| | |
এই মুহূর্তে ::
স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায়

Reporter
যশোবন্ত রায় / ১১১ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বিবেকানন্দের কালীভাবনার শিকড় নিহিত রয়েছে তাঁর গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস-এর শিক্ষায়। রামকৃষ্ণ কালীকে কেবল পৌরাণিক দেবী হিসেবে নয়, বরং ‘চৈতন্যময়ী মাতৃরূপে’ উপলব্ধি করতেন। এক সময়ে চরম দারিদ্র্য ও মানসিক অস্থিরতায় ভুগতে থাকা বিবেকানন্দ গুরুদেবের পরামর্শে দক্ষিণেশ্বরে মায়ের মূর্তির সামনে একাকী গিয়ে দাঁড়িয়েছিলেন। ভেবেছিলেন, পার্থিব দুঃখের কথা জানাবেন মাকে। কিন্তু সে কথা বলতে আর পারলেন না। এক অলৌকিক অভিজ্ঞতায় সব যেন কেমন হয়ে গেল। সেই অভিজ্ঞতা তাঁর চেতনায় ঘটায় এক গভীর রূপান্তর।

তারপর জীবনের অনেকটা পথ পরিক্রমা। শিকাগো ধর্মসভায় বক্তৃতা। বিশ্ববিজয়। ধর্মপ্রচার। অনেকটা সময় পেরিয়ে নরেন্দ্রনাথ দত্ত হয়ে উঠেছেন জগদ্বিখ্যাত স্বামী বিবেকানন্দ। এই পর্যায়ে এসে আবার এক অলৌকিকের সাক্ষী হলেন তিনি, যখন গেলেন মা ক্ষীরভবানীর মন্দিরে। স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরে শিষ্য-শিষ্যাদের নিয়ে অমরনাথ যাত্রা করেন। পথেই ক্ষীরভবানীর মন্দির। ওই সময়ে তাঁর অন্তর উদ্বেল হয়ে ওঠে নির্জনবাসে তপস্যার জন্যে। সেই যাত্রাকালে মা কালীর পুজোই হয়ে উঠল তাঁর মূলমন্ত্র। তাঁর সমগ্র চেতনাজুড়ে তখন শুধুই কালী! কালী! কালী! কিন্তু তার আগে তিনি ছিলেন শিব চিন্তায় নিমগ্ন। অমরনাথের গুহায় তুষারলিঙ্গের শুভ্রতা ও পবিত্রতা তাঁকে মুগ্ধ করেছিল। স্থানমাহাত্ম্যে তিনি বিভোর হয়েছিলেন এবং ওই সংক্ষিপ্ত কয়েক মুহূর্তে তিনি মহাদেবের কাছে ইচ্ছামৃত্যু বর লাভ করেন। এরপর ধীরে ধীরে তাঁর চেতনা শিব থেকে শক্তির দিকে প্রবাহিত হতে থাকে। ক্ষীরভবানী মন্দির দর্শনের দিনকয়েক আগে মাতৃধ্যানে গভীর তন্ময়তা থেকে তিনি রচনা করেন তাঁর বিখ্যাত ইংরেজি কবিতা ‘Kali the Mother’। বিবেকানন্দের কাশ্মীর ভ্রমণে সঙ্গী ছিলেন তাঁর কয়েকজন মার্কিন শিষ্য-শিষ্যা এবং ভগিনী নিবেদিতা। একদিন সন্ধ্যায় ভ্রমণ শেষে হাউস বোটে ফিরে নিবেদিতা দেখেন স্বামীজি এসে নিজে হাতে লেখা ইংরেজি কবিতাটি রেখে গিয়েছেন। পরে শোনেন, দিব্যভাবের তীব্র উন্মাদনায় কবিতাটি লেখা শেষ করা মাত্র অবসন্ন শরীরে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। অন্য একটি তথ্য অনুযায়ী ক্ষীরভবানী মন্দির দর্শনের পরেই কবিতাটি তাঁর অন্তর্জগত থেকে উৎসারিত হয়। সে যাহোক স্বামী বিবেকানন্দের “কালী দি মাদার” (Kali the Mother) কবিতাটি একটি গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক কাব্যনির্মাণ, যা শাক্ত দর্শনের মূলে থাকা দেবী শক্তির ভাবনাকে অসাধারণভাবে প্রকাশ করে। এই কবিতাটি ইংরেজিতে রচিত হলেও তার অন্তর্নিহিত ভাব ও প্রেরণা মূলত শাক্ত দর্শন ও তন্ত্রের অন্তর্নিহিত রূঢ় সত্য ও ভয়াল সৌন্দর্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

ভারতীয় দর্শনে শক্তির পূজা একটি সুপ্রাচীন ঐতিহ্য, যার শীর্ষস্থানীয় রূপ দেবী কালী। এই শক্তিসাধনা শুধু ধর্মীয় আচার নয়, এটি জীবন ও জগতের মূলতত্ত্বের এক গূঢ় উপলব্ধি। স্বামী বিবেকানন্দ তাঁর ইংরেজিতে রচিত “Kali the Mother” কবিতায় দেবী কালীর এই শক্তিকে এক অনন্য দার্শনিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছেন। এই কবিতাটি শুধু ভক্তির নিবেদন নয়, বরং এটি ভয়ংকর রূপে পরিপূর্ণ এক সর্বনাশিনী মাতার প্রতি আত্মসমর্পণের চূড়ান্ত প্রকাশ, যা শাক্ত দর্শন ও তন্ত্রসাধনার মূলমন্ত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত।

ভারতীয় দর্শনচিন্তায় ‘শাক্ত’ দর্শন একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে দেবীকে সর্বশক্তির প্রতীক ও সর্বসৃষ্টির মূল উৎস হিসেবে বিবেচনা করা হয়। শাক্ত মতানুসারে আদ্যাশক্তিই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও সংহারের মূল চালিকাশক্তি। এই শক্তির এক বিশেষ রূপ হলেন দেবী কালী। মা কালী হলেন এই শক্তির এক প্রলয়ঙ্কর রূপ, যিনি ধ্বংসের মাধ্যমে মুক্তির পথ উন্মোচন করেন।

“Kali the Mother” কবিতায় বিবেকানন্দ কালীকে শুধু মাতৃমূর্তি হিসেবে নয়, বরং ধ্বংস, ভয়, উন্মত্ততা এবং চরম জাগরণের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। তাঁর কাছে আনন্দময়ীর অভয়বরদা মূর্তির চেয়ে বড় হয়ে উঠেছিল সৃষ্টিস্থিতিবিনাশিনী প্রলয়-রূপিণী আকৃতি। সংসারসুখস্বপ্নের বিপ্রতীপে জীবনকে বিবেকানন্দ দেখেছিলেন চরম বেদনার আলোকে অনন্ত প্রেমের প্রকাশ হিসেবে। মৃত্যু, অন্ধকার, কালী তাঁর কবিতায় অবিচ্ছেদ্য প্রতীক। লাঞ্ছনা-অপমান, রোগ-শোক-মৃত্যু যন্ত্রণার নিত্য জীবনযুদ্ধে নির্ভীকভাবে এগিয়ে চলাই বিবেকানন্দের সংগ্রামী মন্ত্র। ‘যেখানে বেদনা অনুভূত হইতেছে, সে স্থান তিনি, তিনিই যন্ত্রণা ও যন্ত্রণাদাতা। কালী! কালী! কালী!’ রামপ্রসাদের মতো শক্তিসাধক যেমন বলেছিলেন — ‘আমি কি দুখেরে ডরাই’, তেমনই বিবেকানন্দ তাঁর কবিতার শুরুতেই অন্ধকারের বর্ণনায় মহামায়ার আবির্ভাবের পটভূমিটি রচনা করলেন — “The stars are blotted out… darkness vibrant, sonant” —

এখানে রাত্রির চিত্রকল্পটি নিছক প্রকৃতির নয়, এটি এক আধ্যাত্মিক অন্ধকার—যেখানে জ্ঞানের আলো নিভে গেছে, এবং মায়ার ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়েছে চেতনা। শাক্ত তত্ত্ব অনুসারে, মা কালী বাহ্য জগতের নয়, আত্মার বন্ধন ও ভ্রান্তিকে ধ্বংস করেন। তিনি মুক্তির পথ দেখান ধ্বংসের মধ্য দিয়ে। এই ভয়ংকর চিত্রায়নের মধ্যে কালী মায়ের ‘উগ্র’ রূপ উঠে এসেছে। শাক্ত দর্শনে কালী শুধু করুণাময়ী নন, তিনি সময়ের, মৃত্যুর, মহাপ্রলয়ের প্রতীক — এই ভয়ালতাকেই বিবেকানন্দ কাব্যে ধারণ করেছেন।

“In the roaring, whirling wind

Are the souls of a million lunatics

Just loosed from the prison-house,”

এই পঙতিগুলিতে স্বামী বিবেকানন্দ মা কালীর ভয়ংকর, শক্তিময়, এবং রহস্যময় রূপ তুলে ধরেছেন — যিনি সৃষ্টি ও ধ্বংস দুইয়েরই অধিষ্ঠাত্রী। এই রূপে ভয়, উন্মাদনা, বিশৃঙ্খলা থাকলেও, এর মধ্যেই রয়েছে মুক্তির পথ।

এটি একটি তান্ত্রিক দৃষ্টিভঙ্গি, যেখানে ভয় ও উন্মাদনার মধ্য দিয়েই সাধক ঈশ্বরতত্ত্ব উপলব্ধি করেন। মা কালী এখানে কেবল ভয়ংকর দেবী নন, বরং সেই শক্তি যিনি সবকিছু ভেঙে নতুন করে গড়েন। এখানে স্বামী বিবেকানন্দ কালী মা’র প্রলয়ঙ্করী শক্তির রূপ ফুটিয়ে তুলেছেন।

তিনি দেখিয়েছেন, সৃষ্টির সীমা ভেঙে, যুক্তি ও নিয়ম পেরিয়ে, উন্মাদ, অদম্য এক শক্তির মধ্যেই সত্যিকারের মুক্তি নিহিত। শাক্ত দর্শনে ধ্বংস মানে শুধু শেষ নয়; বরং এটি নতুন সৃষ্টির সূচনা। বিবেকানন্দ কালীকে সেই চরম ধ্বংসের রূপে দেখেন, যার মধ্য দিয়ে আত্মার মুক্তি ঘটে। মঙ্গলময়ী অভয়দাত্রী মায়ের যে রূপটি উঠে আসে শ্রীরামকৃষ্ণের কথায় বা গানে স্বামী বিবেকানন্দ সেই একই মাতৃশক্তিকে অনুভব করেছিলেন ভিন্নভাবে — প্রলয়ের সাজে।

বিবেকানন্দের ‘Kali the Mother’ কবিতার ভয়ংকর সৌন্দর্য ও প্রলয়চেতনার সঙ্গে পাশ্চাত্য সাহিত্যের কয়েকটি বিখ্যাত কবিতার তুলনা করা যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য উইলিয়াম ব্লেকের ‘The Tyger’ এবং ডব্লিউ বি ইয়েটসের ‘The Second Coming’। ব্লেকের ‘The Tyger’ কবিতায় অরণ্যের অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করে ওঠা বাঘের চোখের মাধ্যমে সৃষ্টির এক ভয়ংকর ও রহস্যময় সৌন্দর্য প্রকাশিত হয়েছে। কবি প্রশ্ন তুলেছেন, যে স্রষ্টা কোমল মেষশাবক সৃষ্টি করেছেন, তিনিই কি এই ভয়ংকর বাঘেরও স্রষ্টা? সৃষ্টির মধ্যে সৌন্দর্য ও ভয়ংকরতার এই সহাবস্থান ব্লেকের কবিতার অন্যতম দার্শনিক প্রশ্ন। অন্যদিকে ইয়েটসের ‘The Second Coming’ কবিতায় সভ্যতার অবক্ষয় ও বিপর্যয়ের পটভূমিতে এক বিকট, অমানবিক শক্তির আবির্ভাবের পূর্বাভাস রয়েছে। সেখানে মানবসভ্যতার সংকটের মধ্যে করুণাময় ত্রাণকর্তার পরিবর্তে আবির্ভূত হয় এক ভীতিপ্রদ প্রাণী, যার আগমন এক নতুন ও ভয়ংকর যুগের সূচনা ঘোষণা করে।

বিবেকানন্দের কালীভাবনার সঙ্গে এই দুই কবিতার মিল রয়েছে ভয়ংকর সৌন্দর্য, অন্ধকার ও ধ্বংসের চিত্রকল্পে। কিন্তু একটি মৌলিক পার্থক্যও রয়েছে। ব্লেকের বাঘ সৃষ্টির রহস্যের প্রশ্ন তোলে, ইয়েটসের নরপশু সভ্যতার বিপর্যয় ও অশুভ আগমনের প্রতীক। কিন্তু বিবেকানন্দের কালী ভয়ংকর হয়েও অশুভ নন। তাঁর ধ্বংসের মধ্যে রয়েছে মহাজাগতিক সত্যের প্রকাশ এবং আধ্যাত্মিক মুক্তির সম্ভাবনা। এইখানেই বিবেকানন্দের কাব্যদর্শনের স্বাতন্ত্র্য। যে অন্ধকার মানুষকে আতঙ্কিত করে, সেই অন্ধকারের মধ্যেই তিনি মাতৃশক্তির আবির্ভাব দেখতে পেয়েছেন। অপার্থিব সেই মাতৃশক্তি নিজেকে প্রকাশ করেন পার্থিব সমস্ত কলুষ বা অন্ধকারের চেয়েও তীব্রতর অন্ধকার হয়ে উঠে, মাতৃরূপা হয়ে। অন্ধকার অন্ধকারকে খন্ডন করে যেন জন্ম দেয় শাশ্বত আলোকের। বিবেকানন্দ কালীকে এমন এক শক্তিরূপে কল্পনা করেছেন, যিনি সৌন্দর্য বা করুণার প্রতীক নন, বরং সর্বগ্রাসী, সর্বধ্বংসী, এবং তাতেই চরম জাগরণের আহ্বান। যেমন তিনি বলেন —

For Terror is Thy name,

Death is in Thy breath,

And every shaking step

Destroys a world for e’er.

এই পঙতিগুলিতে দেবীকে ভয় ও মৃত্যুর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। বহিরঙ্গে তিনি ভীষণা, মৃত্যুরূপা কালী। কিন্তু অন্তরে তিনি স্নেহময়ী। জীবন ও মৃত্যু, সৃষ্টি ও ধ্বংস — সবই চক্রের মতো চলতে থাকে। তাই মা-র এই রূপ ভয়ংকর হলেও তা পরম বাস্তবতা এবং তাতেই লুকিয়ে আছে মুক্তি। তিনি যে সব ধরনের বন্ধন-মোচনের পথপ্রদর্শক। মৃত্যুর রূপ ধরে যে কালী রয়েছেন আমাদের সামনে, তিনিই সত্যস্বরূপ।

Dancing mad with joy,

Come, Mother, come!

এখানে বিবেকানন্দ প্রথম বার আহ্বান করেছেন ‘মা’কে। এই আহ্বানে রয়েছে এক প্রকার আত্মসমর্পণের আনন্দ — ভয়ংকর শক্তির কাছে আত্মসমর্পণেও আনন্দের খোঁজ। এই আত্মনিবেদনে ভয় নেই, আছে নির্ভীকতার আনন্দ।

বিবেকানন্দ কবিতাটি শেষ করেছেন এই লাইনগুলো দিয়ে —

Who dares misery love,

And hug the form of Death,

Dance in Destruction’s dance,

To him the Mother comes.

এখানে “misery” বা দুঃখকে ভালোবাসা মানে জীবনের কষ্ট, সংগ্রাম, ব্যথা — এসব থেকে পালিয়ে না গিয়ে সেগুলিকে গ্রহণ করা। স্বামী বিবেকানন্দ বোঝাতে চাইছেন, প্রকৃত সাধক সে-ই যে জীবনের দুঃখকেই উপাসনার পথ করে নেয়। এখানে “Death” বা মৃত্যু হলো ভয়ের প্রতীক। যে ব্যক্তি মৃত্যুকে ভয় না পেয়ে, বরং তাকে আলিঙ্গন করতে প্রস্তুত, সেই প্রকৃত জ্ঞানী। মৃত্যুভয় জয় করলেই আধ্যাত্মিক মুক্তি সম্ভব। যে ব্যক্তি দুঃখ, মৃত্যু, এবং ধ্বংস — এই তিনটিকে নির্ভয়ে আলিঙ্গন করতে পারে, তার কাছেই মা কালী স্বয়ং আবির্ভূত হন। এই মায়ের কাছে যেতে ভয় নয়, প্রয়োজন নির্ভীকতা, আত্মনিবেদন ও সর্বত্যাগ। স্বামী বিবেকানন্দ এখানে বোঝাতে চাইছেন, কালী মা কেবলমাত্র তার কাছেই ধরা দেন, যে নির্ভয়ে জীবনের সব কষ্ট ও ধ্বংসকে গ্রহণ করতে পারে। এই দুঃখ, মৃত্যু ও বিনাশ — সবই আধ্যাত্মিক পথের অংশ। এগুলিকে আলিঙ্গন করতে পারলেই ঈশ্বরলাভ সম্ভব।

স্বামী বিবেকানন্দ এই কবিতায় মাতৃরূপকে ভয়ঙ্কর রূপে কল্পনা করলেও, এই ভয়ংকর রূপের মাঝেই তিনি উপলব্ধি করেন চরম মুক্তির সন্ধান। শাক্ত দর্শনের আলোকে এই কবিতা যেন আমাদের শেখায় — ভয় থেকে পালিয়ে নয়, ভয়কে গ্রহণ করেই মুক্তি লাভ সম্ভব। কালী মায়ের কাছে যেতে প্রয়োজন ভয় জয় করার সাহস, প্রয়োজন দুঃখ ও মৃত্যুকে আলিঙ্গনের মানসিকতা। আর এই আত্মসমর্পণ, এই ধ্বংস-নৃত্যে অংশগ্রহণই শেষপর্যন্ত হয়ে ওঠে চূড়ান্ত মুক্তির পথ। তাই কালী কেবল প্রলয়ঙ্করী নন — তিনি প্রলয়ের মাঝে জন্ম দেওয়া সেই চিরন্তন মা, যিনি অন্ধকার ছিন্ন করে জাগিয়ে তোলেন অনন্ত আলো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev