
প্রথম পর্ব : বিলের বুকজুড়ে সবুজের সংসার
দুখনার চোখের সামনে যেন হু হু করে শুকিয়ে গেল সর্দারনি বিলের জল। বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল তার। জন্মাবধি এই বিলের ভরা শরীর দেখে এসেছে সে। বর্ষা এলেই চারদিক থেকে জল এসে বিলটাকে ভরিয়ে দিত। থইথই জলের ওপর ফুটে থাকত অজস্র পদ্মফুল আর শাপলা। কোথাও কোথাও বাতরাজের সবুজ আস্তরণে ঢাকা পড়ে যেত জলের মুখ। বিলের চটান জমিতে মাথা তুলে দাঁড়াত বাকৈ ধানের গাছ। বাতাসের দোলায় সেই ধানগাছগুলো এমনভাবে নড়ে উঠত, যেন বিলের বুকজুড়ে সবুজ ঢেউ আছড়ে পড়ছে।
সেই ধানগাছের ফাঁকে ফাঁকে বালিহাঁসের ঝাঁক নেমে আসত। কচি ধানগাছ কেটে তারা বাসা বানাত। তারপর ডিম পাড়ত, ডিম ফুটে ছানা বেরোত। মা হাঁসের পেছনে পেছনে ছোট ছোট ছানাদের সাঁতার কাটার দৃশ্য ছিল দেখার মতো। বিলের জলজ উদ্ভিদ, মাছ, পাখি আর ধানগাছ মিলেমিশে এক আশ্চর্য প্রাকৃতিক সংসার গড়ে তুলেছিল। কয়েকটি মেছেল পরিবার এই বিলের মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তাদেরই একজন সনা মেছেল। ভোরের আলো ফুটতেই ডিঙি নিয়ে বিলে নেমে পড়ত সে। কখনও জালে উঠত শোল, ট্যাংরা, মাগুর, কখনো বা কই, শিঙি।
দুখনার বাড়ি বহরমপুর থানার শ্রীপুরডাঙ্গায়। সর্দারনি বিলের মধ্যে তার দু-বিঘে জমি ছিল। অবস্থাপন্ন চাষি বলতে যা বোঝায়, দুখনা ছিল তাই। নিজের লাঙল, বলদ, শ্যালো মেশিন — সবই ছিল তার। দুই ছেলে বাবার সঙ্গে মাঠে-ঘাটে খাটত। তিন বাপ-বেটার পরিশ্রমে সংসারে স্বচ্ছলতা এসেছিল। ধানের গোলা ভরা থাকত, গোয়ালে গরু, উঠোনে খড়ের গাদা। অভাব-অনটন তাদের সংসারে বিশেষ মাথা তুলতে পারত না।
কিন্তু দুখনার কাছে জমির চেয়েও বড় সম্পদ ছিল সর্দারনি বিল। বিলের সঙ্গে তার সম্পর্ক শুধু চাষবাসের নয়, ছিল প্রাণের সম্পর্ক।
এখন তার বয়স বাহাত্তর। বিকেলের দিকে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে প্রায়ই বিলের পাড়ে এসে দাঁড়ায় সে। কিন্তু এখন আর সেই বিল নেই। ছোট ছোট প্লটে ভাগ হয়ে গেছে তার বুক। কেউ মাছ চাষের জন্য পুকুর কেটেছে, কেউ জমি ভরাট করে নিজের মতো করে সীমানা তৈরি করেছে। বাঁধের আলে কলাগাছ, পেঁপেগাছ, নারকেলগাছ লাগানো হয়েছে। সেগুলোর বাড়বাড়ন্তও চোখে পড়ার মতো। চারদিকে মানুষের নতুন জীবিকার চিহ্ন। অথচ বিলের পুরোনো চেহারাটা কোথায় যেন হারিয়ে গেছে।
সেদিনও দুখনা দাঁড়িয়ে ছিল বিলের ধারে। পাশ দিয়ে গ্রামের একজন চাষি যাচ্ছিল। তাকে দেখে বলল,
— কী গো দুখনা কাকা, এখানে দাঁড়িয়ে কী দেখচো ?
দুখনা একটু হেসে বলল, আর কী দেখব ! লিজের ছুটোবেলার সংসারটাকে খুঁজছি।
— সে আবার কী কথা?
— তুরা এই বিলের পুরোনো চেহারা দেখিসনি। বর্ষার সুমায় একবার দেখলে বুঝতি, কী জিনিস ছিল এই সর্দারনি বিল!
চাষি বলল, এখন তো মাছের পুকুর হয়েছে। লোকজনের রোজগার হোচে। এটাই তো উন্নতি।
দুখনা মাথা নাড়ল।
— তা হোক। মানুষের রোজগার হোক, তাতে আপত্তি নাই। কিন্তু একটা গুটা বিলের যে কত রকমের প্রাণ ছিল, সে হিসাব কে রাখে বোল?
কথাটা বলেই সে চুপ করে গেল। তার চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের এক বর্ষার সকাল। সেই সময় বিলের চেহারা ছিল অন্যরকম। সেই স্মৃতির পথ ধরেই দুখনা ফিরে গেল তার অতীতে।
দ্বিতীয় পর্ব : অতীতের বুকে বাকৈ ধানের ঘ্রাণ
সেবার বৃষ্টি হয়েছিল প্রচুর। আষাঢ় থেকে শ্রাবণ পর্যন্ত আকাশের মুখ ভার। মাঝেমধ্যে মেঘের গর্জন, ঝমঝম বৃষ্টি, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল সর্দারনি বিলের জল। বিলের চটান জমিতে বাকৈ ধানের গাছের বাড়বাড়ন্ত দেখে দুখনার মন আনন্দে ভরে উঠেছিল। কোথাও হাঁটুসমান জল, কোথাও তার চেয়েও বেশি। সেই জলের মধ্যে ধানগাছের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দেখে মনে হতো, বিল যেন সবুজ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে।
এদিকে বালিহাঁসের ঝাঁকও এসে পড়েছে। শয়ে শয়ে বালিহাঁস বিলের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। কচি ধানগাছ কেটে বাসা বানাচ্ছে। ডিম পাড়ছে। কোথাও মা হাঁস ছানাদের নিয়ে জলের ওপর ভেসে বেড়াচ্ছে।
একদিন সকালে দুখনার বড় ছেলে রঘুনাথ মাঠে যাওয়ার সময় বলল, — বাবা, উই যে বিলের দক্ষিণ দিকটায় হাঁসের দল নেমেছ্যে, দেখেছ্য? কচি ধানগাছ সব কেটে ফ্যালাইছে।
দুখনা হেসে বলল, — দেখতে তো পেছি। উয়াদের তো সংসার আছে রে।
— কিন্তুক এত ধান লষ্ট করলে আমাদের ক্ষতি হবে না?
— কিছুট্যা তো হবেই। তবে সব হিস্যাব কি শুধু লিজের লাভ দিয়ে করতে হয়? উরাও তো এই বিলেরই পিরাণ।
ছোট ছেলে অমল পাশ থেকে বলল, — গ্রামের কয়েকজন চাষি নাকি হাঁস ধরার জন্যে জাল টাঙিয়েছে।
দুখনার মুখটা গম্ভীর হয়ে উঠল।
— হ্যাঁ, শুনেছি। আমি কিন্তুক কুনুদিন ওই কাজ করিনি। পাখিরা আসে, বাসা বানায়, ছানা তুলে। উয়াদের মেরে বা ধরে ফেলে কী লাভ? এই বিল শুধু আমাদের একার লয়।
দুখনা প্রকৃতির সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করত। তাই নিজের জমিতে হাঁসের ক্ষতি হলেও সে কখনও
জাল টাঙিয়ে পাখি ধরার কথা ভাবেনি।
সেদিন তিন বাপ-বেটা ডিঙি নিয়ে বিলে নেমেছিল ধান কাটতে। হাতে ধারালো কাস্তে। ডিঙি থেকে একের পর এক ধানগাছ কেটে আঁটি বাঁধছিল তারা। ঝপাঝপ কাস্তে চলছিল। কাটা ধানের আঁটিগুলো নৌকায় তুলে বিলের ধারে নিয়ে এসে জমা করা হচ্ছিল।
বিলের ধারে ভেজা ধানের আঁটিগুলো মেলে দেওয়া হল। একটু রোদ পেলে শুকিয়ে যাবে। তারপর গরুর গাড়িতে করে বাড়ি নিয়ে যাওয়া হবে।
ছোট ছেলে অমল ধানের আঁটির দিকে তাকিয়ে বলল, — বাবা, এই ধানগুলান তো পিটানো যাবে না। গাছের সঙ্গে শিষের বাঁধন বেশ শক্ত।
দুখনা বলল, — ঠিকই বুলেছিস। এই ধান মেশিনে বা লাঠি দিয়ে পিটিয়ে ঠিকমুতো বের করা যায় না। গরু দিয়ে মলন দিতে হবে। মলনই একমাত্র উপায়।
বড় ছেলে বলল, — এখুন তো কত রকমের মেশিন বেরিয়েছে। মলনের এত ঝামেলা কে করে বাবা?
দুখনা হেসে বলল, — মেশিনের কাজ মেশিন করবে, আর এই ধানের কাজ মলনেই ভালো হবে। তাছাড়া মলন দেওয়ার একটা আলাদা আনন্দ আছে। তুরা এখনও বুঝবি ন্যা।
ছোট ছেলে বলল, — সে আবার কেমুন আনন্দ?
— রাতভর গরুর পায়ের নিচে ধান ঝরে পড়বে। ধানের গন্ধে খোল্যান ভরে যাবে। ভোরের আলোয় যখন চকচকে দানা দেখতে পাবি, তখন বুঝবি।
তিনজনেই কাজে মন দিল। দুপুরের রোদ মাথার ওপর উঠেছে। ভেজা ধানের আঁটিগুলো ধীরে ধীরে শুকোচ্ছে। দূরে কয়েকটি বালি হাঁস ছানা নিয়ে জলের মধ্যে সাঁতার কাটছে। দুখনা একবার তাকিয়ে বলল, — ওই দ্যাখ, কী সুন্দর! এই দৃশ্য দেখার জন্যই তো বিলে আসতে ভালো লাগে।
বড় ছেলে হেসে বলল, — বাবা, তোমার ধান কাটার চেয়ে হাঁস দেখতেই বেশি ভালো লাগে মুনে হছে।
— ধান আমার প্যাট ভরায়, আর হাঁস আমার মুন ভরায় রে!
বিকেলের দিকে ধানের আঁটিগুলো গরুর গাড়িতে তোলা হল। বলদের গলায় বাঁধা ঘণ্টা টুংটাং শব্দ তুলতে লাগল। গাড়ি এগিয়ে চলল শ্রীপুরডাঙ্গার পথে। দুখনা জানত, বাড়িতে পৌঁছেই কাজ শেষ হবে না। বরং শুরু হবে আরেক পর্বের পরিশ্রম। ধান মলন দিতে হবে। সেই পরিশ্রমের জন্য তার মনে কোন ক্লান্তি ছিল না।
তৃতীয় পর্ব : গোলাভরা ধান, বুকভরা স্মৃতি
সেই বছর সর্দারনি বিলে প্রচুর ধান ফলেছিল। বাকৈ ধানের শিষগুলো ছিল বেশ মোটা, দানাগুলোও চকচকে। তিন বাপ-বেটা মিলে কেটে আনা ধানগাছগুলো গরুর গাড়িতে করে বাড়িতে নিয়ে এসে খোলানে বড় বড় গাদা করে রাখল। খড়ের গন্ধে ভরে উঠল উঠোন। বাড়ির লোকজনের মুখেও আনন্দের ছাপ। কারণ তারা জানত, এ বছর গোলায় ধানের অভাব হবে না।
দুখনা ঠিক করল, পরদিন থেকে মলন দেওয়া শুরু হবে।
রাত গভীর হতে না হতেই তার ঘুম ভেঙে গেল। চারদিকে তখন নিস্তব্ধতা। দূরের কোন বাড়িতে কুকুরের ডাক শোনা যাচ্ছে। আকাশে তখনও তারার আলো। দুখনা চুপচাপ উঠে গোয়ালঘরে গেল। গরু দুটোকে বের করে আনল। তাদের গলায় বাঁধা হল জোয়াল। তারপর মলনের সঙ্গে জুড়ে দিল।
খোলানের মাঝখানে ধানগাছগুলো গোল করে সাজানো হয়েছে। গরু দুটোকে ঘুরতে দেওয়া হল। শুরু হল মলন।
গরু ঘুরছে, মলন ঘুরছে, ধীরে ধীরে ধানের শিষ থেকে ঝরে পড়ছে দানা। দুখনার দুই ছেলে পাশে দাঁড়িয়ে ধানগাছগুলো নাড়াচাড়া করছে। কখনও একদিকে সরিয়ে দিচ্ছে, কখনও উল্টে দিচ্ছে। এতে গরুর পায়ের নিচে সব ধান ভালভাবে পড়ছে।
বড় ছেলে বলল, — বাবা, এই দিকের গাছগুলান একটু সরাতে হবে। সব শিষ ঠিকমতো মলনের নিচে পড়ছে না।
দুখনা বলল, — হ্যাঁ রে, ভালো করে লেড়্যে দে। মলনের কাজ ঠিকঠাক না হলে ধান গাছেই থেক্যে যাবে।
ছোট ছেলে একটু ক্লান্ত গলায় বলল, — বাবা, আর কতক্ষুণ চলবে?
দুখনা হেসে উত্তর দিল, — চাষের কাজের কি কোনো সুমায় আছে রে? ধান গুলায় না ওঠা পর্যন্ত ঘুমের কথা ভাবিস ন্যা।
রাত বাড়তে লাগল। গরুর পায়ের নিচে জমতে লাগল মোটা মোটা বাকৈ ধান। অন্ধকারের মধ্যে কুপির আলোয় দানাগুলো ঝিকমিক করছিল। দুখনা মাঝে মাঝে নিচু হয়ে একমুঠো ধান তুলে হাতে নিত। আঙুলের ফাঁকে দানাগুলো ঘুরিয়ে দেখত। তার চোখেমুখে ফুটে উঠত তৃপ্তি।
— আহা! কী দানা হয়ছে রে! এমুন ধান হলে আর সারা বছর চিন্তা নাই।
বড় ছেলে বলল, — বাবা, এ বছর তো গুলা একেবারে ভরে যাবে।
— ভরবে না মানে! এই ধানই তো আমাদের সারা বছরের ভরসা।
ভোররাত পর্যন্ত চলল মলনের কাজ। তারপর ধান ঝেড়ে, পরিষ্কার করে গোলায় তোলা হল। খড় আলাদা করে রাখা হল গরুর খাবারের জন্য। উঠোনে জমে উঠল ধানের স্তূপ। দুখনা একবার গোলার দিকে তাকিয়ে মনে মনে হিসাব করল। সারা বছরের চালের জোগান হয়ে যাবে। সংসারে আর চিন্তা কী!
সেই দিনগুলো ছিল পরিশ্রমের, কিন্তু আনন্দেরও। ধান কাটা, আঁটি বাঁধা, গরুর গাড়িতে করে বাড়ি আনা, তারপর রাত জেগে মলন দেওয়া — সবকিছুর মধ্যেই ছিল এক ধরনের পারিবারিক বন্ধন। তিন বাপ-বেটা একসঙ্গে কাজ করত। কাজের ফাঁকে গল্প, হাসি, ঠাট্টা চলত। সেইসব রাত যেন আজও দুখনার স্মৃতির উঠোনে জেগে আছে।
কিন্তু সময়ের স্রোত কাউকে থামতে দেয় না। ধীরে ধীরে বদলে গেছে চাষের ধরন, বদলে গেছে মানুষের জীবনযাত্রা। বিলের জমি ছোট ছোট প্লটে ভাগ হয়েছে। কোথাও পুকুর, কোথাও মাছের ঘের। ধানগাছের সেই সবুজ বিস্তার আর চোখে পড়ে না। বালি হাঁসের ঝাঁকও আর আগের মতো আসে না।
শেষ বিকেলে দুখনা আবার তাকাল বিলের দিকে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বাতাসে পুকুরপাড়ের কলাপাতাগুলো নড়ছে। দূরে কয়েকটি নারকেলগাছের মাথায় আলো পড়েছে। সবই আছে, অথচ কিছুই যেন আগের মতো নেই।
তার মনে পড়ে গেল সেই মলনের রাত। গরুর গলার ঘণ্টা, দুই ছেলের ব্যস্ত হাত, কুপির আলোয় চকচক করা বাকৈ ধান, আর গোলাভরা নতুন ফসলের আনন্দ।
হঠাৎ বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল।
সে নিচু হয়ে বিলের মাটি থেকে একমুঠো ধুলো তুলে হাতের তালুতে মাখল। তারপর আপনমনেই বলে উঠল, — কুথায় গেল রে সেই দিনগুলান ? কুথায় গেল সেই মুটা মুটা চকচকে বাকৈ ধান? আর কুথায় গেল সেই মলনের রাত?
কেউ তার কথার উত্তর দিল না। শুধু দূরে একটা পাখি ডেকে উঠল। দুখনা সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ।
তারপর ধীরে ধীরে বাড়ির পথ ধরল।
সর্দারনি বিলের বুক থেকে হারিয়ে গেছে ধানের সবুজ সমুদ্র, হারিয়ে গেছে মলনের দিন। কিন্তু দুখনার স্মৃতিতে আজও সেই বিল ভরা জলে টলমল করে। আজও তার কানে বাজে বলদের গলার ঘণ্টা। আজও তার চোখে ঝলমল করে গরুর পায়ের নিচে ঝরে পড়া সোনার মতো বাকৈ ধান।
ধানের গোলা একদিন শূন্য হয়ে যেতে পারে, বিলের জলও শুকিয়ে যেতে পারে, কিন্তু মাটির সঙ্গে মানুষের যে আত্মীয়তা — তা কখনো মুছে যায় না। দুখনার কাছে সেই আত্মীয়তারই আরেক নাম মলনের ধান।