| | |
এই মুহূর্তে ::
কমলিকা ভট্টাচার্য-র ছোটগল্প ‘মেঘলা দিনের অভিষেক’ কপ৩১: জলবায়ু প্রতিশ্রুতির ভারে মুখ থুবড়ে পড়ল রাজনৈতিক সদিচ্ছা : নিকোলাস বিশ্বাস প্রত্ন সম্পদে সমৃদ্ধ ত্রিপুরা, সুরক্ষা চাই : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাম থেকে রাম : শৌনক দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরু নানকের দর্শন — একেশ্বরবাদ, মানবতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের আদর্শ : যশোবন্ত রায় উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কমলিকা ভট্টাচার্য-র ছোটগল্প ‘মেঘলা দিনের অভিষেক’

Reporter
কমলিকা ভট্টাচার্য / ১০৭ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

অভিষেক আর মেঘলার সংসারটা খুব বড় ছিল না। কিন্তু ছোট্ট সেই সংসারে সুখের অভাব ছিল না। দুজনের কেউই পৃথিবীতে নিজের বলতে কাউকে পায়নি। ছোটবেলা কেটেছে অনাথ আশ্রমে। আত্মীয়স্বজন, পারিবারিক উৎসব, ছুটির দিনে বাড়ি ফেরার আনন্দ — এসব তাদের কাছে বরাবরই অন্যের জীবনের গল্প। তাই হয়তো একে অপরকে পেয়ে তারা দুজনেই সংসারটাকে একটু বেশিই যত্ন করে আগলে রেখেছিল।

অভিষেক একটি বহুজাতিক সংস্থার গবেষণা বিভাগে জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করত। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে প্রযুক্তি নিয়ে কাজ করাই ছিল তার স্বপ্ন। আর মেঘলা ছিল তার জীবনের সবচেয়ে আপন মানুষ। অভিষেকের কাছে মেঘলা শুধু স্ত্রী নয়, তার সমস্ত পৃথিবী।

কিন্তু সুখের সংসারে কখন যে বিপদ এসে দরজায় দাঁড়ায়, তা কেউ আগে থেকে জানতে পারে না।

মেঘলার হৃদ্‌যন্ত্রে জন্মগত একটি জটিল সমস্যা ছিল। চিকিৎসকেরা অনেকদিন ধরেই অপারেশনের পরামর্শ দিচ্ছিলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে আর অপেক্ষা করা সম্ভব নয়।

“অপারেশনটা অত্যন্ত জরুরি। তবে এখনই করার মতো শারীরিক প্রস্তুতি ও কিছু ব্যবস্থা বাকি আছে। ছয় মাসের মধ্যে অপারেশন করাতে হবে। তার বেশি দেরি করা ঠিক হবে না।”

অপারেশনের খরচ শুনে দুজনেই চুপ করে গিয়েছিল।

বাড়ি ফেরার পথে মেঘলা অভিষেকের হাতটা শক্ত করে ধরে বলেছিল,

“আমার জন্য এত চিন্তা কোরো না। অপারেশন এখন দরকার নেই,বেশি প্রবলেম হলে,তখন দেখা যাবে।”

অভিষেক হেসেছিল।

“তুমি শুধু সুস্থ হওয়ার কথা ভাবো। টাকার চিন্তা আমার।”

কিন্তু সে জানত, কথাটা বলা যত সহজ, বাস্তবে তা করা ততটাই কঠিন।

ছয় মাস আগে অভিষেকের পুরোনো কোম্পানিতে কর্মী ছাঁটাই হয়েছিল। সেই সময় চাকরি হারিয়ে বেশ কিছুদিন বসে থাকতে হয়েছিল তাকে। জমানো টাকা দিয়ে সংসার চালানো এবং মেঘলার চিকিৎসার খরচ সামলাতে গিয়ে সঞ্চয়ের প্রায় সবটাই শেষ হয়ে গিয়েছিল। নতুন কোম্পানিতে যোগ দিয়েছে মাত্র কয়েক মাস। এখনো ভালোভাবে থিতু হওয়ার সুযোগ হয়নি।

তার ওপর অপেক্ষা করছিল আরও এক ভয়ংকর সংবাদ।

সেদিন হাসপাতালে মেঘলার চেকআপ ছিল। কয়েক মাসের দুশ্চিন্তা আর অনিয়মিত খাওয়াদাওয়ায় অভিষেকের শরীরও বেশ ভেঙে পড়েছিল। মেঘলাই জোর করে তাকে কিছু সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করাতে রাজি করায়।

রিপোর্ট হাতে পেয়ে চিকিৎসক প্রথমে কিছুক্ষণ চুপ করে রইলেন।

তারপর অভিষেককে আলাদা করে ডেকে বললেন, “আপনার দুটি কিডনিরই কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে। রিপোর্ট অনুযায়ী আপনি Chronic Kidney Disease-এর পঞ্চম পর্যায়ে পৌঁছে গেছেন। একে End-Stage Kidney Disease বলা হয়। সম্ভবত দীর্ঘদিনের একটি কিডনির অসুখ ধীরে ধীরে এই অবস্থায় নিয়ে এসেছে।”

অভিষেক অবাক হয়ে তাকাল।

“কিন্তু কী করে? আমি তো কোনওদিন বিশেষ অসুস্থ বোধ করিনি! মাঝেমধ্যে ক্লান্তি ছাড়া তেমন কোনও সমস্যাও হয়নি।”

চিকিৎসক শান্ত গলায় বললেন, “সেটাই এই রোগের একটা বড় সমস্যা। কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকলে শরীর অনেক সময় তার সঙ্গে মানিয়ে নেয়। ফলে প্রথমদিকে তেমন কোনও লক্ষণ বোঝা যায় না। অনেক ক্ষেত্রে রোগী বুঝতেই পারেন না, ভিতরে ভিতরে কতটা ক্ষতি হয়ে গেছে। আপনার ক্ষেত্রেও সম্ভবত সেটাই হয়েছে। কিছু রক্ত ও প্রস্রাবের পরীক্ষা এবং আরও কিছু পরীক্ষা করে রোগের কারণ সম্পর্কে নিশ্চিত হতে হবে।”

অভিষেকের গলা শুকিয়ে এল।

“চিকিৎসা কি সম্ভব?”

“অবশ্যই। তবে আর দেরি করা যাবে না। আপনার কিডনির কার্যক্ষমতা এতটাই কমে গেছে যে ডায়ালিসিস শুরু করার প্রয়োজন হতে পারে।পাশাপাশি কিডনি প্রতিস্থাপনের জন্য উপযুক্ত ডোনার খুঁজতে হবে। তার আগে কিছু জরুরি পরীক্ষা ও প্রস্তুতি দরকার।”

অভিষেকের মনে হলো, হাসপাতালের ঘরটা হঠাৎ কেমন নিঃশব্দ হয়ে গেল।

“কতদিন সময় আছে আমার?”

চিকিৎসক সরাসরি উত্তর দিলেন না।

“এখনই কিছু বলা কঠিন। তবে চিকিৎসা শুরু করতে আর দেরি করা যাবে না।”

বাইরে বেরিয়ে অভিষেক দেখল মেঘলা অপেক্ষা করছে। তার চোখে একরাশ প্রশ্ন।

“কী বলল ডাক্তার? তোমার রিপোর্ট ঠিক আছে তো?”

অভিষেক স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল,

“সামান্য কিছু সমস্যা। ওষুধ দিয়েছে। ঠিক হয়ে যাবে।”

মেঘলা আর প্রশ্ন করেনি।

অপারেশনের টাকা জোগাড় করতে হবে। চিকিৎসা করাতে হবে মেঘলার। তাকে বাঁচাতেই হবে।

আর নিজের জন্য?

নিজের চিকিৎসার কথা ভাবার মতো সামর্থ্য তার ছিল না। এমনকি চেষ্টা করলেও হয়তো দুজনের চিকিৎসা একসঙ্গে চালানো সম্ভব হতো না।

কয়েকদিন ধরে অভিষেক চুপচাপ সব হিসাব করতে লাগল। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিল।

মেঘলাকে কিছু জানানো যাবে না।

একদিন রাতে খাওয়ার পর সে মেঘলাকে বলল,

“অফিসের একটা বিশেষ প্রজেক্টের কাজ পেয়েছি। কয়েক মাস বাইরে থাকতে হবে। তবে চিন্তা কোরো না, তোমার অপারেশনের টাকা ঠিক সময়ে জোগাড় হয়ে যাবে।”

মেঘলা একটু মন খারাপ করেই বলল,

“এই অবস্থায় আমাকে একা রেখে যাবে?”

অভিষেক তার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল,

“একা কোথায়? প্রতিদিন ফোনে কথা হবে। আর তোমার চিকিৎসার সব ব্যবস্থা আমি করে যাব।”

শহর থেকে কিছুটা দূরে একটি ছোট এক কামরার বাড়ি ভাড়া নিল অভিষেক। জায়গাটা বেশ নির্জন। আশপাশে লোকজনের যাতায়াত কম। বাড়িওয়ালা অন্য শহরে থাকেন। বাড়িতে একটি ছোট ঘর, রান্নার সামান্য ব্যবস্থা আর একটি জানালা। জানালা দিয়ে দূরের গাছপালা দেখা যায়।

সেখানে নিজের জন্য একটি ছোট গবেষণাগার তৈরি করল সে।

অফিসে জানাল, মেঘলার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে বাড়ি থেকে কাজ করতে হবে। কোম্পানির অনুমতি পাওয়ার পর সে কাজে মন দিল।

তার গবেষণার বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence এবং Intelligent Communication Systems। দীর্ঘদিন ধরেই সে এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছিল, যার সাহায্যে মানুষের কণ্ঠস্বর, কথোপকথনের ধরন এবং সংরক্ষিত তথ্যের ভিত্তিতে একটি Digital Assistant তৈরি করা সম্ভব।

এবার সেই গবেষণাকে সম্পূর্ণ অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে শুরু করল সে।

সে তৈরি করতে লাগল একটি বিশেষ ডিজিটাল সিস্টেম।

সিস্টেমটি শুধু তার কণ্ঠস্বর নকল করবে না, বরং তার সংরক্ষিত কথোপকথন, ব্যক্তিগত তথ্য ও অভ্যাসের ভিত্তিতে মেঘলার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও পারবে। প্রয়োজনীয় তথ্য খুঁজে নিয়ে AI নিজেই উত্তর তৈরি করবে এবং অভিষেকের কণ্ঠে তা মেঘলার কাছে পৌঁছে দেবে। ভিডিও কলের জন্য নিজের মুখের আদলে একটি Digital Avatar তৈরির ব্যবস্থাও করল সে।

প্রথমে নিজের কণ্ঠস্বরের অসংখ্য নমুনা রেকর্ড করল। Voice Cloning প্রযুক্তির সাহায্যে নিজের কণ্ঠস্বরের একটি কৃত্রিম মডেল তৈরি করল। মেঘলার সঙ্গে তার প্রতিদিনের কথোপকথন, হাসি, অভিমান, আদরের ডাক — সবকিছু থেকে কণ্ঠস্বরের স্বাভাবিক ওঠানামা ও কথার ধরন বিশ্লেষণ করে সংরক্ষণ করতে লাগল। নিজের কাজের ধরন, অফিসের মিটিং, চলতি প্রজেক্ট, সহকর্মীদের সঙ্গে যোগাযোগের পদ্ধতি — সবকিছু সিস্টেমের মধ্যে সাজিয়ে রাখতে লাগল।

এটা ছিল এক অদ্ভুত পরীক্ষা।

একজন মানুষ নিজের অনুপস্থিতির জন্য নিজেই একটি উপস্থিতি তৈরি করছে।

দিনের পর দিন কাজ করতে করতে অভিষেকের শরীর আরও খারাপ হতে লাগল। মাঝে মাঝে মাথা ঘুরত, শ্বাস নিতে কষ্ট হতো। তবু সে থামেনি।

রাতে মেঘলার সঙ্গে ভিডিও কলে কথা বলত। মেঘলা কখনো কখনো বলত,

“তোমাকে কেমন শুকনো দেখাচ্ছে! ঠিকমতো খাওয়াদাওয়া করছ তো?”

অভিষেক হাসত।

“তুমি আগে নিজের দিকে তাকাও। তোমার চেয়ে আমি অনেক ভালো আছি।”

মেঘলা রাগ করত।

“সব সময় আমার কথা ভাবলেই হবে? নিজেরও একটু যত্ন নিতে হয়।”

অভিষেক কিছু বলত না। শুধু চুপচাপ মেঘলার মুখের দিকে তাকিয়ে থাকত।

এই মুখটা আর কতদিন দেখতে পাবে সে?

দু-মাসের মাথায় এক রাতে অভিষেকের শরীর ভীষণ খারাপ হয়ে গেল। বিছানা থেকে উঠতে পারছিল না। ফোনটা হাতের কাছে ছিল। অনেকক্ষণ মেঘলার নম্বরের দিকে তাকিয়ে রইল।

একবার ফোন করবে?

সব বলে দেবে?

না। মেঘলা সব জেনে গেলে হয়তো নিজের অপারেশন করাতে চাইবে না। হয়তো নিজের চিকিৎসার টাকা তার চিকিৎসায় খরচ করতে চাইবে। হয়তো দুজনেই শেষ হয়ে যাবে।

না, সেটা হতে দেওয়া যাবে না।

সেই রাতেই সে নিজের সমস্ত নথি, ব্যাংকের তথ্য, অফিসের কাগজপত্র এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ সুরক্ষিতভাবে সংরক্ষণ করল।

তারপর রেকর্ড করল একটি শেষ ভিডিও।

কিন্তু ভিডিওটি এখনই মেঘলার কাছে পাঠানোর ব্যবস্থা করল না। সেটি নির্দিষ্ট সময় ও কিছু শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

পরদিন সকালেও মেঘলা ফোন করেছিল।

অভিষেকের তৈরি সিস্টেম তার

কণ্ঠস্বরেই উত্তর দিয়েছিল,

“হ্যালো, মেঘলা! কী করছ?”

“তোমাকে ফোন করলাম। কাল রাতে তোমার গলা কেমন যেন লাগছিল। শরীর ঠিক আছে তো?”

“একটু ক্লান্ত। কাজের চাপ বেশি। তুমি ওষুধ খেয়েছ?”

“হ্যাঁ। তুমি কবে ফিরবে?”

“আর কিছুদিন। সব কাজ শেষ করেই ফিরব।”

মেঘলা অভিমান করে ফোন রেখে দিয়েছিল।

অভিষেকের ঘরে তখন আর কেউ ছিল না।

তার মৃত্যুর দিনটি ছিল একেবারে সাধারণ একটি দিন। জানালার বাইরে বৃষ্টি হচ্ছিল। টেবিলে অর্ধেক খাওয়া এক গ্লাস জল, পাশে কিছু ওষুধ, আর কম্পিউটারের পর্দায় খোলা ছিল তার অসমাপ্ত গবেষণার নথি।

সেদিনই শেষ হয়ে গেল অভিষেকের জীবনের সমস্ত লড়াই।

কিন্তু তার তৈরি সিস্টেমটি থামল না।

অফিসের নির্ধারিত কিছু স্বয়ংক্রিয় কাজ পরিচালনা করল। চলতি প্রজেক্টের ডেটা বিশ্লেষণ করল, রিপোর্ট তৈরি করল, নির্দিষ্ট ই-মেলের উত্তর দিল এবং আগে থেকে নির্ধারিত কাজগুলো এগিয়ে নিয়ে গেল। কোম্পানির অনুমোদিত Cloud Server-এ সিস্টেমটির একটি কপি সংরক্ষিত থাকায় অভিষেকের বাড়ির কম্পিউটার বন্ধ হয়ে গেলেও এই কাজগুলো চলতে পারত।

সহকর্মীদের কাছে সবকিছু স্বাভাবিক মনে হলো। কেউ বুঝতে পারল না, অভিষেকের ব্যক্তিগত সিস্টেমটি তার অনুপস্থিতিতেও কাজ করে চলেছে। প্রজেক্টের কাজ এগিয়ে নিয়ে গেল।

এদিকে মেঘলার অপারেশনের জন্য প্রয়োজনীয় টাকা ধীরে ধীরে জমা হচ্ছিল। অভিষেকের তৈরি সিস্টেমের মাধ্যমে অফিসের কাজও এগিয়ে চলছিল। কোম্পানিও তার কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট ছিল।

অভিষেক আগেই সিস্টেমে একটি নির্দিষ্ট নির্দেশ দিয়ে রেখেছিল। নির্ধারিত সময়ের মধ্যে তার কাছ থেকে কোনও সক্রিয় সংকেত না পেলে যেন কোম্পানির ম্যানেজারের কাছে একটি ই-মেল পাঠিয়ে দেওয়া হয়।

কিছুদিন পর একদিন কোম্পানির ম্যানেজারের কাছে একটি নির্দিষ্ট সময়ে একটি ই-মেল পৌঁছল।

ই-মেলের বিষয় ছিল — An Important Personal Request.

সেখানে লেখা ছিল,

“স্যার,

এই মেলটি যখন আপনাদের কাছে পৌঁছবে, তখন হয়তো আমি আর জীবিত থাকব না।

গত কয়েক মাস ধরে আমি আমার অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য অর্থ জোগাড় করার পাশাপাশি কোম্পানির চলতি প্রজেক্টের গুরুত্বপূর্ণ কাজগুলো যতটা সম্ভব এগিয়ে রাখার চেষ্টা করেছি। আমার তৈরি একটি স্বয়ংক্রিয় সিস্টেম নির্দিষ্ট কাজগুলো পরিচালনা করতে পারবে। তবে সেটি আমার ব্যক্তিগত উপস্থিতির বিকল্প নয়, তাই প্রয়োজনীয় যাচাই ও দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করবেন।

আমার অনুরোধ, আমার অনুপস্থিতির কারণে আমার বকেয়া বেতন বা প্রাপ্য অর্থ যেন আটকে না থাকে। আমার স্ত্রীর চিকিৎসার জন্য সেওই অর্থ অত্যন্ত জরুরি। কোম্পানির নিয়ম অনুযায়ী আমার প্রাপ্য সমস্ত পাওনা এবং মেডিকেল ইনস্যুরেন্সের সুবিধা যেন আমার স্ত্রী মেঘলার কাছে পৌঁছে দেওয়া হয়।

আমি জানি, আমার এই অনুরোধ অস্বাভাবিক। তবু আমার জীবনের শেষ ইচ্ছা হিসেবে এটুকু রাখবেন।

ধন্যবাদান্তে,

অভিষেক।”

মেলটি পড়ে ম্যানেজার প্রথমে বিশ্বাস করতে পারেননি। সঙ্গে সঙ্গে অভিষেকের ফোনে যোগাযোগের চেষ্টা করলেন। ফোন বন্ধ।

তারপর পুলিশকে খবর দেওয়া হলো।

ফোনের শেষ লোকেশন ট্র্যাক করে শহরের বাইরে সেই ছোট্ট বাড়িতে পৌঁছল পুলিশ।

দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা অভিষেকের নিথর দেহ উদ্ধার করল।

পোস্টমর্টেম রিপোর্টে জানা গেল, প্রায় পনেরো দিন আগেই তার মৃত্যু হয়েছে।

অথচ এই পনেরো দিনেও মেঘলা প্রতিদিন তার সঙ্গে কথা বলেছে। তার কণ্ঠস্বর শুনেছে। কখনো কখনো ভিডিও কলে তার মুখও দেখেছে।

সেদিন পুলিশ ও কোম্পানির লোকেরা বুঝতে পারল, অভিষেক তার মৃত্যুর পরেও নিজের তৈরি প্রযুক্তির মাধ্যমে মেঘলার কাছে উপস্থিত ছিল।

কোম্পানির ম্যানেজার অনেকক্ষণ চুপ করে বসে রইলেন।

তিনি অভিষেককে চিনতেন একজন মেধাবী তরুণ বিজ্ঞানী হিসেবে। কিন্তু এমন ভালোবাসার কথা তিনি কোনোদিন কল্পনাও করেননি।

এরপর শুরু হলো আর এক লড়াই।

অভিষেকের শেষ ইচ্ছা অনুযায়ী মেঘলার চিকিৎসার ব্যবস্থা করা হলো। কোম্পানি তার বকেয়া বেতন এবং প্রাপ্য বিমার অর্থ দ্রুত মিটিয়ে দিল। চিকিৎসকেরা অপারেশনের প্রস্তুতি নিলেন।

অভিষেকের তৈরি সিস্টেমটি তখনও মেঘলার সঙ্গে কথা বলে চলেছে।

মেঘলা মাঝে মাঝে বলত,

“জানো, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। তোমার গলায় কেমন যেন একটা পরিবর্তন এসেছে।”

সিস্টেম উত্তর দিত,

“তুমি এত চিন্তা করো কেন? সব ঠিক হয়ে যাবে।”

“সত্যি?”

“সত্যি।”

“তুমি আমার কাছে ফিরে আসবে তো?”

কিছুক্ষণের বিরতির পর উত্তর আসত,

আমি তো তোমার কাছেই আছি, মেঘলা।”

মেঘলা কথাটার অর্থ বুঝতে পারত না।

অবশেষে অপারেশনের দিন এল।

দীর্ঘ কয়েক ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানালেন, অপারেশন সফল হয়েছে। তবে সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে।

সেদিন প্রথমবার মেঘলার মুখে দীর্ঘদিন পর স্বস্তির হাসি দেখা গেল।

কয়েকদিন পর সে যখন হাসপাতালের বিছানায় উঠে বসতে পারল, তখন প্রথমেই অভিষেককে ফোন করতে চাইল।

“ওকে ফোনটা দাও না। কতদিন ধরে বলছি আমাকে দেখতে আসতে, আসছে না। এবার কিন্তু ছাড়ব না।”

পাশে দাঁড়িয়ে থাকা কোম্পানির ম্যানেজার আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি মেঘলার কাছে এসে বসলেন।

“মেঘলা, তোমাকে একটা কথা বলার আছে।”

মেঘলা অবাক হয়ে তাকাল।

“কী হয়েছে? অভিষেকের কিছু হয়েছে?”

ম্যানেজার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,

“অভিষেক আর নেই।”

মেঘলার মনে হলো, কথাটা সে ঠিক শুনতে পায়নি।

“মানে?”

“প্রায় দেড় মাস আগে ও মারা গেছে।”

মেঘলা হঠাৎ উঠে বসতে গিয়ে ব্যথায় কুঁকড়ে গেল।

“না! আপনি ভুল বলছেন। আমি তো প্রতিদিন ওর সঙ্গে কথা বলেছি। ও আমাকে ফোন করেছে। আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে।”

ম্যানেজার ধীরে ধীরে সবটা বুঝিয়ে বললেন। অভিষেকের অসুখ, তার গোপন লড়াই, নিজের মৃত্যুর পরেও মেঘলার পাশে থাকার জন্য তৈরি করা সিস্টেম — সব।

মেঘলা কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না।

তারপর কাঁপা গলায় বলল,

“ও আমাকে একবারও বলল না? একবারও না?”

ম্যানেজার তার হাতে একটি ফোন তুলে দিলেন।

“অভিষেক তোমার জন্য কিছু রেখে গেছে। বলেছিল, তুমি সুস্থ হলে যেন এটা তোমাকে দেওয়া হয়।”

ফোনের পর্দায় একটি ভিডিও ফাইল খোলা ছিল।যেটি অভিষেকের আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও, যা সে মেঘলার জন্য বিশেষভাবে তৈরি করে রেখেছিল।

নাম — For Meghla.

মেঘলা কাঁপা আঙুলে ভিডিওটি চালু করল।

পর্দায় অভিষেকের মুখ ভেসে উঠল।

মুখটা শুকনো, চোখের নীচে কালি। তবু সেই পরিচিত হাসি।

“মেঘলা,

জানি, তুমি এখন খুব রাগ করেছ আমার ওপর রাগ করাটাই স্বাভাবিক। তুমি ভাবছ, এত বড় একটা কথা আমি তোমার কাছ থেকে লুকিয়ে রাখলাম কেন?

বিশ্বাস করো, তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমি জানতাম, আমার কথা জানলে তুমি নিজের অপারেশন করাতে চাইবে না। হয়তো আমার জন্য নিজের জীবনটাও বিপদের মধ্যে ফেলবে।

আমি সেটা হতে দিতে পারিনি।

তুমি জানো, আমাদের তো কেউ নেই। ছোটবেলা থেকে আমরা দুজনেই একটা পরিবারের স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটা যখন সত্যি হলো, তখন মনে হয়েছিল, পৃথিবীতে আর কিছু চাওয়ার নেই।

আমি জানি না, আমার হাতে আর কতদিন সময় ছিল। কিন্তু সেই সময়টুকুতে আমি শুধু একটা কাজ করতে চেয়েছি — তোমাকে বাঁচিয়ে রাখতে।

আমার তৈরি সিস্টেমটা তোমার সঙ্গে কথা বলবে। তোমার ফোন ধরবে। অফিসের কাজও চালিয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রেখো, ও আমি নই। ও আমার কণ্ঠস্বর, আমার কিছু অভ্যাস, আমার শেখানো কিছু উত্তর। আমার অনুভূতিগুলো ওর মধ্যে নেই।

তোমার সঙ্গে যে মানুষটা ঝগড়া করত, তোমার রাগ ভাঙাত রাত জাগত, তোমার মাথায় হাত বুলিয়ে দিত, তোমার অসুখে সারারাত জেগে থাকত — সেই মানুষটা আর ফিরবে না।

তবে আমার একটা কথা রেখো।

নিজেকে কখনো একা ভেবো না। আমি চাই, তুমি বাঁচো। মন খুলে হাসো। জানালার পাশে বসে বৃষ্টি দেখো। তোমার অসমাপ্ত বইগুলো পড়ো। আমার জন্য নিজের জীবন থামিয়ে রেখো না।

তোমার একটা কথা মনে আছে? একদিন বলেছিলে, আমাদের যদি নিজেদের একটা ছোট্ট বাড়ি থাকত, সেখানে একটা জানালা থাকত, যেখান দিয়ে আকাশ দেখা যেত!

সেই জানালাটা এবার তুমি খুলে রেখো।

তুমি ভালো থেকো।

আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টুকু তোমার সঙ্গে কাটিয়েছি। এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কিছু ছিল না।

ভালোবাসি, মেঘলা।

খুব ভালোবাসি।”

ভিডিওটি শেষ হয়ে গেল।

মেঘলা ফোনটা বুকের কাছে চেপে ধরে কাঁদতে লাগল। এতদিনের জমে থাকা কান্না যেন একসঙ্গে বেরিয়ে এল।

বাইরে তখন বিকেলের আলো।

কয়েকদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মেঘলা।

হাসপাতাল থেকে বাড়ি ফিরে মেঘলা ধীরে ধীরে জানালাটা খুলে দিল। একটা ছোট্ট পাখি এসে বসল জানালার কার্নিশে।

ঠিক তখনই ফোনটা বেজে উঠল।

ওপারে অভিষেকের গলা।

“একটা কথা তোমাকে বলা হয়নি। অসুস্থতার কারণে তুমি স্কুলটা ছেড়ে দিয়েছিলে। এবার আবার জয়েন করো। আর কতদিন বাড়িতে বসে থাকবে মোটা হয়ে যাচ্ছ?”

মেঘলার ঠোঁটের কোণে একটু হাসি ফুটল।

“আচ্ছা, একটা গান গাইবে?”

“না, দাঁড়াও, আজ আমিই গাইছি।”

তারপর সেই চেনা দুষ্টুমি মেশানো সুরে অভিষেক গেয়ে উঠল,

“আকাশ এত মেঘলা, যেয়ো তুমি একলা…”

জানালার পাল্লায় মাথা রেখে মেঘলা মৃদু হেসে বলল,

“তুমি বোধহয় জানতে, আমাকে একলা যেতে হবে। তাই তো এত বার করে বলতাম, ‘যেয়ো নাকো একলা’, আর তুমি বলতে, ‘যেয়ো তুমি একলা’!”

ওপারে গান থেমে গেল।

জানালার কার্নিশে পাখিটা তখনও বসে।

মেঘলা জানত, ওপারে যে কণ্ঠস্বর, তা অভিষেকের নয়, অভিষেকের তৈরি এক যান্ত্রিক প্রতিধ্বনি। তবু আজ তার মনে হলো, মানুষটা যেন শেষবারের মতো তার অভিমান ভাঙিয়ে দিয়ে গেল।

কিছু বিদায়ের শেষ হয় না। তারা থেকে যায় চেনা সুরে, পুরোনো দুষ্টুমিতে, আর দুজনের একান্ত নিজস্ব কিছু কথায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev