংলায় ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে ওঠা সিপিআই (মার্কসবাদী-লেনিনবাদী) প্রথম কমিউনিস্ট পার্টি যে সব জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার, স্বীকার করে। সিপিআই (এম-এল) প্রথম কমিউনিস্ট পার্টি যার কর্মসূচী হিন্দি চাপিয়ে দেওয়ার, হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়। আর এর মূল কান্ডারি হন বাংলার কৃষক নেতা চারু মজুমদার। তাঁর তিন বছরের নেতৃত্বে চারু মজুমদার শুধু সিপিআই (এম-এল) কে ভারতের শাসক শ্রেণীর এন্টিডোট হিসাবেই গড়ে তোলেননি, এই দলটিকে তিনি ভারতের শোষিত জাতির মানুষের কাছেও একটি বন্ধু হিসাবে উপস্থাপন করেন। পূর্ব বাংলার কমিউনিস্ট বিপ্লবীরাও এর ফলে সাহস পান। কিন্তু চারু মজুমদার পরবর্তী সময়ে নানা রাজ্যে বেড়ে ওঠার স্বার্থে, বিশেষ করে হিন্দি বেল্টে সংগঠন বাড়ানোর তাগিদে, সিপিআই(এম-এল) দলের বিভিন্ন গোষ্ঠী হিন্দির বিরুদ্ধে অবস্থান থেকে সরে আসে ধীরে ধীরে। বাংলা আবার প্রতারিত। এবং মজার বিষয় “মুক্তিযুদ্ধ” চলাকালীন কমিউনিস্টদের হাতে অস্ত্র দেওয়া হয়নি মস্কো আর দিল্লির হুকুমে। কমিউনিস্টরা আওয়ামীদের হয়ে প্রচার করেছে, মেডিক্যাল ক্যাম্প করেছে আর সাংস্কৃতিক কর্মকান্ড করেছে, কিন্তু যুদ্ধ করেনি। বাংলাদেশ গঠনের সাথেই সিংহ যে শেখের সাথে ঐক্য করে মস্কোর হুকুমে নিজের দল কে আওয়ামী লীগে বিলীন করে বাকশাল গঠন করেন ও যে ভাবে কমিউনিস্ট পার্টি শেখের সমস্ত অপকর্মের সময় তার জোটসঙ্গী হিসাবে নীরব থাকে তার ফল দলটিকে আজও বাংলাদেশে ভুগতে হচ্ছে। একটি বৃহৎ সংগ্রামী দল থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজ শুধুই বিবৃতি প্রকাশ করার পার্টিতে পরিণত হয়েছে। এই ১৯৭১ সালে যখন চারু মজুমদার ও সিপিআই(এম-এল) কংগ্রেসি সন্ত্রাসের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ নানা জায়গায় লড়ছে, তখনই কিন্তু কংগ্রেসীদের সাথে হাত মিলিয়ে কমিউনিস্ট পার্টির ভদ্রলোক নেতৃত্ব শ্রীমতি গান্ধীকে এশিয়ার মুক্তি সূর্য আখ্যা দেন। ভাঙ্গা বাংলার পাশে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ জন্ম নিল। দুই বাংলাতেই খেতে-পরতে পারা ভদ্রলোকের সন্তানদের মধ্যেই বাম মনোভাব বেশি দেখা যায়, আর তারা বঙ্গীয় আত্মপরিচয় নিয়ে হীনমন্যতায় ভোগে। বঙ্গীয় জাতীয়তাবাদ ভাবলেই তারা শিউরে ওঠে পারিবারিকভাবে লালিত-পালিত ইসলাম বিদ্বেষের কারণে। তারা মনে করে হিন্দি ভারতের রাষ্ট্র ভাষা। তাই মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে সেলিম সাহেব, মমতা বন্দোপাধ্যায়ের মতন তাঁরাও যে কোনো সময় হঠাৎ হিন্দি সংলাপ বলে আসর গরম করার চেষ্টা করেন। তাঁরাও বলিউড, ক্রিকেট আর সেনাবাহিনীর সম্মিলিত প্রয়াসে তৈরি ভারত দর্শনে বিশ্বাসী। অথচ তারা জানে, পশ্চিমবঙ্গ থেকে আসাম পর্যন্ত বাংলা ভাষায় কথা বলার অধিকার ততদিন থাকবে যতদিন বাঙালি মুসলিম থাকবে। কারণ শেষ পর্যন্ত রাস্তায় নেমে বিজেপির সাথে লড়াই করার কাজ এই সম্প্রদায়ই করবে। এই সম্প্রদায়কেই নিজেকে বাঁচানোর জন্যে বাংলা ভাষা ও নিজের অস্তিত্ব কে রক্ষা করতে হবে। কিন্তু তবুও তারা বাংলার আপামর দলিত, আদিবাসী ও মুসলিমদের থেকে নিজেকে বাঁচিয়েই রাখবে।
মনে রাখা জরুরি শুধু সংস্কৃতি দিয়ে একটা জাতি বাঁচে না তার শ্রী বা সমৃদ্ধি প্রয়োজন। সংস্কৃতি মনের খোরাক কিন্তু পেটের খোরাক না জুটলে মানুষ সাধের সংস্কৃতিও জলাঞ্জলি দিতে বাধ্য। এগারোতে পালা বদলের পর মানুষের আশা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এমন কিছু গুণগত পরিবর্তন আনবেন, যা স্বাধীনতা পরবর্তী কংগ্রেস সরকার বা ৩৪ বছরে বামেরা আনতে পারে নি। কিন্তু পরিবর্তনের পনের বছর পর পশ্চিমবঙ্গবাসী দেখছে, তারা মধ্যম থেকে অধমে পরিণত হয়েছে। আলিমুদ্দিনে বসে অনিল বিশ্বাসেরা তবু মধ্যমেধায় সার-জল দিতেন কিন্তু কালীঘাটের পাল্লায় পড়ে বাঙালির মেধাশূন্য হওয়ার উপক্রম হয়েছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা- সব গোল্লায় গেছে। কমপক্ষে তিরিশ শতাংশ সরকারি বাংলামাধ্যম হাইস্কুল পড়ুয়া শূন্য হওয়ার মুখে। মধ্যবিত্তের বাংলামাধ্যম থেকে আস্থা উঠে গেছে। আগামী ১০ বছরের মধ্যে রাজ্যের শহরাঞ্চলে সব সরকারি হাইস্কুল বন্ধ হয়ে যাবে। সরকারি স্কুলগুলিতে ছেলেমেয়েদের বছরভর ‘সাব-স্ট্যান্ডার্ড’ শিক্ষা দিয়ে পরীক্ষায় ভুরি ভুরি নম্বর পাইয়ে দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার অবস্থাও তদ্রুপ। অধিকাংশ কলেজে পর্যাপ্ত শিক্ষক নেই। কোনও দিন নিয়োগ হবে বলেও মনে হয় না। বহু কলেজে ক্লাস নেওয়ার পাট উঠে গেছে। রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি দক্ষতাহীন, জ্ঞানবর্জিত ডিগ্রিধারী শিক্ষিত-উচ্চশিক্ষিত যুবক-যুবতীর সংখ্যাই কেবল বাড়িয়ে চলেছে বছর বছর। এমনকি ভাল পড়ালেখা করেও লাভ নেই। নামি বিশ্ববিদ্যালয় থেকে দারুণ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভের সাত-আট বছর পরেও বেকার থাকতে হচ্ছে ছেলেমেয়েদের। রাজ্যে এমন একটা দল সরকারে ছিল, যার কোনও ‘ভিশন’ নেই, ‘মিশন’ একটাই- চুরি করা। দলটা হরেক কিসিমের ধান্ধাবাজদের একটা বৃহৎ ছাতা, ছত্রিশ দল থেকে যেখানে এসে জুটেছে সবাই। দলের যিনি মাথা, তাঁর নিয়ন্ত্রণহীন আত্মপ্রেম ইতিমধ্যেই ‘মেগালোম্যানিয়ায়’ পরিণত হয়েছে এবং রাজ্যের মানুষকে সেই যাতনা দিবানিশি সহ্য করতে হচ্ছিল দাঁতে দাঁত চেপে। বাঙালির দরকার প্রভূত সম্পদ ও সমৃদ্ধি। কিন্তু বাঙালিকে বানানো হচ্ছে ভাতাজীবী। বাঙালি ছেলেমেয়েদের দরকার ভাল রোজগার। অথচ ‘তোলাবাজি’ ছাড়া তাদের সামনে কোনও ‘অপশন’ নেই এখন নাক পর্যন্ত ঋণে ডুবে থাকা পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের সবথেকে নির্ভরযোগ্য উৎসের নাম ‘আবগারি’। লোকজন ঠাট্টা করে বলে, বাংলায় সরকার চলে ‘মালের’ পয়সায়। মদের দোকানের লাইসেন্স চাওয়া মাত্রই পাওয়া যায়। বাংলার গা গঞ্জেও তিন-চারটি করে অনুমোদিত বিলিতি মদের দোকান। দারু খেয়ে যুবকদের বেকারত্বের জ্বালা ভোলার ভাল ব্যবস্থা করেছে সরকার। বাঙালির বিধিই বুঝি বাম! বছর পনের আগে কত সাধ করে ঘরে ডেকে এনেছিল ঘাস। আশা একটাই — মধ্যম থেকে অধমে নামার পর উত্তম হওয়া ছাড়া আমাদের সামনে আর কোনও রাস্তা নেই। অধমের অনিবার্য পরিণতি পতন। পতনের মুখ থেকে বাঙালি কি ঘুরে দাঁড়াবে না? বাঙালি জাতি নিশ্চয় পতনের দুয়ার থেকে ফিরবে। ফিরবেই। তবে ভুলে গেলে চলবে না বঙ্গীয় জাতীয়তাবাদকে বাদ দিয়ে আজ বাঙালির কথা বলা ধৃষ্টতা। আবার বঙ্গের নানা শোষিত জাতি — গোর্খা, কামতাপুরি, রাভা, সাঁওতাল, চাকমাদের কথা বাদ দিয়ে শুধু বাঙালি জাতীয়তার কথা বলাও উচ্চবিত্তের বিলাসিতার জাতীয়তাবাদ। আজ নানা রাজ্যে বাঙালির উপর হওয়া উৎপীড়নের বীজ লুকানো আছে এই মাটির তলায়। সেই বীজ একা মুখার্জী রোপন করেননি। বিংশ শতকে বিশেষ করে সুভাষকে বের করে দেওয়ার পর থেকে বাংলার বুকে মূলধারার কংগ্রেসি রাজনীতির লুম্পেনীকরণ ঘটেছে যেটা বিধান রায় সামনে থাকার জন্য সেভাবে স্পষ্ট দেখা যায় না। কিন্তু বাঙালি ভদ্রলোকের একটা ক্রমান্বয়ে নেগেটিভ ফিল্টারিং ঘটেছে কংগ্রেসি রাজনীতিতে। বাঙালি প্রধানত বিপ্লবী, এবং সে বিপ্লবী চিন্তাধারা বিংশ শতকে অগ্নিযুগের বিপ্লবীদের হাত থেকে ক্রমশ প্রাতিষ্ঠানিক বামপন্থার একচেটিয়া হয়ে যাবে। কমিউনিস্ট নেতাদেরও দায় আছে। যদিও সিপিআই(এম-এল) একবার চেষ্টা করেছিল, তবুও ব্যাপক ভাবে ভারতে আগ্রাসী হিন্দির বিরুদ্ধে লড়াইয়ে তারাও বর্তমানে রাজনৈতিক বাধ্যকতার কারণে পিছিয়ে গেছে। বাঙালি নিপীড়ণের বিরুদ্ধে আন্দোলনে বাঙালি ভদ্রলোক সম্প্রদায় বিশ্বাসের অযোগ্য তাদের ইসলাম বিদ্বেষের কারণে। বাংলার কমিউনিস্টরাও ভরসার অযোগ্য তাদের দিল্লী প্রীতির কারণে। তবুও বঙ্গীয় জাতির মুসলিমরা ধর্মীয় মৌলবাদ ও দ্বিজাতিতত্ত্বের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে থাকবেন। তাঁরা উর্দুর বিরুদ্ধে প্রাণ দিয়েছেন, হিন্দির বিরুদ্ধেও দেবেন। ভদ্রলোক সম্প্রদায় দেবে না।
বিংশ শতকে বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক প্রকাশ সঠিকভাবে ঘটে নি। কংগ্রেস সর্বভারতীয় আর সিপিএম আন্তর্জাতিক। আনন্দমার্গ বা আমরা বাঙালি কেউই বাঙালি জাতীয়তাবাদী সংগঠন নয়। সুনীলরা বাংলাদেশ থেকে ভাষাবাদ আমদানি করেছিলেন, সেটার উত্তরাধিকার বহন করে আজকে তৃণমূল সমর্থিত একাধিক ভাষাবাদী সংগঠন। বলা দরকার নব্বই দশকের শেষেও বিজেপির একটা ছোটখাট উত্থান ঘটেছিল, তপন শিকদার দমদমে এবং জলু মুখার্জি কৃষ্ণনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কাজেই সিপিএমের জন্য ভাষাবাদ কেবল আমরা বাঙালি নয়, ওই বিজেপি আটকাতেও স্ট্র্যাটেজিক প্রয়োজনে এসে থাকবে। এবারও আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি ভাষাবাদী কয়েকটি সংগঠনকে দিয়ে বিজেপির বিরোধিতা করিয়েছেন। তবে তাতে নির্বাচনে কতটা লাভ হয়েছে, আর গ্রেটার বাংলাদেশের আশঙ্কা কতটা বেড়েছে সাধারণ হিন্দু ভোটারের কাছে, সেটা আলোচনাসাপেক্ষ। যে ভোটার বিজেপির দিকে চলে গেছে, সে তৃণমূলের মদতে চলা এই সব সংগঠনের ভাষাবাদ দেখে আকৃষ্ট হয়নি? নব্বই দশকে সোশ্যাল মিডিয়া ছিল না, মূলধারার একাডেমিয়া ও মিডিয়া বাংলাদেশে হিন্দুর এথনিক ক্লিনজিং-সংক্রান্ত তথ্য সবটাই সেন্সর করত। আজকের বাংলায় দাঁড়িয়ে প্রতিটি বাঙালিকে বুঝতে হবে কংগ্রেস বাঙালির প্রতিষ্ঠান নয়। যার বীজ বপন শুরু হয়েছিল রাধাকান্ত দেব আর দেবেন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে এককালে, চরমপন্থী আর নরমপন্থী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর চিত্তরঞ্জন দাশ পরস্পর লড়াই করে সেদিন গান্ধীর হাতে ভারতকে তুলে না দিলে আজ কংগ্রেস নামধারী আদ্যোপান্ত লুম্পেন দল তৃণমূল আর আদ্যোপান্ত অবাঙালি দল বিজেপির মল্লযুদ্ধের এই অলীক কুনাট্য রঙ্গে বাঙালির অস্তিত্বকে ডোডোপাখির মত এত বিপন্ন দেখাত না। এই পরিস্থিতে দাঁড়িয়ে মেকি বাম-হিন্দুত্ব চক্রান্ত ব্যর্থ করা একটি গুরু দায়িত্ব। ভারতবর্ষ এক জাতির দেশ নয় বরং বহু জাতির ভূভাগ। সুতরাং জাতীয়তাবাদ ভারতকে ঐক্যবদ্ধ না করে বহু ভাগে বিভক্ত করে। যে তামিল ভাষার এক বর্ণ কিংবা বাক্যও বাঙালী বোঝে না সেই তামিল ভাষার মানুষের সঙ্গে বাঙালী এক রাষ্ট্রে এক জাতি হতে চাইতে পারে একমাত্র তখনই যখন সে ভাষার বাইরে অধিকতর শক্তিশালী কোনও ভাবাদর্শিক বন্ধন বা ঐক্যসূত্র খুঁজে পায়। কাজেই এ কালে এসে প্রথাগত ধর্ম যতই ক্ষতিকর ও অপ্রয়োজনীয় হয়ে দেখা দিক ভারতীয় ঐক্যের প্রয়োজনেই তা ভারতীয় সমাজ মানসকে অধিকার করে থাকতে এবং এইভাবে সকল মৌলিক সংস্কার ও বিপ্লব প্রচেষ্টাকে ব্যর্থ করতে বাধ্য। কেননা বাঙালী জাতিকে খণ্ডিত রাখবার প্রয়োজন আছে। যাতে বাঙালী জাতি ঐক্যবদ্ধ হয়ে একটা অখণ্ড জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারে তার জন্য এখানে এখন মূলত প্রয়োজন ধর্ম চর্চার। জনগণকে পশ্চাৎপদ সামাজিক অবস্থায় ধরে রাখার জন্য এ দেশের বর্তমান রাষ্ট্র শাসকদের নিকট যেমন রাজনীতিতে ধর্ম চর্চার প্রয়োজন রয়েছে তেমন বাঙালী জাতিসত্তাকে বিভক্ত রাখার জন্যও এর প্রয়োজন রয়েছে। এইভাবে বর্তমান শাসকরা প্রথাগত ধর্ম ও সাম্প্রদায়িকতার অব্যাহত চর্চা দ্বারা বাঙালীর চেতনাকে খণ্ডিত রাখছে। তাই বঙ্গীয় জাতীয়তাবাদের ভিত্তিতে সাম্য আন্দোলন গড়ে তোলা আজ বড় জরুরী। অনেকে জেনজি প্রজন্মকে নিয়ে আশাবাদী, বাংলাদেশ, নেপাল, সম্প্রতি ভারতেও এই প্রজন্ম সাড়া ফেলেছে তবে আমি মনে করি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সাম্য আন্দোলনের সময় আসছে তাই অন্যায়, অবিচার এবং বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘ কাল নিপীড়িত, বিলীয়মান এবং ঘুমন্ত এক জাতিসত্তার জাগরণের এ সবই লক্ষণ। ঘুমন্ত এক বল-বীর্যবান জাতি, মানুষকে সভ্যতার পথ দেখানো কালজয়ী ঐতিহ্যের প্রতি অনুগত ও অনুরক্ত এক পরাক্রান্ত অথচ ঘুমন্ত জাতি কি সত্যি জাগছে? যদি জাগে তবে তা কোন পথে যাবে? তার জাগরণ এই দেশ এবং পৃথিবীর চেহারায় বা সভ্যতার চরিত্রে কি সত্যি কোনও পরিবর্তন এনে দিবে? এনে দিলে তার রূপ কি হবে? আর এই পরিবর্তন আনতে গিয়ে বাঙালি জাতিসত্তা কি ‘জাতি’ থেকে নতুন রাজনৈতিক ‘জাতিতে’ পরিবর্তিত হবে? সময় এসব প্রশ্নের উত্তর দিবে। কিন্তু তার জন্য প্রয়োজন ইতিহাসের এই বিশ্বাসঘাতকতার মুখোমুখি হওয়া এবং সত্যিকারের গণমুখী রাজনীতি গড়ে তোলা।