
মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নৃশংস সামরিক অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও গ্রাম আগুনে জ্বালিয়ে দেয়ায় সাত লাখের বেশি রোহিঙ্গা রাখাইন থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ এই বর্বরোচিত পরিস্থিতিকে “জাতিগত নির্মূলের পাঠ্যপুস্তক উদাহরণ” হিসেবে বর্ণনা করে এবং যুক্তরাষ্ট্র এই ঘটনাকে জেনোসাইড বলে ঘোষণা করেছিল। মিয়ানমার সরকার গত দশ বছর ধরে রোহিঙ্গাদের উপর চালানো অত্যাচার ও নৃশংস নির্যাতনের কারনে রোহিঙ্গাদের দেশত্যাগের বিষয়টি অস্বীকার করে আসছিল।
২০১৯ সালের ১১ নভেম্বর, গাম্বিয়া ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার বিচার দাবি করে মামলা দায়ের করে । মিয়ানমার সরকার এই অভিযোগের বিরোধিতা করে এবং আদালতের এখতিয়ার এবং গাম্বিয়ার আবেদনের গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ করে চারটি প্রাথমিক আপত্তি দায়ের করে। ২০২২ সালে আইসিজে মিয়ানমারের আপত্তি প্রত্যাখ্যান করে গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য বলে রায় দেয়। আদালত সেসময় মিয়ানমারকে গণহত্যা কনভেনশনের অধীনে নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিরোধ, অভিযোগকৃত বর্বরতার প্রমাণ সংরক্ষণ এবং নিয়মিত সম্মতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১১ টি দেশ যৌথভাবে হস্তক্ষেপের ঘোষণা দাখিল করে এবং আদালত তা গ্রহণ করে। আইসিজেতে গাম্বিয়ার মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা করার পর সাত বছর ধরে বিচারিক প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বরে আইসিজে রায় ঘোষণা করে। আইসিজে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি জেনোসাইড সংঘটনের জন্য দায়ী করল।
আইসিজে’র রায়ের মূল বিষয়গুলো
আইসিজে রায়ে জানায় যে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশনের’ সময় উত্তর রাখাইনে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধন চালিয়েছে। আইসিজে জানায় যে, ২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামের মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার পরিকল্পনা ছিল। মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় রোহিঙ্গা সন্ত্রাসীদের নৃশংসতা থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে এবং পরবর্তী কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। ২০২০ সালের ২৩ জানুয়ারির আদেশে আইসিজে জাতিগত নিধনের অভিযোগসংশ্লিষ্ট প্রমাণ ধ্বংস বন্ধ করতে ও সংরক্ষণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে যে নির্দেশ দিয়েছিলেন, মিয়ানমার তা লঙ্ঘন করেছে। আইসিজে ২০১৭ সালে মিয়ানমারের সরকারী বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে বলে জানায় এবং এ সময় ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছে। আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণমূলক পুনর্বাসন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
মিয়ানমারের প্রতিক্রিয়া
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের সামরিক বাহিনী গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে আইসিজে। মিয়ানমার সরকারের মুখপাত্র দাবি করে যে, ‘সামরিক সরকার অবিচারের শিকার হয়েছে, মিয়ানমারের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে। রায়টিকে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সরকার। আইসিজে দেয়া রায়ের প্রতিক্রিয়ায় মিয়ানমার জানিয়েছে যে, পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে বর্তমানে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাই-বাছাই সাপেক্ষে ফিরিয়ে নেয়া হবে, এবং রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য চলমান মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখা হবে। মিয়ানমার আগস্ট মাসে বাংলাদেশে আশ্রয়নেয়া ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে এবং জানিয়েছে যে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না। মিয়ানমার যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বললেও যাচাই প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হয়েছে।
রোহিঙ্গারা কি পেল
মিয়ানমার রোহিঙ্গা জনগুষ্ঠির বিরুদ্ধে যে জাতিগত নিধন চালিয়েছিল, আইসিজের রায়ে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে যা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি নৈতিক বিজয়। এটা সংকট সমাধানের ক্ষেত্রে তাদের পরের ধাপে যেতে সহায়তা করবে। আইসিজে রায় বাস্তবায়নের জন্য দুই বছরের সময়সীমা দিয়েছে এর ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি হলো। রোহিঙ্গারা যে প্রজন্মের পর প্রজন্ম মিয়ানমারে বসবাস করছে সেটি অনুসন্ধানে পেয়েছে আইসিজে আন্তর্জাতিক বিচার আদালত। আইসিজে বিচারক রোহিঙ্গাদেরকে একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছেন। এই রায়ের কারণে রোহিঙ্গা সংকট আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উপস্থাপিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের বাস্তব পরিস্থিতি আবারও বিশ্বের সামনে নতুন করে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিপীড়ন ও নির্যাতনের যেসব কথা বলে আসছিল, এই রায়ের মাধ্যমে সেগুলোর সত্যতা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হলো। এই স্বীকৃতিকে এখন রাজনৈতিক সমধানের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে বিবেচনায় নিতে হবে। রোহিঙ্গা সম্প্রদায়, সংগঠন এবং প্রবাসী নেটওয়ার্কগুলো সম্মিলিত ভাবে এই রায়কে কাজে লাগিয়ে তাদের দাবী দাওয়া আন্তর্জাতিক মহলে জোরালো তুলে ধরতে হবে।
এই রায় বাস্তবায়নে কাদের অংশগ্রহণ দরকার
মিয়ানমারে এই রায় বাস্তবায়নে বর্তমানে নির্বাচিত সরকার, সামরিক বাহিনী, আরাকান আর্মি, এবং নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি), মিয়ানমারের বিভিন্ন জাতিগত গুষ্ঠির প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের এই রায়ের প্রতি তাদের অবস্থান ও প্রতিক্রিয়া রোহিঙ্গাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই রায় বাস্তবায়নে আরাকান আর্মিকে রোহিঙ্গাদের সুরক্ষা, অধিকার নিশ্চিতের পাশাপাশি প্রত্যাবাসন বিষয়ক আলোচনা থেকে বাদ দেওয়া যাবে না। রোহিঙ্গা সম্পর্কিত বিষয়গুলো মোকাবেলায় মিয়ানমার কর্তৃপক্ষকে আইসিজে রায়কে বিবেচনায় নিতে হবে। স্টেকহোল্ডাররা এই রায়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়াছে। যুক্তরাজ্যের বিভিন্ন দলের রাজনীতিবিদরা আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মিয়ানমার সেনাবাহিনীর ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানায় যে, এই রায়ের মধ্য দিয়ে ‘মিয়ানমারের দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে।
রোহিঙ্গাদের প্রস্তুতি
মানবিক সহায়তার মাধ্যমে রোহিঙ্গাদের এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশে অবস্থানকালীন এবং মিয়ানমারে ফিরে যাওয়ার পর মর্যাদার সঙ্গে নিজেদের জীবন পুনর্গঠন করতে পারে। একটি সমন্বিত প্রত্যাবাসন কৌশলের মধ্যে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও ফিরে যাওয়ার প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকতে হবে। রোহিঙ্গাদেরকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তাদের কথা শুনতে হবে। রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ ছাড়া তাদের ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব হবে না। উন্নয়ন সহযোগীদের দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়াতে আহ্বান জানাতে হবে। রোহিঙ্গা প্রতিনিধিদেরও তাদের ভবিষ্যত নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আরও দৃশ্যমান ও সুসংগঠিত হতে হবে। রায়টি রোহিঙ্গাদের নাগরিকত্ব, রাজনৈতিক স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা এবং প্রত্যাবাসন সংক্রান্ত সিদ্ধান্তে অর্থবহ অংশগ্রহণের পক্ষে তাদের প্রচারকে শক্তিশালী করবে। এই রায় প্রবাসী রোহিঙ্গাদেরকে আইনি ও মানবাধিকার নেটওয়ার্ক সক্রিয় করতে, এর ব্যত্যয় নথি নথিভুক্ত করতে এবং মিয়ানমার সরকারকে রায় বাস্তবায়নে চাপ দিতে সহায়তা করবে।
বাংলাদেশকে কি করতে হবে
বাংলাদেশের জন্য এই রায় একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ এনে দিয়েছে। রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে জোরালোভাবে কাজ করবে বাংলাদেশ। এই রায়ের আলোকে বাংলাদেশকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, ওআইসি এবং আঞ্চলিক শক্তিসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার করতে হবে। বাংলাদেশকে নতুন আঙ্গিকে কূটনৈতিক প্রভাব কাজে লাগিয়ে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশল গ্রহণ করে এগিয়ে যেতে হবে।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত জাতীয় কমিটি সংকট মোকাবিলায় একটি কৌশলপত্র তৈরির কাজ করছে। এই রায় বাংলাদেশের মানবিক কার্যক্রমের আন্তর্জাতিক বৈধতা জোরদার করে এবং টেকসই সমাধানের লক্ষ্যে বাংলাদেশের নেয়া কূটনৈতিক পদক্ষেপগুলোর বাস্তবায়নে জোরালো ভুমিকা রাখতে সক্ষম হবে। রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক অর্থায়ন কমে যাচ্ছে যা উদ্বেগজনক। উন্নয়ন সহযোগীদের স্বল্পমেয়াদি ও বিচ্ছিন্ন সহায়তার পরিবর্তে দীর্ঘ মেয়াদি এবং উন্নয়নমুখী অর্থায়নের পরিকল্পনা ও তা বাস্তবায়ন আবশ্যক। এ সহায়তা অবশ্যই অনুদান হিসেবে দিতে হবে। মিয়ানমারে শুরু হওয়া একটি সংকটের দায় বাংলাদেশের ঋণের বোঝা হয়ে দাঁড়ানো উচিত নয়।
প্রক্রিয়া অনুযায়ী ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ জোরালো পদক্ষেপ নেবে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীজনকে নিয়ে কাজ করবে। জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সঙ্গে বহুপক্ষীয় উদ্যোগ জোরদারের মাধ্যমে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা করবে বাংলাদেশ। কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে চীন, রাশিয়া এবং অন্য যেসব দেশ মিয়ানমারকে অস্ত্র সরবরাহ করে কিংবা দেশটির নীতির প্রতি সমর্থন জানায়, সেসব দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক কার্যকর সম্পর্ক আরো জোরদার করতে হবে। মিয়ানমারের ওপর যেসব দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব রয়েছে, তাদের সাথেও বাংলাদেশকে কার্যকরভাবে কাজ করতে হবে। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের শিক্ষা, কাজের সুযোগ ও মৌলিক অধিকার নিশ্চিত করার বাস্তবসম্মত ব্যবস্থা করতে হবে।
সবশেষে বলা যায় যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওপর এই রায় বাস্তবায়নের দায় পড়বে। মিয়ানমারে এখনো গৃহযুদ্ধ চলছে, ফলে আন্তর্জাতিক চাপ অনেক বেশি হলেও তা কার্যকর না-ও হতে পারে। রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বাংলাদেশের ক্যাম্পগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তার অর্থায়ন বাড়াতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর অব্যাহত কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। কূটনৈতিক ভাবে আলোচনার মাধ্যমে এই রায় বাস্তবায়নে সমর্থনকারী রাষ্ট্রগুলো এগিয়ে আসলে রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া সহজ হবে। রোহিঙ্গাদের জন্য এই রায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তাদের আত্মপরিচয় ও নিপীড়নের স্বীকৃতি যা তাদের ভবিষ্যতের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা মজবুত ভিত্তি হিসেবে কাজ করবে।
ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোঃ শামসুদ্দীন, এন ডি সি, এ এফডব্লিউ সি, পি এস সি, এম ফিল (অবঃ) মিয়ানমার ও রোহিঙ্গা বিষয়ক গবেষক