
হিন্দুর মা কল্যাণী। দুই সন্তান রজ্জাক ও সুলেমান। পাঁচ দশকের সম্পর্ক। শেষ দিনেও এই দুই সন্তান মায়ের ইচ্ছাতেই হিন্দু সম্প্রদায়ের রীতিনীতি মেনে দাহ কাজ করে দেশের মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করলেন।
একই মায়ের গর্ভে জন্ম না নিলেও, সম্পর্কটা ছিল মা আর দুই ছেলের! মৃত্যুর পরেও সেই সম্পর্কের মর্যাদা রাখতে ধর্মের সমস্ত সীমানা পেছনে ফেলে সামনে এগিয়ে গেলেন দুই মুসলিম ভাই।
প্রসঙ্গত, কেরলের ওয়ানাড়ের ৮৫ বছর বয়সি কল্যাণী আম্মার নিজের কোনও সন্তান ছিল না। কিন্তু জীবনে কখনও তাঁর মনে হয় নি তিনি সন্তানহীন। কারণ, পাঁচ দশক ধরে তাঁর পাশে ছিলেন দুই প্রতিবেশী ভাই রজ্জাক ও সুলেমান। আম্মা এঁদের ভূমিষ্ঠ হতে দেখেছেন। প্রতিবেশী না ভেবে নিজের সন্তানের মতো কোলে পিঠে মানুষও করেছেন। তাই দুই ভাইও ছোটবেলা থেকেই কল্যাণী আম্মাকে মা বলে ডাকতেন। শুধু মুখে আম্মা ডাকাই নয়, দায়িত্বেও তাঁরা ছিলেন সত্যিকারের সন্তান।

তাঁর দৈনন্দিন প্রয়োজন মেটানো, বার্ধক্য জনিত কারনে ওষুধের ব্যবস্থা করা, অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া— প্রতিটি মুহূর্তে মায়ের মতো আগলে রেখেছিলেন তাঁকে। এমনকী জীবনের শেষ কয়েক মাস কল্যাণী আম্মা তাঁদের বাড়িতেই ছিলেন। কল্যাণী আম্মা তাঁদের পারিবারিক অনুষ্ঠানগুলোতেও নিয়মিত উপস্থিত থাকতেন; সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যকার স্নেহ ও ভালোবাসা আরও গভীর হয়। তিনি স্পষ্ট ইচ্ছা প্রকাশ করেছিলেন যে, রাজাক ও সুলাইমান—যাঁদের তিনি নিজের ছেলের মতো মনে করতেন — তাঁরাই যেন তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন।
সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে ১০ নভেম্বর মুপ্পাইনাদ পঞ্চায়েতের অন্তর্গত চিত্রগিরির ‘ক্লাব জংশন’-এর বাসিন্দা দুই মুসলিম ভাই হিন্দু ধর্মের সমস্ত রীতি মেনে ইভারমাডম থেকে আসা পুরোহিতের পরামর্শে আন্দুরের একটি শ্মশানে কল্যাণী আম্মার শেষকৃত্য সম্পন্ন করেন। নিজের হাতে মায়ের মুখাগ্নি করেন এবং চিতায় আগুন দিয়ে মাকে শেষ বিদায় জানান। স্থানীয় বাসিন্দারা সেখানে সমবেত হয়েছিলেন এই দৃশ্য প্রত্যক্ষ করতে।
ঘটনাটি সামনে আসতেই আবেগাপ্লুত হয়ে পড়েন কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশন। তিনি বলেন — “মায়ের ভালোবাসা ধর্ম দেখে না, আর সন্তানের কর্তব্য জাতপাতের পরিচয় জানতে চায় না ভালোবাসার মতো শোকও আমাদের সকলের সমান।”

সত্যিই, রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয় না। আবার একই ধর্মের মানুষ হলেই যে আপন হতে হবে, তারও কোনও মানে নেই। কখনও কখনও দীর্ঘদিনের ভালোবাসা, বিশ্বাস আর দায়িত্ববোধ এমন এক সম্পর্ক তৈরি করে, যার কাছে রক্তের সম্পর্কও হার মেনে যায়। রজ্জাক ও সুলেমান প্রমাণ করে দিলেন, মানুষকে আপন করে নিতে কোনও ধর্মের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটা সুন্দর মন।
ধর্ম যার যার, কিন্তু মানবতা সবার! মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশন বুধবার ওয়ানাড়ের দুই মুসলিম ভাইয়ের ভূয়সী প্রশংসা করেছেন। এই মানবিক উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) লিখেছেন, “এটাই সেই কেরল, যাকে আমি চিনি, ভালোবাসি এবং বিশ্বাস করি। আমার কাছে কেরলের বিশেষত্ব এখানেই—এমন এক ভূমি, যেখানে ভালোবাসার কোনও ধর্ম নেই, সহমর্মিতার কোনও জাতপাত নেই এবং মানবিকতা আমাদের সবাইকে একসূত্রে বাঁধে। সত্যিই হৃদয়স্পর্শী এক দৃশ্য। আমরা সবাই এক। এই মহান আদর্শ গোটা ভারতকে অনুপ্রাণিত করুক।

উল্লেখ্য, ওয়ানাড়ের এক শান্ত গ্রামে মানবিকতা ও ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করেছেন রজাক ও সুলেমান। তাঁদের এই শেষ কর্তব্যবোধ ও শ্রদ্ধার নিদর্শন কেরলের বহু মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। মুপ্পাইনাড পঞ্চায়েতের চিত্রগিরির ক্লাব জংশনের বাসিন্দা এই দুই ভাই। দুই ভাইয়ের নজরে আসে কল্যাণী আম্মা। বয়সের ভারে যখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, তখনও এই দুই ভাইয়ের পরিবার তাঁকে কখনও অসহায় অবস্থায় ফেলে রাখেনি। তাঁরা তাঁকে হাসপাতালে নিয়ে যেতেন, ওষুধপত্রের ব্যবস্থা করতেন এবং প্রতিদিনের প্রয়োজনীয় বিষয়গুলির খেয়াল রাখতেন। পরবর্তীকালে তিনি যখন শয্যাশায়ী হয়ে পড়েন, তখনও একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাঁর সেবা-যত্ন চালিয়ে যান তাঁরা। রজাকের স্ত্রী রুকিয়া সবসময় কল্যাণী আম্মার পাশে থেকেছেন। নিজের কাজকর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলার পরও তিনি বৃদ্ধার দেখাশোনা করেছেন এবং প্রয়োজনীয় সব সাহায্য জুগিয়েছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারটি তাঁর পাশে ছিল। মৃত্যুর পরেও যাতে তিনি যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে শেষ বিদায় পান, তা নিশ্চিত করেছেন তাঁরা। এমন এক সময়ে, যখন জনপরিসরে ধর্মীয় ও সামাজিক বিভেদ প্রায়ই আলোচনার কেন্দ্রে উঠে আসে, তখন রজাক, সুলেমান এবং তাঁদের পরিবারের এই নিঃশব্দ মানবিকতার দৃষ্টান্ত আমাদের এক সহজ অথচ গভীর সত্যের কথা মনে করিয়ে দেয় — প্রতিবেশীর প্রতি ভালোবাসা, পারস্পরিক সহমর্মিতা এবং মানবিকতার কোনও ধর্ম বা জাত নেই। মানুষের পাশে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় পরিচয়।