| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শৌনক দত্ত-র ছোটগল্প ‘ওল্ড ষ্টেশন’ কমলিকা ভট্টাচার্য-র ছোটগল্প ‘মেঘলা দিনের অভিষেক’ কপ৩১: জলবায়ু প্রতিশ্রুতির ভারে মুখ থুবড়ে পড়ল রাজনৈতিক সদিচ্ছা : নিকোলাস বিশ্বাস প্রত্ন সম্পদে সমৃদ্ধ ত্রিপুরা, সুরক্ষা চাই : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাম থেকে রাম : শৌনক দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরু নানকের দর্শন — একেশ্বরবাদ, মানবতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের আদর্শ : যশোবন্ত রায় উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

শৌনক দত্ত-র ছোটগল্প ‘ওল্ড ষ্টেশন’

Reporter
শৌনক দত্ত / ৭৭ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

স্টেশনের পেছনে লর্ড ক্যানিং সাহেবের নিজ হাতে লাগানো বিশাল অশ্বত্থ গাছটা তার ঝুরি নামিয়ে প্ল্যাটফর্মটাকে আঁকড়ে ধরেছে। শেষ বিকেলের আলো পাতার ফাঁক গলে প্ল্যাটফর্মে এসে পড়েছে, এক অদ্ভুত আলো-ছায়ার খেলা চলছে। ঘরে ফেরা পাখিরা দূর থেকে উড়ে আসছে। প্ল্যাটফর্মের ভাঙা বেঞ্চিতে জঙ্গলী গাছের ডালে বসে একটা নিঃসঙ্গ ঘুঘু কাকে যেন ডেকেই চলছে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দামোদর নদের নারায়ণকুড়ি ঘাট থেকে কলকাতায় কয়লা আনা হতো। এই জংশনের কাছেই ছিল বড় অনেকগুলো কারখানা, কয়লা খনি, নদী বন্দর আর বড় কাপড়ের হাট ছিল। কালের বিবর্তনে সব কারখানা বন্ধ হয়ে গেছে, নদী গতিপথ বদলেছে, হাট উঠে গেছে। রেলওয়ের আধুনিকায়নের যুগে যখন মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা হয়েছে, পুরোনো ও আঁকাবাঁকা রেললাইনের পরিবর্তে সোজা এবং দ্রুতগতির নতুন রুট তৈরি করা হয়। এই জংশনটিকে এড়িয়ে সরাসরি বড় শহরের সাথে সংযোগকারী নতুন ডাবল লাইনের রেলপথ তৈরি হলো, ধীরে ধীরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তখনকার সময়ে এই জংশন স্টেশনটি তৈরি হলেও আজ তা কেবল হারিয়ে যাওয়া মানুষের এক আশ্রয়স্থল; এখন এটি এমন এক জংশন, যেখানে পৌঁছানোর কোনো তাড়া নেই, কিন্তু যেন হারিয়ে যাওয়া সব পথ এক জায়গায় এসে মিলে গেছে। একসময় যে প্ল্যাটফর্ম হাজারো মানুষের কোলাহল, ট্রেনের হুইসেল আর হকারদের চিৎকারে মুখরিত থাকত, আজ সেখানে কেবলই এক গম্ভীর, সুনসান নীরবতা। দুটি লাইন ছাড়া বাকী লাইনগুলো বাদামি মরিচায় ঢেকে গেছে। লাইনের খাঁজে খাঁজে গজিয়ে উঠেছে বুনো ঘাস, লতাগুল্ম আর ছোট ছোট বিষকাটালি। যেন প্রকৃতি তার সবুজ আঁচল দিয়ে মানুষের তৈরি এই যান্ত্রিক স্মৃতিকে চিরতরে ঢেকে দিতে চাইছে। প্ল্যাটফর্মের কংক্রিট ফেটে চৌচির হয়ে গেছে। সেই ফাটল গলে বেরিয়েছে অবাধ্য পরগাছা। মাথার ওপরের টিনের শেডটি বহু ঝড়ে জীর্ণ হয়ে এখন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। ঝড়ো বাতাসে সেখান থেকে একটা অদ্ভুত ‘ক্যাঁচ ক্যাঁচ’ শব্দ ভেসে আসে, টিকিট কাউন্টারের কাঠের জানালাটি উইপোকায় খেয়ে একপাশে ঝুলে পড়েছে। ধুলোবালি আর মাকড়সার জালে ঢেকে আছে জানালাটি। প্ল্যাটফর্মের এক প্রান্তে একাকী দাঁড়িয়ে থাকা সিগন্যাল পোস্টটি চিরতরে ‘ডাউন’ হয়ে আছে — যেন সে আর কোনোদিন কোনো ট্রেনকে স্বাগত জানাবে না। দেয়ালের চুনকাম খসে গিয়ে ভেতরের লাল ইট বেরিয়ে পড়েছে। দেয়ালে ঝুলে থাকা প্রাচীন গোল ঘড়িটির কাঁটা দুটো বারোটার ঘরে এসে চিরতরে থমকে গেছে। দেখলে মনে হয়, এই স্টেশনের জন্য সময়ও বুঝি বহু বছর আগে থমকে গেছে। বুলেট গতির নীল-সাদা এক্সপ্রেস ট্রেনগুলো যখন এই স্টেশন চিরে চলে যায়, তখন চারপাশের সুনসান নীরবতা চুরমার হয়ে যায়। বুলেট ইঞ্জিনের বিকট সাইরেন, চাকার শব্দ আর ঝড়ের বেগে উড়ে আসা বাতাসে প্ল্যাটফর্মের ধুলোবালি আর অনিকেত বাবুর হাতের খবরের কাগজটা তীব্র ক্ষোভে ডানা ঝাঁপটাতে থাকে। এক্সপ্রেসগুলো এক মুহূর্তের জন্যও গতি কমায় না; তারা যেন বর্তমানকে পিষে দিয়ে ছুটতে থাকে।

ষ্টেশনে ঢুকে বাঁদিকে টিকিট কাউন্টার পেরিয়ে এগিয়ে গেলেই এক কোণে কাঠের দেওয়ালঘেরা স্টেশন মাস্টারের ছোট ঘর। ভেতরের ওক কাঠের পুরোনো জীর্ণ চেয়ার, টেবিল, দেওয়ালে ঝুলে থাকা ক্রোনোমিটারের কাঁচভাঙা বন্ধ ঘড়ি আর চেয়ারের সামনের দেয়ালে পেরেকে ঝুলছে বহুবছরের পুরোনো ক্যালেন্ডারের ওপর নতুন বছরের ক্যালেন্ডার! স্টেশন মাস্টারের টেবিলে গত তিন দিন ধরে একটা মরা মাছি চিত হয়ে পড়ে আছে। অনিকেত বাবু ওটাকে সরাননি, কারণ মাছিটা অন্তত একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে আছে। এই জংশন স্টেশনে স্থায়িত্ব বলতে ওটুকুই। অনিকেত বাবুর বয়স ষাটের কাছাকাছি। মুখের চামড়ায় সময়ের গভীর ভাঁজ, বাঁ গালে স্পষ্ট একটি বাঁকা কাটা দাগ, চশমার পুরু পাওয়ারি কাঁচের আড়ালে ক্লান্ত, ম্লান দুটি চোখ। জনমানবহীন প্ল্যাটফর্ম আর অনড় মরা মাছিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে একধরনের উদাস ও স্থবির দৃষ্টি জমে আছে। হাঁটুর ক্রনিক বাতের ব্যথায় খানিকটা খুঁড়িয়ে চলেন। ইস্ত্রি ছাড়া ইটের মতো খসখসে সাদা রঙের শার্ট। শার্টের কলার ও পকেটের কোণ বেশ কিছুটা ক্ষয়ে গেছে। বুকের পকেটে গাঁথা একটি মরচে ধরা ডটপেন আর ট্রেনের অফিশিয়াল সিগন্যাল বুক। মাছিটা মরার পর থেকেই অনিকেত বাবু খেয়াল করলেন, স্টেশনে একটা অসম্ভব রকমের অদ্ভুত ঘটনা ঘটছে। ঠিক দুপুর পৌনে তিনটেয়, যখন আপ-লাইন দিয়ে বুলেট গতির এক্সপ্রেস ঝড় তুলে স্টেশন পার হয়, ঠিক তখনই দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ থমকে গিয়ে সেকেন্ডের কাঁটাটা ঠিক ১০ সেকেন্ডের জন্য উল্টো দিকে ঘোরে। প্রথমে নিজের চোখের ভুল মনে হলেও গতকাল তিনি দেখলেন — সেই ১০ সেকেন্ডের জন্য প্ল্যাটফর্মের ভেঙে যাওয়া সিমেন্টের বেঞ্চিটায় ধোঁয়া ওঠা মাটির ভাঁড় হাতে এসে বসেছে চায়ের দোকানদার ভজহরি। যে ভজহরি মারা গেছে ১৯৯৮ সালের ডেঙ্গুতে। তিনি আজ ভোরের আলোআঁধারি সিগ্ধতায় আর পড়ন্ত গোধূলির ম্লান আলোয় — ধীরগতিতে এসে ধাক্কা খেতে দেখেন এক জং ধরা, ষ্ট্রীম ইঞ্জিনের লোকাল ট্রেন। যার জানলায় ভেসে থাকে আবছা ধোঁয়াটে মুখ — যাদের পরনে পুরোনো দিনের পোশাক, চোখে ফেলে আসা সময়ের আলো আর হাতে ক্ষয়ে যাওয়া চামড়ার অ্যাটাচি কেস। যেন তারা কোনোদিন পুরোপুরি এই স্টেশনে এসে পৌঁছতে পারেনি, কিংবা এখান থেকে চলেও যেতে পারেনি। ভজহরি তাঁর দিকে তাকিয়ে অমায়িক হেসে বলেছিল, “বাবু, এক্সপ্রেসের টিকিট কেটে বৃথা অপেক্ষা কোরো না। এবার কিন্তু নামার সময় এসেছে।”

আজ বিকেলে যখন লোকাল ট্রেনটি হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্মে এসে থামলো, অনিকেত বাবু ষ্টেশন মাষ্টারের জন্য ওক কাঠের পুরোনো চেয়ারটা থেকে উঠে পড়লেন। খোঁড়াতে খোঁড়াতে নেমে এলেন প্ল্যাটফর্মে। তিনি খেয়াল করলেন প্যাসেঞ্জারদের ভিড় ঠেলে ট্রেন থেকে নামছে এক দশ বছরের বালক। হাফপ্যান্ট পরা, খালি পা, আর হাতে ধরা একটা প্লাস্টিকের সস্তা দূরবীন। অনিকেত বাবু পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালেন। ছেলেটার বাঁ গালে একটা বাঁকা কাটা দাগ — হুবহু তাঁর নিজের গালের মতো, যা সাত বছর বয়সে পেয়ারা গাছ থেকে আছাড় খেয়ে কেটে গিয়েছিল। ছেলেটি হাতের দূরবীনটা অলোকেশ বাবুর দিকে তাক করে মিষ্টি হেসে উঠল।

“তুমি… এই ছেলে, তোমার সঙ্গে কেউ নেই?” অনিকেত বাবুর কণ্ঠস্বর কাঁপছিল, যেন বুকের ভেতরের পুরোনো একটা বাঁধ হঠাৎ ভেঙে গেছে।

“আমি তো জংশন দেখতে এসেছি! বাবা বলত, জংশনে এলে পৃথিবীর সব হারিয়ে যাওয়া রাস্তা নাকি এক জায়গায় এসে মিলে যায়,” ছেলেটি ফ্যালফ্যাল চোখে চারপাশ দেখতে দেখতে বলল।

“কিন্তু এই স্টেশনে তো এখন আর কেউ থামে না,” অলোকেশ বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন।

“কেন থামবে না?” ছেলেটি দূরবীন গুটিয়ে প্ল্যাটফর্মের ট্রেনের খোলা কামরাগুলোর দিকে আঙুল তুলল, “যাদের খুব তাড়া ছিল, তারা আসলে কোথাও পৌঁছায়নি গো। তারা শুধু ওই চকচকে লাইনের ওপর দিয়ে ছুটে বেড়াচ্ছে। আর যাদের মন খাঁ-খাঁ করে, তারা আবার একটু একটু করে এই জংশনে ফিরে আসে।” ঠিক তখনই ডাউন সুপারফাস্ট ট্রেনের বিকট সাইরেন বাতাসকে চিরে ফেলল। চারপাশের বাতাস আচমকা বরফের মতো ভারী হয়ে উঠল, আর স্টেশনের ঘড়ির কাঁটাটা পাগলের মতো কাঁপতে শুরু করল। অনিকেত বাবু বুঝতে পারলেন, আর মাত্র কয়েক সেকেন্ড — তারপরেই বর্তমানের সেই দানবীয় চাকা সমস্ত অলৌকিকতাকে পিষে দিয়ে চলে যাবে, আর এই মায়াবী ছেলেটা আবার উধাও হয়ে যাবে অতীতের কোনো অজানা অন্ধকার গলিতে। তিনি আর দ্বিতীয়বার ভাবলেন না। জীবনের যাবতীয় নিয়ম, অফিশিয়াল খাতা আর জংশন মাস্টারের অস্তিত্ব পেছনে ফেলে তিনি এক লাফে লোকাল ট্রেনের কামরার হাতলটা আঁকড়ে ধরে উঠে পড়লেন। ঝড় তোলা এক্সপ্রেস ট্রেনটা যখন গোটা প্ল্যাটফর্ম ধূলিসাৎ করে হুশ করে বেরিয়ে গেল, স্টেশন মাস্টারের ছোট্ট টেবিলঘেরা ঘরটা একদম জনমানবহীন নিস্তব্ধ হয়ে পড়ে রইল। অদ্ভুত ব্যাপার, টেবিলের কোণে পড়ে থাকা সেই তিন দিনের মরা মাছিটা হঠাৎ ডানা ঝাপটে প্রাণ পেয়ে খোলা জানলা দিয়ে দূর আকাশে উড়ে গেল। আর চলন্ত লোকাল ট্রেনের কামরার জানলায় মুখ রেখে অনিকেত বাবু দেখলেন, পরিত্যক্ত জংশন স্টেশনটা আস্তে আস্তে দূরে সরতে সরতে বিন্দু হয়ে আসছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev