
শান্তিমোহন রায়ের ভাবাদর্শে দীক্ষিত হুগলি জেলার ভারতীয় জাতীয় কংগ্রেসের মানবতাবাদী নেতা শৈলেন সিংহের জীবনাবসান। গত ১১ নভেম্বর, বুধবার খানাকুলের নিজস্ব বাসভবনে জাতীয় কংগ্রেসের এই দাপুটে ও গরীব-দরদী নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। আমার পূজনীয় পিতৃদেব স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট সমাজসেবী শান্তিমোহন রায়ের তিনি পরম স্নেহভাজন এবং আমাদের পরিবারেরই একজন ছিলেন।
ছাত্রজীবনের সূচনা পর্বে তিনি সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের জননেতা শান্তিমোহন রায়ের কাছে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনৈতিক ভাবাদর্শের মন্ত্রে দীক্ষিত হন। তাঁর জীবনের পরবর্তী পর্যায়ে প্রায় দুই দশক রাজনৈতিক জীবনে মতাদর্শের পরিবর্তন হলেও তাঁর মানবিক মূল্যবোধের কোনরূপ পরিবর্তন ঘটেনি। আমৃত্যু তিনি শান্তিমোহন রায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। এছাড়া শান্তিমোহন রায়ের নামাঙ্কিত ‘স্মৃতি রক্ষা কমিটি’র অন্যতম কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রিয় এই মানুষটির অন্তিমযাত্রায় দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন অসংখ্য অনুগামী। লক্ষ্যনীয় ছিল প্রিয়জন হারানো অগণিত শোকসন্তপ্ত মানুষের সশ্রদ্ধ ভালোবাসার এক অশ্রুসজল মিছিল।
রাতের আকাশে অনুগামীদের কণ্ঠে ধ্বনিত “শৈলেন সিংহ অমর রহে।” অসংখ্য মানুষ ফুল ও মালায় তাঁর আত্মার চিরশান্তি প্রার্থনা করে সশ্রদ্ধ প্রণাম জানায়। তাঁর পরিবারবর্গ, স্বজন ও অনুরাগী সকল মানুষকে আমার আন্তরিক সমবেদনা জানাই।
উল্লেখ্য, মৃত্যুকালে তাঁর স্ত্রী, এক পুত্র ও দুটি কন্যা বর্তমান।