
৮০. আবিষ্কারক বসন্তরঞ্জন রায়
শ্রীরাধা শুনতে পেলেন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি। আকুল হয়ে উঠল তাঁর মনপ্রাণ। এলোমেলো হয়ে গেল সাংসারিক কাজকর্ম। শ্রীরাধার এই ভাবান্তরের অপরূপ বর্ণনা দিয়েছেন কবি :
কে না বাঁশী বাএ বড়ায়ি কালিনী নইকুলে।
কে না বাঁশি বাএ বড়ায়ি এ গোঠ গোকুলে।।
আকুল শরীর মোর বেআকুল মন।
বাাঁশীর শবদেঁ মো আগুলাইলোঁ রান্ধন।।
কে না বাঁশি বাএ বড়ায়ি সে না কোন জনা।
দাসী হআাঁ তার পাএ নিশিবোঁ আপনা।।…
এই পদগুলি যিনি লিখেছেন, তিনি বৈষ্ণব কবি নন। বৈষ্ণব পদাবলির কবি নন তিনি। তিনি হলেন বড়ু চণ্ডীদাস। তিনি লিখেছিলেন তেরোটি পর্বে বিভক্ত ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য। সেই কাব্যের পুঁথির কথা জানত না কেউ। অবহেলায় লুকিয়ে থাকা সেই পুঁথি আবিষ্কার করলেন বসন্তরঞ্জন রায়।
বিষ্ণুপুরের নিকটবর্তী রাধানগর সংলগ্ন কাঁকিল্যা গ্রামে মল্লরাজগুরু বৈষ্ণব মহান্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচায় অবহেলায় লুকিয়ে থাকা শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি আবিষ্কার করলেন বসন্তরঞ্জন রায়। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বাসিন্দা তিনি। চিত্রকর যামিনী রায়ের খুড়তুতো ভাই।
মল্লরাজাদের আমলে বাংলায় বর্গিদের উৎপাত শুরু হয়। সেই উৎপাতে অতিষ্ঠ হয়ে বারো ভুইঞার এক ভুইঞা — রাজা প্রতাপাদিত্যের ভাই চলে আসেন বিষ্ণুপুরে। তিনি কচু রায় নামে পরিচিত হন। মল্লরাজাদের অনুগ্রহ লাভ করেন কচু রায়। বেলিয়াতোড়ে পান জায়গির। বসবাস শুরু করেন বেলিয়াতোড়ে। তিন ছেলে ছিল কচু রায়ের। তাঁরা হলেন বড় রায়, মেজো রায় ও ছোট রায়। বসন্তরঞ্জন রায় ও যামিনী রায় হলেন মেজো রায়ের বংশধর। বেলিয়াতোড়ে তাঁরা জমিদার পরিবার বলে খ্যাত হন।
সেই পরিবারে দুর্গাপূজার এক বিচিত্র প্রথা ছিল। তাকে বলা হত মুণ্ড পূজা। মুণ্ড পূজার উৎপত্তি নিয়ে এক অলৌকিক কাহিনি প্রচলিত আছে। দেবী দুর্গা না কি স্বপ্নাদেশ দেন — দশভূজারূপে যেহেতু তিনি বিষ্ণুপুরের রায় পরিবারে পূজিতা হচ্ছেন, তাই পূজার চারদিন বেলিয়াতোড়ে কেবল দেবীর মুখমণ্ডল গড়ে পূজা করতে হবে।
বসন্তরঞ্জন রামনারায়ণ রায়ের ছেলে। তিনি পুরুলিয়া জেলা স্কুলে পড়াশুনো করেন। লেখাপড়ায় খুব উজ্জ্বল ছিলেন না তিনি। অকৃতকার্য হন এন্ট্রান্স পরীক্ষায়। অতঃপর শুরু করেন স্বশিক্ষা। প্রাচীন পুঁথি সম্পর্কে তাঁর অসীম আগ্রহ ছিল। গ্রামে গ্রামে ঘুরে তিনি সংগ্র্হ করেন পুঁথি। প্রায় ৮০০ পুঁথি তিনি সংগ্রহ করেছিলেন। সেগুলি বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষিত আছে। তবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি।
বড়ু চণ্ডীদাস রচিত এই কাব্যটি বাংলা সাহিত্যে সেতুবন্ধনের কাজ করেছে। আদি যুগ ও মধ্যযুগের মধ্যে সেতু। চর্যাপদের পর এবং বৈষ্ণব পদাবলির পূর্বে এই কাব্যই বাংলা ভাষার প্রামাণিক সাহিত্যিক নিদর্শন। কাব্যটি প্রাচীন বাংলা থেকে মধ্যযুগের বাংলায় উত্তরণের সন্ধিক্ষণের ভাষার নজির। তাছাড়া এই কাব্যেই রাধা-কৃষ্ণ প্রেমের আদিরূপ আমরা দেখতে পাই।
১৮৯৪ সালে বেঙ্গল অ্যাকাডেমি অব লিটারেচার প্রতিষ্ঠিত হলে বসন্তরঞ্জন তার সদস্য হন। পরে এই সংস্থার নাম পরিবর্তন হয়ে হয় সাহিত্য পরিষদ। বসন্তরঞ্জন সাহিত্য পরিষদের সদস্য হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ খোলা হলে স্যার আশুতোষ মুখার্জি তাঁকে অধ্যাপক মনোনীত করেন। ১৯১৯ থেকে ১৯৩২ সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তারপর আবার বঙ্গীয় সাহিত্য পরিষদের কাজে নিযুক্ত হন। নবদ্বীপের চতুষ্পাঠী থেকে তাঁকে ‘বিদ্বদ্বল্লভ’ উপাধি দেওয়া হয়।
চমকপ্রদ তথ্য সমূহ নিরবিচ্ছিন্ন ভাবে পরিবেশন করার জন্য অগ্রজ প্রতীম লেখককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন!