
অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় প্রস্তাবিত মেগা বাঁধ প্রকল্প ঘিরে রাজ্যটির বাসিন্দাদের একাংশের মধ্যে অসন্তোষ তীব্র আকার ধারণ করছে। এই বাঁধ নির্মাণ প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলন চলছে। এই আন্দোলনের প্রতি নাগাল্যান্ডের সংস্থাও সহমর্মিতা প্রকাশ করে বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সিয়াং উপত্যকায় এই মেগা বাঁধ তথা জলবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলে নতুন করে অশান্তি ডেকে আনে কিনা প্রশ্ন উঠছে তা নিয়েও। এদিকে ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলাপরিষদ এলাকার ভূমি সমস্যা সমাধানে গঠিত কমিটির রিপোর্টের দিকে এখন তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল। কমিটির সুপারিশের ভিত্তিতে পরিষদ এলাকার ভূমি সমস্যা সমাধানের দিশা মেলে কিনা সেদিকেই লক্ষ্য রয়েছে সবার।
বিভিন্ন ঘটনা ঘিরে মাঝে মাঝে উত্তর পূর্বাঞ্চল জাতীয় সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম দখল করে নেয়। আগে সন্ত্রাসবাদী তৎপরতার জন্য এই অঞ্চল যেমন শিরোনামে ছিল বর্তমানে অবশ্য তেমনটা দেখা যাচ্ছে না। উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদ জনিত পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে ইতিমধ্যেই। তবুও অন্যান্য নানা ইস্যুতে এই অঞ্চল মাঝে মাঝে গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করে নিচ্ছে। এর মধ্যে প্রথমেই মণিপুরের কথা উল্লেখ করা যায়। আজ বছর তিনেক যাবৎ জাতি সংঘাতে মণিপুর জেরবার। মৈতেই ও কুকি-জোদের মধ্যে জাতি সংঘাতে ২০২৩ সালে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যটি। এই অশান্তির সূত্রে রাজ্যে রাষ্ট্রপতির শাসন এবং পরে আবার সরকার গঠন হয়। কিন্তু জাতি সংঘাতের মাত্রা হ্রাস পায় নি। মৈতেই-কুকি জো সংঘাত স্তিমিত হয়ে এলেও সাম্প্রতিক কালে নাগা এবং কুকিদের মধ্যে জাতি সংঘাতের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। সব মিলিয়ে অশান্তির জন্য মণিপুর শিরোনাম দখল করেই আছে।
এবার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব ঘিরে অরুণাচল প্রদেশের বাসিন্দাদের একাংশের অসন্তোষের ঘটনা দেশের অন্যান্য অঞ্চলের মানুষের নজর কাড়ছে। অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণের প্রস্তাব ঘিরে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় জনজাতি সম্প্রদায়ের আশঙ্কা এ ধরণের উদ্যোগে তাদের জমি, বনভূমি, প্রকৃতি তথা তাদের জীবন ধারার সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। অরুণাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে সিয়াং। তিব্বতের হিমালয় অঞ্চলে এই নদীর উৎপত্তি। অরুণাচল প্রদেশের পর অসমে প্রবেশ করে এই নদী ব্রহ্মপুত্র নদের মূল প্রবাহের অংশ হয়ে উঠেছে। সিয়াং নদীকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশে একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিয়াং আপার মালটিপারপাস প্রোজেক্ট অর্থাৎ এসইউএমপি। প্রকল্পটির প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ১১,২০০ মেগাওয়াট। যদি রূপায়িত হয় তা হলে দেশের মধ্যে অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প হবে এটি। কিন্তু প্রকল্পের প্রাথমিক সমীক্ষা ও বাস্তবতা নিয়েই স্থানীয় মানুষের একাংশের মধ্যে প্রবল অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। চলতি বছরের অক্টোবরে এই আন্দোলন ঘিরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘাত ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হয়েছে। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে অরুণাচল প্রদেশের ‘আদি’ জনজাতি সম্প্রদায়ের মানুষ,যারা মনে করেন নদী,পাহাড় তাদের জীবন-সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তারা আশঙ্কা করছেন এই প্রকল্প রূপায়িত হলে তাদের জমিজমা,বসতবাড়ি জলের তলায় চলে যাবে। ২৭টি গ্রাম সম্পূর্ণ ডুবে যাবে। কোনও না কোনও ভাবে আরও প্রায় অর্ধশত গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে তারা বাস্তুচ্যুত হবে,জীবন-জীবিকায় সংকট ঘনীভূত হবে। সংকট দেখা দেবে তাদের ইতিহাস, সংস্কৃতি তথা সামাজিক পরিচয়েও। এছাড়াও ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে এ ধরণের মেগা বাঁধে পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয় মানুষের।
সিয়াং উপত্যকায় অবশ্য এ ধরণের বাঁধের প্রস্তাব ও তার বিরোধিতায় আন্দোলন নতুন নয়। গত প্রায় চার দশক ধরে এ ধরণের বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ও তার বিরোধিতা চলে আসছে। প্রায় দেড় দশক আগে এই আন্দোলনের নেতৃত্বে আসে সিয়াং ইন্ডিজেনাস ফার্মার্স ফোরাম। ২০২৬ সালে বিভিন্ন জনজাতি সংগঠন ও যুব সংগঠনের অংশ গ্রহণে বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা এক পৃথক মাত্রা পায়। সংশ্লিষ্ট সমীক্ষার উদ্যোগ ঘিরে আন্দোলনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘাত,কাঁদানে গ্যাস ব্যবহার, গ্রেপ্তার ইত্যাদি ঘটে যায়। মোতায়েন করতে হয় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী। এদিকে সিয়াং বাঁধ প্রকল্প প্রসঙ্গে সীমান্তের ওপারে চীনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়টি এসে যাচ্ছে। চীনের প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে তা হবে বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প। কিন্তু উজানে যদি চীন জল নিয়ন্ত্রণের পরিকাঠামো অর্থাৎ বাঁধ গড়ে তোলে তবে ভারতের নিম্ন অববাহিকায় তার বিরূপ প্রভাব পড়বে। সেদিক থেকে প্রস্তাবিত সিয়াং প্রকল্পকে ভারতের জলনিরাপত্তার এক কৌশলগত পদক্ষেপ হিসেবেও মনে করা যেতে পারে!
যাইহোক, বৃহত্তর উন্নয়নের স্বার্থে এই বাঁধ তথা জল বিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব করা হলেও স্থানীয় জনজাতি গোষ্ঠী প্রকল্পটির সম্পূর্ণ তথ্য প্রকাশ এবং তাদের সম্মতি গ্রহণ নিশ্চিত করতে চাইছেন। অর্থাৎ যে নদী ও পাহাড়কে কেন্দ্র করে শতাব্দীর পর শতাব্দী ধরে যাদের বসবাস সেই নদী-পাহাড়ের ভবিষ্যত নির্ধারণে সংশ্লিষ্ট বাসিন্দাদের ভূমিকা গ্রহণের দাবি উঠছে। অরুণাচল ইন্ডিজেনাস ট্রাইবস ফোরাম এ ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে আলাপ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার উপর গুরুত্ব দিয়েছে। নাগাল্যান্ড কমিউনিটি কনজার্ভড এরিয়াস ফোরাম অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকার বাসিন্দাদের প্রতি সংহতি প্রকাশ করে বলেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেন স্থানীয় ঐতিহ্যবাহী গ্রাম পরিষদের সিদ্ধান্তকে সম্মান জানায়। নাগাল্যান্ডের সংস্থাটি বলেছে তারা সিয়াং উপত্যকার বাসিন্দাদের পৈত্রিক জমিজমা ও জীবন-সংস্কৃতি রক্ষায় তাদের পাশে আছে। ফোরামটি জোর দিয়ে বলেছে সংশ্লিষ্ট প্রকল্পের ব্যাপারে স্থানীয় মানুষের উদ্বেগ এবং তাদের সম্মিলিত সিদ্ধান্ত সমূহে গুরুত্ব দেয়া প্রয়োজন। সিয়াং উপত্যকার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে ফোরাম বলেছে সংশ্লিষ্ট এলাকার জনগণের উদ্বেগের মূল ভিত্তি হল তাদের পূর্ব পুরুষদের জমি ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশ গ্রহণের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে হবে।
সিয়াং বাঁধ ও জল বিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ঘিরে আলাপ আলোচনার মাত্রা যে আগামী দিনে আরও বৃদ্ধি পাবে তা এখনই বলে দেয়া যায়। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য জনজাতি গোষ্ঠীও সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত প্রকাশ করবে। আসবে উন্নয়নের প্রশ্ন এবং জনজাতিদের শত শত বছরের প্রাচীন বসতি, জমি, সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার প্রশ্ন। উন্নয়ন অবশ্যই চাই, তবে বাকি বিষয়গুলোকে মোটেই উপেক্ষা করে নয়। শুধু সিয়াং উপত্যকা নয়, এর আগেও বাঁধ নির্মাণ কেন্দ্র করে দেশে আরও পরিবেশগত আন্দোলন হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের সুবনসিড়ি বাঁধ বিরোধী আন্দোলন এর মধ্যে উল্লেখযোগ্য। অসম ও অরুণাচল প্রদেশের সীমান্তে ২০০০ মেগাওয়াট জল বিদ্যুৎ প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরে ধাপে ধাপে আন্দোলন হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী প্রকল্পের মোট আটটি ইউনিটের মধ্যে প্রতিটি ২৫০ মেগা উৎপাদনক্ষম দুটি ইউনিট এ পর্যন্ত চালু হয়েছে। বাকি গুলো চলতি বছরে পর্যায়ক্রমে চালু হবার কথা। ত্রিপুরার ডম্বুর জল বিদ্যুৎ প্রকল্পের কথাও প্রসঙ্গত উল্লেখ করা যায়। ডম্বুর প্রকল্পের জন্য বহুসংখ্যক জনজাতি মানুষের বাস্তুচ্যুতি ঘটেছিল। পরবর্তী সময়ে এই সব বাস্তুচ্যুত মানুষের উপযুক্ত পুনর্বাসন নিয়েও অনেক কথা উঠেছে,অভিযোগ উত্থাপিত হয়েছে। সব মিলিয়ে জলবিদ্যুৎ প্রকল্পের কার্যকারিতার পাশাপাশি সম্ভাব্য ক্ষতির বিষয়ে,বিশেষত স্থানীয় মানুষের বাস্তুভিটা সহ তাদের জীবন-জীবিকার বিষয়টিকেও যথাযথ গুরুত্ব দিতে হবে।
এবার ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলাপরিষদ এলাকার ভূমি সমস্যার প্রসঙ্গে আসা যাক। রাজ্য, কেন্দ্র ও তিপ্রা মথার মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের অঙ্গ হিসেবে সম্প্রতি এডিসি এলাকার ভূমির অধিকার বিষয়ে কমিটি গঠিত হয়েছে এবং এক মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কমিটিকে। এডিসি এলাকার জনজাতিদের ভূমির অধিকার, জমির সুরক্ষা এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের উপায় উদ্ভাবনই কমিটির দায়িত্ব বলে মনে করা হচ্ছে। তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মণ এই কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। আগামী প্রজন্মের অধিকার রক্ষা এবং ত্রিপুরার মানুষের স্বার্থ সুরক্ষায় গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনও ব্যক্তি বা পরিবার যাতে অকারণে সমস্যায় না পড়েন তাও নিশ্চিত করতে হবে। সব মিলিয়ে এডিসি এলাকায় ভূমি সমস্যা সমাধানে রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে বৃহত্তর সামাজিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রদ্যোত কিশোর। বিভেদ নয়, রাজ্যের ভবিষ্যত গড়তে পারস্পরিক সহযোগিতার উপর জোর দিয়েছেন তিনি। যাইহোক, ভূমি সংশ্লিষ্ট সরকারি কমিটির রিপোর্টের দিকে এখন তাকিয় আছে রাজনৈতিক মহল। কমিটির সুপারিশ, সরকারের বিবেচনা, তিপ্রা মথার ভূমিকা এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া সব কিছুই আগামী দিনের রাজ্য রাজনীতির ঘটনা প্রবাহকে প্রভাবিত করবে বলে ধারণা করা যায়।