“আইনি ক্ষমতার অভাব — সংসদীয় আইনের অত্যন্ত অস্পষ্ট ও সন্দেহজনক ব্যাখ্যার মাধ্যমে প্রাপ্ত ক্ষমতাটুকু ছাড়া — এবং দেওয়ানি আদালতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাঁদের দাপ্তরিক দায়িত্ব পালনের সময় ব্যক্তিগতভাবে যেসব ঝুঁকির সম্মুখীন হতে হয়, মূলত এ দুটি কারণই তাঁদের দায়িত্ব পালনে শৈথিল্যের এবং অনেক ক্ষেত্রে তাঁদের কর্তৃত্বের প্রতি প্রকাশ্যে অবজ্ঞার প্রধান হেতু হয়ে দাঁড়িয়েছে। এখন থেকে তাঁরা পূর্ণ আত্মবিশ্বাসে কাজ করবেন; আর তাঁদের কার্যপ্রণালী যখন সুপ্রিম কোর্টের প্রধান সদস্যের অনুমোদন ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত হবে — এবং যেসব মামলা আপিলের মাধ্যমে তাঁর সামনে পেশ করা হবে, সেগুলোর ক্ষেত্রে যখন তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ ও নির্দেশনার বিধান থাকবে — তখন আর কোনো ব্যক্তিই তাঁদের কাজ করার অধিকারকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখাবে না।” তাদের একজন প্রশিক্ষকের একান্ত প্রয়োজন; আর এমন একটি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধান বিচারপতির অসামান্য যোগ্যতার বিষয়ে কেউ-ই বিন্দুমাত্র সন্দেহ পোষণ করবেন না।
“এটি বোর্ড এবং সুপ্রিম কোর্টের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার মাধ্যম হিসেবে কাজ করবে — যে দূরত্ব সম্ভবত, উভয় পক্ষের স্ব-আরোপিত অস্পষ্ট ক্ষমতাগুলোর চেয়েও অধিক মাত্রায়, সেই নমনীয় ও সমঝোতাপূর্ণ মনোভাবের অভাবের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল, যা প্রকৃতপক্ষে তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিস্তার করা উচিত ছিল।”
“ Court সাথে আমরা দুর্ভাগ্যবশত যে বিরোধে জড়িয়ে পড়েছিলাম, তা একসময় এতটাই উদ্বেগজনক রূপ ধারণ করেছিল যে, আমার বিশ্বাস — বোর্ডের প্রতি সদস্যই আশঙ্কা প্রকাশ করছিলেন যে, এর ফলে সরকারের শান্তি ও সম্পদ সংগ্রহে অত্যন্ত ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। বর্তমানে যদিও সেই বিরোধের অবসান ঘটেছে, তবুও আমরা নিশ্চিত হতে পারছি না যে, এই শান্ত পরিস্থিতি বর্তমান অবকাশকালীন সময়ের পরেও অটুট থাকবে কি না; কারণ সেই বিভেদের মূল কারণ ও উপাদানগুলো এখনো বিদ্যমান। আর ঠিক এই সংকটময় মুহূর্তে — আমাদের অন্য সমস্যার পাশাপাশি — যদি সেই বিরোধ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে এবং তা চরম পর্যায়ে পৌঁছায়, তবে তা আমাদের জন্য প্রাণঘাতী প্রমাণিত হতে পারে।
“আমি বোর্ডের কাছে যে প্রস্তাবটি পেশ করেছি, সেটা আদালতের সাথে সমঝোতা স্থাপনের একটি মাধ্যম হিসেবে কাজ করতে পারে — বরং আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে, এটি নিশ্চিতভাবেই সেই ভূমিকা পালন করবে। এই প্রস্তাব কার্যকর হলে, এমন সব ব্যক্তির ওপর বিচার এখতিয়ার প্রয়োগের আর কোনো প্রয়োজন হবে না, যাঁদের সংসদীয় আইনের (Act of Parliament) আমাদের নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী এই এখতিয়ারের আওতামুক্ত রাখা হয়েছে। এটি বিচার প্রক্রিয়াকে সহজতর ও অধিকতর গতিশীল করে তুলবে; এটি বোর্ডের সদস্যদের দুশ্চিন্তা লাঘব করবে এবং তাঁদের হাতে এমন সব কাজের জন্য অধিকতর অবসর এনে দেবে, যা অধিকতর জরুরি এবং সরকারের মূলনীতি ও প্রকৃতির সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ। সর্বোপরি, এর ফলে আদালতের ক্ষমতার কোনো অতিরিক্ত বৃদ্ধি ঘটবে না।” …যেখানে ক্ষমতার সেই অংশ — যা আদালতের কেবল এক একক সদস্যকে অর্পণের প্রস্তাব করা হয়েছে — বোর্ড যখনই তা পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া সঙ্গত মনে করবে, তখনই তা প্রত্যাহার করে নিতে পারবে।
জেনারেল স্যার আয়ার কুট একটি সাময়িক ব্যবস্থা হিসেবে গভর্নর-জেনারেলের এই প্রস্তাবের প্রতি তাঁর সম্মতি জ্ঞাপন করেন; কিন্তু অপর দুই সদস্য বিভিন্ন যুক্তিতে এর বিরোধিতা করেন। হুইলার এই পরিকল্পনার প্রশ্নবিদ্ধ বৈধতার বিষয়টি বিশদভাবে তুলে ধরেন এবং জোরালোভাবে মত প্রকাশ করেন যে, প্রধান বিচারপতিকে সদর দেওয়ানি আদালতেরও সভাপতিত্ব করার দায়িত্ব দেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে, তা ‘রেগুলেটিং অ্যাক্ট’-এর মূল চেতনার পরিপন্থী। একজন ইংরেজ আইনজীবী হিসেবে তিনি ভবিষ্যদ্বাণী করছেন যে, নিশ্চিতভাবেই দেশীয় আদালতগুলোতে বিজাতীয় ইংরেজ আইন প্রবর্তন করবেন এবং এর ফলে “সরকার হয়তো দেশীয় জনগণের দৃষ্টির আড়ালে বড্ড বেশি ঢাকা পড়ে যাবে।” ইম্পেকে এই পদে নিয়োগ দেওয়া হলে হয়তো কার্যনির্বাহী বিভাগ ও বিচারকদের মধ্যকার সংঘাতের ক্ষেত্র থেকে ইম্পে সরে দাঁড়াতে পারেন; কিন্তু নীতিগতভাবে, বিরোধের সেই পুরনো কারণগুলো অটুটই থেকে যাবে। ফিলিপ ফ্রান্সিস এই পরিকল্পনার বিরোধিতা করে একে “কশীজোড়া রাজার মামলায় আমরা যা কিছু বলেছি ও করেছি, তার সরাসরি বিরোধিতা, বিসর্জন” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশীয় জনগণ মনে করবে এই পদক্ষেপ আদতে সুপ্রিম কোর্টের আগ্রাসনের কাছে নতি স্বীকার। এই পরিকল্পনার ফলে আপিল আদালত এবং একটি তত্ত্বাবধায়ক বোর্ডের দায়িত্বাবলির মধ্যে এক অবাঞ্ছিত বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হবে; এটি প্রধান বিচারপতিকে কোম্পানির কাজকর্মের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষমতা দেবে এবং এর ফলে প্রধান বিচারপতি নিজেকে অসম্ভব ও উভয়সংকটপূর্ণ অবস্থানে দেখবেন। প্রধান বিচারপতি হিসেবে তিনি হয়তো নিজেকে এমন একজন ব্যক্তিকে মুক্তি দেওয়ার জন্য ‘হেবিয়াস কর্পাস’ (বন্দি-প্রত্যর্পণ পরোয়ানা) জারি করতে বাধ্য মনে করবেন — যাকে তিনি নিজেই দেওয়ানি আদালতের বিচারক হিসেবে কারারুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। একদিকে স্যার এলিজা হয়তো দেওয়ানি মামলাগুলোকে সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত করে সেখানে নিয়ে আসবেন; অন্যদিকে, সুপ্রিম কোর্টের অন্য বিচারক — যাঁরা তাঁদের সমস্ত ক্ষমতা অক্ষুণ্ণ রেখেছেন এবং যে একই নীতিবোধ দ্বারা চালিত হয়ে তাঁরা এতদিন এই দুটি সর্বোচ্চ সংস্থার মধ্যে সংঘাত সৃষ্টি করছিলেন — তাঁরা তাঁদেরই মধ্য থেকে একজনকে এক নতুন এবং গুরুত্বপূর্ণ পদের জন্য বেছে নেওয়ার এই পক্ষপাতদুষ্ট নির্বাচনে ক্ষুব্ধ হবেন এবং সম্ভবত আরও বেশি উত্তেজিত হবেন। এমন কিছু পূর্বনির্ধারিত ও মৌলিক কারণ ছিল, যার ভিত্তিতে একজন একক আপিল বিচারক নিয়োগের বিষয়টি আপত্তিকর হিসেবে গণ্য হতে পারত; তাছাড়া, কাউন্সিল বা পরিষদের হাতে এমন একজন বিচারককে যখন-তখন অপসারণ করার যে অবাধ ক্ষমতা থাকবে, তা তাঁকে “দুর্নীতিগ্রস্ত পরিষদের হাতে নিপীড়নের হাতিয়ারে” পরিণত করবে।
আয়ার কুটের সমর্থনে, হেস্টিংস তাঁর নির্ণায়ক ভোটের (casting vote) মাধ্যমে নিজের প্রস্তাবটি পাস করিয়ে নেন; (এই পরিবর্তনের কার্যকরকারী নতুন বিধিমালা — যা ১৭৮০ সালের ৩রা নভেম্বর পাস হয়েছিল — তা কোলব্রুকের Op. cit. গ্রন্থের ২২-২৭ পৃষ্ঠায় পাওয়া যাবে।) এবং অক্টোবর মাসে ইম্পে প্রস্তাবিত পদ গ্রহণ করেন। বিগত ঘটনাবলির প্রেক্ষাপটে, তিনি এই প্রস্তাবকে কাউন্সিলের পক্ষ থেকে তাঁর পূর্ববর্তী বিরোধিতার সততা ও আন্তরিকতা সম্পর্কে তাদের প্রকৃত মতামতের কৃতজ্ঞতাপূর্ণ প্রমাণ হিসেবেই গণ্য করেছিলেন। (মিল — হেস্টিংসের কার্যবিবরণীর (minute) সেই অংশের উল্লেখ করে, যেখানে “বিপজ্জনক পরিণতি” ইত্যাদির কথা বলা হয়েছিল এবং যা “কাউন্সিল ও আদালতের মধ্যকার বিরোধ থেকে উদ্ভূত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল” — মন্তব্য করেন: “এই প্রস্তাবের মূলে যে গুরুতর অভিযোগটি নিহিত ছিল এবং যা গভর্নর-জেনারেল প্রধান বিচারপতির ওপর আরোপ করেছিলেন, তা ছিল এতটাই অসম্মানজনক যে, এমনকি জঘন্যতম চরিত্রের কোনো মানুষের ওপরও এর চেয়ে কলঙ্কজনক অপবাদ আর কখনো নিক্ষিপ্ত হয়নি।” মিল: Op. cit., খণ্ড ৪, পৃষ্ঠা ২৪৬। মিল হেস্টিংসের কথার এমন এক অর্থ করেছেন, যা প্রকৃতপক্ষে হেস্টিংস বোঝাতে চাননি; মিলের মতে, হেস্টিংস বোঝাতে চেয়েছিলেন যে, একটি বেতনভুক্ত ও গুরুত্বপূর্ণ পদের প্রস্তাব দিলেই ইম্পেকে তাঁর সেই উচ্চ-আদর্শিক নীতিগুলো থেকে সরিয়ে আনা সম্ভব হবে — যা তিনি সুপ্রিম কোর্টের এখতিয়ার বিস্তারের লক্ষ্যে প্রচার করেছিলেন — এবং এর মাধ্যমে তাঁকে কোম্পানির একজন বশংবদ ও অনুগত কর্মচারীতে পরিণত করা যাবে। হেস্টিংস আসলে যা বোঝাতে চেয়েছিলেন তা হলো – কোম্পানির পক্ষ থেকে দক্ষ আপিল আদালত (Court of Appeal) প্রতিষ্ঠার ব্যবস্থা করা হলে সেইসব অনিয়ম ও অব্যবস্থা দূর হবে, যা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের সুযোগ তৈরি করত এবং যার ফলে কোম্পানির নির্বাহী বিভাগ ও রাজার নিযুক্ত বিচারকদের মধ্যে সংঘাত তৈরি করত। হেস্টিংসের বক্তব্যের অর্থ বিকৃত করে মিল বলেন: “এমন একটি প্রস্তাবের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই এই আপত্তি তোলা যেত যে, প্রধান বিচারপতি কখনোই এতে সম্মত হবেন না।” এটি প্রচ্ছন্ন ইঙ্গিত, হেস্টিংস জানতেন প্রধান বিচারপতিরও ‘মূল্য’ (price) আছে — অর্থাৎ অর্থের বিনিময়ে তাঁকে কেনা সম্ভব। পক্ষান্তরে, ইম্পে এই পদ গ্রহণের আমন্ত্রণকে নিজের জন্য অত্যন্ত সম্মানজনক ও গৌরবের বিষয় হিসেবেই বিবেচনা করেছিলেন।) এখানে একটা বিষয় উল্লেখ করা প্রাসঙ্গিক যে, সদর দেওয়ানি আদালতের বিচারক পদের প্রস্তাবের সাথে আলাদা কোনো বেতনের প্রস্তাব যুক্ত ছিল না। সেপ্টেম্বর মাসের পরামর্শ-সভায় হেস্টিংস সুপারিশ করেছিলেন যে, এই পদের জন্য মাসিক ৫,০০০ সিক্কা টাকা বেতন নির্ধারণ করা হোক; কিন্তু সেই প্রস্তাবটি বিবেচনার বিষয়টি পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখা হয়েছিল। ১২ই নভেম্বর নিজের ভাইকে লেখা এক চিঠিতে ইম্পে বলেন: “আমাকে কোনো আর্থিক ক্ষতিপূরণ প্রস্তাব করা হয়নি; তবে আমি মনে করি না যে, আমার এই পরিশ্রমের কোনো প্রতিদান দেওয়া হবে না — এমন কোনো অভিপ্রায় রয়েছে।”
চলবে
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট ফ্রম দ্য সিলেক্ট কমিটি অন দি অ্যাফেয়ার্স অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সংক্ষেপে দ্য ফিফথ রিপোর্ট।

বিশ্বেন্দু নন্দ