১৮ এপ্রিল, ২০২৬ (শনিবার) বিকেলে বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক, লেখক, সম্পাদক, সমবায়িক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত শিবনাথ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্রের (কৃষ্ণনগর, নদিয়া) আয়োজনে কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য গ্রেস কটেজে সুজন-স্মরণ ও গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবনাথ চৌধুরী ছিলেন সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্রের মুখ্য উপদেষ্টা। গ্রেস কটেজের রীতি মেনে এই হেরিটেজ ভবন প্রাঙ্গণে স্থাপিত নজরুলের আবক্ষমূর্তিতে মাল্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মাল্য অর্পণ করেন বিশিষ্ট কবি প্রাণেশ সরকার। শিবনাথ চৌধুরীর প্রতিকৃতিতে মাল্য অর্পণ করেন সুজন-বাসরের সভাপতি দীপঙ্কর দাস ও প্রবীণ সুজন-শিল্পী প্রীতিকণা জোয়ারদার। সভাকক্ষে স্থাপিত নজরুল প্রতিকৃতিতে মাল্য অর্পণ করেন লেখক সম্পদনারায়ণ ধর। গ্রেস কটেজের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি রতনকুমার নাথ। এদিন শিবনাথ চৌধুরীর স্মৃতিতে নির্মিত সুজন প্রকাশনের ‘শিবনাথ চৌধুরী সুজন স্মরণ’ গ্রন্থটি প্রকাশ পায়। শিবনাথ চৌধুরীর অত্যন্ত নিকটজন সম্পদনারায়ণ ধরের হাত দিয়ে গ্রন্থটির আবরণ উন্মোচিত হয়। গ্রন্থটি সম্পাদনা করেছেন দীপাঞ্জন দে।

‘শিবনাথ চৌধুরী সুজন স্মরণ’ গ্রন্থে শিবনাথ চৌধুরীকে নিয়ে সুজন-বাসরের সদস্যদের এবং বিশিষ্টজনেদের মূল্যবান স্মৃতিচারণ সংকলিত হয়েছে। গ্রন্থটিতে শিবনাথ চৌধুরীকে নিয়ে লেখা ছটি কবিতা স্থান পেয়েছে, সেগুলি হলো— ‘শিবনাথ চৌধুরী স্মরণে’: দীপঙ্কর দাস, ‘শ্রীশিবনাথ চৌধুরী শ্রদ্ধাভাজনেষু’: রামকৃষ্ণ দে, ‘শ্রীশিবনাথ চৌধুরী’: তরুণ গোস্বামী, ‘শিবনাথ (শিবু) চৌধুরী স্মরণে’: রবীন্দ্রকুমার হালদার, ‘স্মরণ’: স্বপ্না মজুমদার এবং ‘কালীনগরের রূপকার মাস্টারমশাই’: লক্ষ্মণ কুণ্ডু। সংগীতশিল্পী তাপসকুমার মোদকের লেখা ও সুরারোপিত ‘শ্রদ্ধেয় শিবনাথ চৌধুরী মহাশয়কে নিবেদিত’ শীর্ষক গানটিও এখানে মুদ্রিত হয়েছে।

এছাড়া গ্রন্থের ‘স্মৃতিচারণ’ অংশে রয়েছে মূল্যবান কয়েকটি রচনা। সেগুলি হলো— ‘শিবনাথের শিবলোকে যাত্রায় শুভকামনা’: পার্শ্বনাথ রায়চৌধুরী, ‘ফুরায় যা, তা ফুরায় শুধু চোখে’: সম্পদনারায়ণ ধর, ‘তোমার আসন শূন্য আজি…’: রামকৃষ্ণ দে, ‘চিরজীবী শিবনাথ চৌধুরী’: রামপ্রসাদ মুখোপাধ্যায়, ‘ধুতি-পাঞ্জাবি পরা একজন সুদীর্ঘ ঋজু মানুষ’: শ্যামাপ্রসাদ ঘোষ, ‘শিবুকে যেমন দেখেছি’: দেবাশিষ মণ্ডল, ‘শ্রীচরণেষু শিবুদা’: প্রাণেশ সরকার, ‘শিবনাথ চৌধুরী, আমাদের শিবুদা’: তপনকুমার ভট্টাচার্য, ‘শিবনাথ চৌধুরী— এক সাংস্কৃতিক মহীরূহ’: ইনাস উদ্দীন, ‘এক বিরল কর্মযোগী শিবনাথ চৌধুরী’: সত্যেন ব্যানার্জী, ‘শিবনাথ চৌধুরী স্মরণে’: স্বপনকুমার ভৌমিক, ‘আমাদের শিবুদা’: রাধেশ্যাম পাল, ‘সবুজ পাহাড় (এক শিক্ষক, সমাজসেবক, লেখক, গবেষককে মনে রেখে)’: বনানী দাস, ‘মানবদরদী শিবনাথ চৌধুরীর স্মরণে’: প্রতুলচন্দ্র দত্ত, ‘তিনি একাই একটা শ্রেণি’: প্রদীপ বাগচী, ‘যাঁকে ভুলে যাওয়া অসম্ভব’: রতনকুমার নাথ, ‘প্রয়াত কর্মবীর শিবনাথ চৌধুরী’: জ্যোতিব্রত সান্যাল, ‘অভিভাবক’: শুভময় সরকার, ‘শ্রীচরণেষু শিবুদা’: সংযুক্তা ভট্ট, ‘প্রণাম লহ হে মহান’: গৌরী সাহা, ‘আমি শিবুকাকুকে দেখেছি’: শর্মিষ্ঠা আচার্য্য এবং ‘পথিকের শূন্যতা’: শুভেন্দু সাহা। এছাড়া গ্রন্থে মুদ্রিত হয়েছে চারটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন— ‘এক অশ্রুময় স্মরণানুষ্ঠান’: রতনকুমার নাথ, ‘প্রয়াত হলেন শিবনাথ চৌধুরী’: আনন্দবাজার পত্রিকা, ‘তোমার পূজার ছলে (যেন), তোমায় ভুলে থাকি’: বিপ্লব দাশগুপ্ত এবং ‘প্রয়াত প্রবীণ সাংবাদিক শিক্ষক শিবনাথ চৌধুরী’: পুরাতন মুক্তিদূত। গ্রন্থের পরিশিষ্ট অংশে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শিবনাথ চৌধুরীর লিখিত-সম্পাদিত-সংকলিত সম্পূর্ণ গ্রন্থপঞ্জি এবং সুজন-বাসর সংশ্লিষ্ট তাঁর একাধিক চিত্রাবলি সংকলিত হয়েছে। উল্লেখ্য, এই গ্রন্থের প্রচ্ছদ করেছেন সৌরভ ধর জয় এবং প্রচ্ছদ নামাঙ্কন করেছেন কবি অমৃতাভ দে।

‘শিবনাথ চৌধুরী সুজন স্মরণ’ গ্রন্থটি প্রকাশ করার পর তাঁর সম্পর্কে সবিস্তারে আন্তরিক স্মৃতিচারণ করেন সম্পদনারায়ণ ধর। এরপর প্রয়াত শিবনাথ চৌধুরীকে নিয়ে রচিত কবি রতনকুমার নাথের গানে সুর বসিয়ে সংগীতশিল্পী তাপসকুমার মোদক সেটি পরিবেশন করেন। উপস্থিত সকলে গানটি শুনে মুগ্ধ হন। শিবনাথ চৌধুরীর অন্যতম কাছের মানুষ বিশিষ্ট কবি রামকৃষ্ণ দে এদিন রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্যে দিয়ে তাঁকে শ্রদ্ধা-স্মরণ করেন। কবি প্রাণেশ সরকার কৃষ্ণনগর পৌরসভা এবং কালীনগর স্কুলে শিবনাথ চৌধুরীর সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন। কালীনগরে খোলামঞ্চে শিবনাথ চৌধুরীর উদ্যোগে নাটক প্রতিযোগিতার আয়োজন বিষয়ে এবং ‘শ্রীরামকৃষ্ণ’-এর ভূমিকায় তাঁর অভিনয় সম্পর্কে মূল্যবান স্মৃতিচারণ করেন কবি তপনকুমার ভট্টাচার্য। বিশিষ্ট কবি তরুণ গোস্বামী শিবনাথ চৌধুরীকে নিয়ে লেখা তাঁর একটি কবিতা পাঠ করে তাঁকে স্মরণ করেন। এছাড়াও গ্রেস কটেজে সমবেত শিবনাথ চৌধুরীর নিকট পরিজন ও অন্যান্য বিশিষ্টজনেরা এদিন তাঁর সম্পর্কে মূল্যবান স্মৃতিচারণ করেন। কবিতা, গান, বক্তব্যের মধ্যে দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন দীপঙ্কর দাস, দেবাশিস মণ্ডল, জ্যোতিব্রত সান্যাল, সত্যেন ব্যানার্জি, মেঘছায়া সরকার, শর্মিষ্ঠা আচার্য, দিলীপ পাণ্ডে, প্রীতিকণা জোয়ারদার, দীপাঞ্জন দে প্রমুখ। এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত সমবায় ব্যাংকের আধিকারিক বাণী আদম প্রয়াত শিবনাথ চৌধুরীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজন-বাসরের সম্পাদক ইনাস উদ্দীন।

উল্লেখ্য, এদিন সঞ্চালক ইনাস উদ্দীনের ‘সমবায় সমিতির পরিদর্শন’ শীর্ষক পুস্তকটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। লেখক (ইনাস উদ্দীন) জানান যে এই পুস্তক প্রকাশের প্রতি প্রয়াত শিবনাথ চৌধুরীর বিশেষ আগ্রহ ছিল, কিন্তু তিনি দেখে যেতে পারলেন না। যাইহোক, শিবনাথ চৌধুরীর সকল অনুরাগীর সহযোগিতা এবং সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালনায় গ্রেস কটেজের সভাকক্ষে প্রায় দুই ঘণ্টার ‘শিবনাথ চৌধুরী সুজন-স্মরণ’ অনুষ্ঠান সুসম্পন্ন হয়।
লেখক: সম্পাদক, শিবনাথ চৌধুরী সুজন স্মরণ। অধ্যাপক, চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়, নদিয়া।